হার্দিক পাণ্ড্যকে ছেড়ে দেওয়ার পর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এর মধ্যেই সমাজমাধ্যমে দলের একটি রহস্যময় পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। মুম্বইয়ের প্রকাশ করা ছবিতে এক ব্যক্তির হাতে দলের টুপি দেখা গেলেও তাঁর মুখ প্রকাশ করা হয়নি। কোনও ক্যাপশনও দেয়নি ফ্র্যাঞ্চাইজ়ি। আর সেই পোস্ট দেখেই সমর্থকদের একাংশের ধারণা, ফের অধিনায়কের দায়িত্বে ফিরতে পারেন রোহিত শর্মা।
মুম্বই ইন্ডিয়ান্সের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, একটি হাত দলের টুপি ধরে রয়েছে। কিন্তু সেই হাতটি কার, তা স্পষ্ট নয়। পোস্টটির সঙ্গে কোনও ব্যাখ্যাও দেয়নি পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল। তবে রহস্যময় এই ছবিকে ঘিরে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।
সমাজমাধ্যমে অনেকেই ছবির হাতের সঙ্গে রোহিত শর্মার হাতের সাদৃশ্য খুঁজে পেয়েছেন। কারও মতে, ২০২৪ সালে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর রোহিতের হাতের সঙ্গে ছবিটির মিল রয়েছে। আবার কেউ কেউ ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন করার পর রোহিতের হাতের কথা মনে করিয়ে দিয়েছেন। সমর্থকদের একাংশের দাবি, এই পোস্টের মাধ্যমে রোহিতের অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছে মুম্বই।
উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক রোহিত। তাঁর নেতৃত্বেই ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল দল। কিন্তু এত সাফল্যের পরেও ২০২৪ সালের আইপিএলের আগে তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে দায়িত্ব দেওয়া হয়।
মুম্বইয়ের এই সিদ্ধান্ত ঘিরে সেই সময় সমর্থকদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। মাঠেও তার প্রভাব দেখা যায়। গ্যালারিতে হার্দিকের বিরোধিতা করে এবং রোহিতের সমর্থনে একাধিক ব্যানার দেখা গিয়েছিল। অধিনায়ক হিসেবে হার্দিকও প্রত্যাশিত সাফল্য পাননি।
এর পর আসন্ন মরসুমের আগে হার্দিককে পঞ্জাব কিংসের কাছে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। বিনিময়ে পঞ্জাব থেকে অর্শদীপ সিংহ যোগ দিয়েছেন মুম্বই শিবিরে। ফলে নতুন মরসুমের জন্য অধিনায়ক নির্বাচন করতে হবে ফ্র্যাঞ্চাইজ়িকে।
নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে রোহিত ছাড়াও রয়েছেন সূর্যকুমার যাদব, তিলক বর্মা এবং জসপ্রীত বুমরাহ। তবে নেতৃত্বের অভিজ্ঞতা ও অতীত সাফল্যের নিরিখে রোহিতই সমর্থকদের পছন্দের তালিকায় এগিয়ে। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের তরফে এখনও নতুন অধিনায়কের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। ফলে রহস্যময় পোস্ট ঘিরে জল্পনা বাড়লেও রোহিতের প্রত্যাবর্তন নিয়ে নিশ্চিত করে কিছু বলার সময় এখনও আসেনি।

