আয় গোপন করে স্বামীর কাছে খোরপোশের দাবি, কলকাতা হাই কোর্টে ধাক্কা স্ত্রীর! ৪৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ খারিজ

আয় গোপন করে স্বামীর কাছে খোরপোশের দাবি, কলকাতা হাই কোর্টে ধাক্কা স্ত্রীর! ৪৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ খারিজ

নিজের উপার্জনের তথ্য গোপন করে স্বামীর কাছ থেকে খোরপোশ দাবি করেছিলেন স্ত্রী। কিন্তু মামলার শুনানিতে জানা গেল, বেঙ্গালুরুর একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ওই তরুণীর মাসিক বেতন স্বামীর থেকেও বেশি। এই তথ্য সামনে আসতেই খোরপোশ দেওয়ার নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। শুধু তা-ই নয়, আদালতকে বিভ্রান্ত করার অভিযোগে স্ত্রীকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস এই নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছে। ২০২২ সালের ৫ এপ্রিল স্বামীর কাছ থেকে খোরপোশ চেয়ে আলিপুর আদালতে মামলা দায়ের করেন স্ত্রী। তাঁর দাবি ছিল, তিনি কোনও উপার্জন করেন না এবং আর্থিক ভাবে সম্পূর্ণ স্বামীর উপর নির্ভরশীল। সেই কারণে মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা খোরপোশ দাবি করেছিলেন তিনি। ২০২৪ সালে আলিপুর আদালত স্বামীকে প্রতি মাসে ৪৫ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন স্বামী।

হাই কোর্টে মামলার শুনানিতে স্বামীর আইনজীবী অরিন্দম জানা অভিযোগ করেন, তাঁর মক্কেলের স্ত্রী চাকরি করলেও আদালতের কাছে নিজের প্রকৃত আয়ের তথ্য গোপন করেছেন। পরবর্তী সময়ে মামলার নথি খতিয়ে দেখে জানা যায়, ওই তরুণী বেঙ্গালুরুর একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। ২০২৬ সালের অগস্ট মাসে তাঁর মাসিক বেতন ছিল প্রায় ১ লক্ষ ৭৫ হাজার ৫৯৪ টাকা। অন্য দিকে, স্বামীর মাসিক আয় প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা।

স্ত্রীর তরফে আদালতে জানানো হয়, আইনজীবীর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণেই তাঁর উপার্জন সম্পর্কে ভুল তথ্য হলফনামায় জমা পড়েছিল। তবে সেই যুক্তি গ্রহণ করেনি হাই কোর্ট।

বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের পর্যবেক্ষণ, স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা বি-টেক এবং এমসিএ। ফলে তাঁর আইনজীবীর জমা দেওয়া হলফনামায় কী তথ্য রয়েছে, তা না জানার কথা নয়। ইচ্ছাকৃত ভাবেই নিজের প্রকৃত আয় গোপন করেছেন তিনি। নিজেকে বেকার হিসেবে তুলে ধরে খোরপোশ আদায়ের চেষ্টা করেছেন, যা আদালতের কাছে বিস্ময়কর।

এর পরেই আলিপুর আদালতের অন্তর্বর্তী খোরপোশ সংক্রান্ত নির্দেশ খারিজ করে দেয় হাই কোর্ট। বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, স্বামীকে আর প্রতি মাসে ৪৫ হাজার টাকা করে খোরপোশ দিতে হবে না। পাশাপাশি, আদালতকে বিভ্রান্ত করার জন্য স্ত্রীকে ২০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.