ভারত-সহ একাধিক দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর (ইউএসটিআর) ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব প্রকাশ করেছে। তবে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত হলে এই শুল্কের হার কমে ১৭ শতাংশ হতে পারে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। যদিও এখনই এই শুল্ক কার্যকর হচ্ছে না।
ভারতের পাশাপাশি এশিয়ার আরও কয়েকটি দেশের পণ্যের উপর শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। সেই তালিকায় রয়েছে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান এবং থাইল্যান্ড। এ ছাড়াও চিন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের পণ্যের উপরও বিভিন্ন হারে শুল্ক চাপানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের।
১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারায় শুরু হওয়া দীর্ঘ তদন্তের পর এই প্রস্তাব সামনে এনেছে ইউএসটিআর। সংশ্লিষ্ট দেশগুলির শিল্পক্ষেত্রে সরকারি ভর্তুকি এবং উৎপাদন ক্ষমতার অতিরিক্ত সম্প্রসারণের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে কী প্রভাব পড়ছে, তা খতিয়ে দেখতেই এই তদন্ত শুরু হয়েছিল। কূটনৈতিক মহলের একাংশের মতে, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে নয়াদিল্লির উপর চাপ বাড়াতেও এই পদক্ষেপ করে থাকতে পারে ট্রাম্প প্রশাসন।
উল্লেখ্য, চলতি বছরের ১১ মার্চ ভারত-সহ মোট ১৬টি অর্থনীতির উৎপাদন ক্ষেত্রে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং সরকারি ভর্তুকির প্রভাব খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছিল ইউএসটিআর। প্রায় আট মাসের তদন্ত শেষে বুধবার ১৪টি দেশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শুল্ক আরোপের আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করা হয়েছে।
ইউএসটিআর-এর ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রস্তাবিত শুল্কের বিষয়ে সাধারণ মানুষের মতামত ও লিখিত বক্তব্য জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ জানুয়ারি। আগামী ২৫ জানুয়ারি থেকে এ বিষয়ে গণশুনানি শুরু হওয়ার কথা। অর্থাৎ, চূড়ান্ত সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য শোনার প্রক্রিয়া চালাবে মার্কিন প্রশাসন।
প্রস্তাবে চিনের পণ্যের উপর ২০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে। প্রয়োজনে সেই হার বাড়িয়ে ৪০ শতাংশ পর্যন্ত করা হতে পারে বলেও উল্লেখ রয়েছে। ফলে ভারত-সহ একাধিক বাণিজ্যিক অংশীদার দেশের সঙ্গে আমেরিকার শুল্কনীতি নিয়ে নতুন করে টানাপড়েনের আশঙ্কা তৈরি হয়েছে। তবে প্রস্তাবিত শুল্কের চূড়ান্ত হার এবং কার্যকর হওয়ার সময়সীমা এখনও নির্ধারিত হয়নি।

