শাখা : ব্যক্তি নির্মাণ থেকে রাষ্ট্র নির্মাণরাজনারায়ণ বসুর জাতিগঠনের চিন্তা, বঙ্কিমচন্দ্রের অনুশীলনতত্ত্ব এবং ডঃ হেডগেওয়ারের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কার্যপদ্ধতির দার্শনিক ও ঐতিহাসিক বিশ্লেষণ

শাখা : ব্যক্তি নির্মাণ থেকে রাষ্ট্র নির্মাণরাজনারায়ণ বসুর জাতিগঠনের চিন্তা, বঙ্কিমচন্দ্রের অনুশীলনতত্ত্ব এবং ডঃ হেডগেওয়ারের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কার্যপদ্ধতির দার্শনিক ও ঐতিহাসিক বিশ্লেষণ

১. ভূমিকা : একটি দৈনন্দিন কর্মপদ্ধতির মধ্যে রাষ্ট্রদর্শন

কোনো সংগঠনের শক্তি বিচার করতে গেলে সাধারণত তার সদস্যসংখ্যা, আর্থিক সামর্থ্য, নেতৃত্বের প্রভাব কিংবা রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তার উপস্থিতির কথা বিবেচনা করা হয়। কিন্তু একটি সংগঠনের প্রকৃত শক্তির পরিচয় পাওয়া যায় তার মানুষ তৈরির পদ্ধতির মধ্যে। কারণ সংগঠন কোনো বিমূর্ত ধারণা নয়। সংগঠন তৈরি হয় মানুষকে নিয়ে, মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এবং একটি সাধারণ উদ্দেশ্যকে সামনে রেখে সম্মিলিতভাবে কাজ করার অভ্যাসের মধ্য দিয়ে।

এই দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) কার্যপদ্ধতি ‘শাখা’ একটি বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়। আপাতদৃষ্টিতে এক ঘণ্টার একটি দৈনন্দিন সমাবেশ—যেখানে কিছু শারীরিক অনুশীলন, কিছু সমবেত কার্যক্রম, বৌদ্ধিক আলোচনা, দেশাত্মবোধক গান এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়। কিন্তু এই সাধারণ কার্যক্রমগুলির পিছনে রয়েছে একটি সুসংবদ্ধ ব্যক্তি নির্মাণের দর্শন।

এই দর্শনের কেন্দ্রে রয়েছে একটি মৌলিক ধারণা :

ব্যক্তির সর্বাঙ্গীণ বিকাশের মধ্য দিয়ে সমাজের সংগঠন এবং সমাজের সংগঠনের মধ্য দিয়ে রাষ্ট্রের পুনর্নির্মাণ।

এই ধারণাটি কি সম্পূর্ণ নতুন? উনবিংশ শতাব্দীর বাংলার জাতীয়তাবাদী চিন্তাধারার দিকে তাকালে আমরা এর কয়েকটি গুরুত্বপূর্ণ বৌদ্ধিক পূর্বসূত্র খুঁজে পাই। বিশেষত রাজনারায়ণ বসুর জাতীয় চরিত্র নির্মাণের পরিকল্পনা এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘ধর্মতত্ত্ব’ গ্রন্থে বর্ণিত মানুষের বিভিন্ন বৃত্তির অনুশীলন, স্ফূর্তি ও সামঞ্জস্যের ধারণার সঙ্গে সঙ্ঘের শাখা-পদ্ধতির একটি গভীর দার্শনিক সাদৃশ্য লক্ষ করা যায়।

এই সাদৃশ্যকে সরাসরি ঐতিহাসিক প্রভাব বা প্রত্যক্ষ উত্তরাধিকার বলে প্রমাণ করা এক বিষয়, আর চিন্তার ধারাবাহিকতা ও দর্শনগত সমান্তরালতা অনুসন্ধান করা অন্য বিষয়। এখানে দ্বিতীয় বিষয়টিই আমাদের আলোচনার প্রধান ভিত্তি।

২. রাজনারায়ণ বসু : জাতীয় চরিত্র নির্মাণের প্রাথমিক পরিকল্পনা

ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে রাজনারায়ণ বসু (১৮২৬–১৮৯৯) একটি বিশেষ গুরুত্বপূর্ণ নাম। তাঁকে অনেকেই ভারতীয় জাতীয়তাবাদের অন্যতম প্রাচীন পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করেন।

ঔপনিবেশিক শাসনকালে ইংরেজি শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে শিক্ষিত ভারতীয় সমাজের একটি অংশের মধ্যে পাশ্চাত্য জীবনবোধের প্রতি অন্ধ অনুকরণপ্রবণতা তৈরি হয়েছিল। নিজেদের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও শারীরিক সক্ষমতা সম্পর্কে হীনম্মন্যতা জন্ম নিচ্ছিল। রাজনারায়ণ বসু উপলব্ধি করেছিলেন, রাজনৈতিক স্বাধীনতার আকাঙ্ক্ষা তৈরি করার আগে প্রয়োজন জাতীয় আত্মমর্যাদাবোধ ও জাতীয় চরিত্রের পুনর্জাগরণ।

এই উদ্দেশ্যেই তিনি প্রস্তাব করেছিলেন :

Prospectus of a Society for the Promotion of National Feeling among the Educated Natives of Bengal.

এই প্রস্তাবনার সঙ্গে যুক্ত ছিল ‘জাতীয় গৌরবেচ্ছা সঞ্চারিণী সভা’র ভাবনা। এর লক্ষ্য ছিল শিক্ষিত বাঙালি সমাজের মধ্যে জাতীয় অনুভূতি জাগ্রত করা এবং সেই অনুভূতির ভিত্তিতে একটি জাতীয় চরিত্র গড়ে তোলা।

রাজনারায়ণ বসুর পরিকল্পনার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক ছিল—
১) যুবসমাজের শারীরিক সক্ষমতা বৃদ্ধি।

২)দেশীয় ব্যায়াম ও শরীরচর্চার প্রসার।

৩) সংস্কৃত ও মাতৃভাষার চর্চা।

৪)প্রাচীন ভারতের জ্ঞান, বিজ্ঞান ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।

৫)দেশীয় চিকিৎসা ও সংগীতের প্রসার।

৬) জাতীয় ইতিহাস ও গৌরবের প্রচার।

৭) ব্যক্তিগত জীবনের আচরণ ও সামাজিক দায়িত্বের মধ্যে জাতীয় চেতনার প্রতিষ্ঠা।

এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। রাজনারায়ণ বসু শুধু বক্তৃতা বা লেখালেখির মাধ্যমে জাতীয়তাবাদ প্রচারের কথা বলেননি। তিনি জাতীয় অনুভূতিকে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন।

তাঁর চিন্তায় জাতীয়তাবাদ ছিল একটি অনুশীলনের বিষয়। শরীর, মন, ভাষা, সংস্কৃতি ও সামাজিক আচরণের পরিবর্তনের মধ্য দিয়ে জাতীয় চরিত্র তৈরি হবে।এই ভাবনার বাস্তব সাংগঠনিক প্রকাশ আমরা পরবর্তীকালে নবগোপাল মিত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত হিন্দুমেলা এবং জাতীয় ব্যায়ামচর্চার মধ্যে দেখতে পাই।

রাজনারায়ণ বসুর প্রস্তাবনার মূল তাৎপর্য ছিল—জাতীয় পুনর্জাগরণ কেবল রাজনৈতিক নেতৃত্বের দ্বারা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন জাতীয় চরিত্রসম্পন্ন ব্যক্তি নির্মাণ।

অর্থাৎ, রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করে তার নাগরিকের চরিত্রের উপর।

৩. বঙ্কিমচন্দ্রের ‘ধর্মতত্ত্ব’ : মানুষের বৃত্তিগুলির সম্যক অনুশীলন ও সামঞ্জস্য

রাজনারায়ণ বসুর জাতীয় চরিত্র নির্মাণের চিন্তার সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘ধর্মতত্ত্ব’ গ্রন্থের একটি গুরুত্বপূর্ণ দার্শনিক যোগসূত্র রয়েছে।
বঙ্কিমচন্দ্র মানুষের উন্নতিকে কেবল জ্ঞানার্জন বা নৈতিক উপদেশের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তিনি মানুষের বিভিন্ন বৃত্তির যথাযথ বিকাশ এবং তাদের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠার কথা বলেছেন।

‘ধর্মতত্ত্ব’-এর পঞ্চম অধ্যায়ের নামই ‘অনুশীলন’।

এখানে বঙ্কিমচন্দ্র মানুষের বৃত্তিগুলিকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন—
শারীরিক বৃত্তি ,মানসিক বৃত্তি
মানসিক বৃত্তির মধ্যেও তিনি কয়েকটি বিভাগ করেছেন—
জ্ঞানার্জনী বৃত্তি ,কার্যকারিণী বৃত্তি ,আহ্লাদিনী বা চিত্তরঞ্জিনী বৃত্তি।
তাঁর আলোচনায় মানুষের সুখ ও মনুষ্যত্বের সঙ্গে এই বৃত্তিগুলির যথাযথ বিকাশের সম্পর্ক রয়েছে।

বঙ্কিমচন্দ্রের ভাষায়—
“মানুষের সুখ, মনুষ্যত্বে; এই মনুষ্যত্ব, সকল বৃত্তিগুলির উপযুক্ত স্ফূর্ত্তি, পরিণত ও সামঞ্জস্যের সাপেক্ষ।”
এই বক্তব্যের মধ্যে একটি গভীর মনস্তাত্ত্বিক সত্য নিহিত রয়েছে। মানুষের শরীর, বুদ্ধি, কর্মপ্রবণতা, আবেগ, সৌন্দর্যবোধ ও নৈতিক চেতনা—এগুলি বিচ্ছিন্নভাবে বিকশিত হলে পূর্ণ মনুষ্যত্বের প্রকাশ ঘটে না। এদের মধ্যে প্রয়োজন যথাযথ সামঞ্জস্য।
বঙ্কিমচন্দ্র আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করেছেন। মানুষের তথাকথিত নিকৃষ্ট বৃত্তিগুলিরও যথাযথ নিয়ন্ত্রণ ও সদ্ব্যবহার প্রয়োজন।
ষষ্ঠ অধ্যায়ে তিনি বলেছেন, কোনো বৃত্তির অনুচিত স্ফূর্তি অধর্মের কারণ হতে পারে, কিন্তু তার যথাযথ ও সংযত প্রকাশ ধর্মসম্মত হতে পারে। তাঁর বক্তব্যের একটি তাৎপর্যপূর্ণ অংশ—
“দমনই প্রকৃত অনুশীলন, কিন্তু উচ্ছেদ নহে।”
অর্থাৎ মানুষের স্বাভাবিক প্রবৃত্তিগুলিকে ধ্বংস করা নয়, তাদের নিয়ন্ত্রিত, পরিশীলিত ও সঠিক পথে পরিচালিত করাই প্রকৃত অনুশীলন।
সপ্তম অধ্যায়ে বঙ্কিমচন্দ্র বৃত্তিগুলির সামঞ্জস্যের বিষয়টি আরও স্পষ্ট করেছেন। ভক্তি, প্রীতি ও দয়ার মতো উৎকৃষ্ট বৃত্তির সম্প্রসারণ মানুষের সামগ্রিক মনুষ্যত্বের বিকাশে সহায়ক।
দশম অধ্যায়ে তিনি সুখকে ব্যাখ্যা করেছেন—
“সকল বৃত্তিগুলির সম্যক্ স্ফূর্ত্তি, পরিণতি, সামঞ্জস্য এবং চরিতার্থতা।”
এই তত্ত্বের সঙ্গে সঙ্ঘের শাখা-পদ্ধতির তুলনা করলে একটি আকর্ষণীয় বিষয় সামনে আসে।
শাখায় যেমন শরীরচর্চা রয়েছে, তেমনই রয়েছে বৌদ্ধিক অনুশীলন। সেখানে যেমন ব্যক্তিগত সক্ষমতার বিকাশ ঘটে, তেমনই সমবেত কার্যক্রমের মাধ্যমে সামাজিক ও মানসিক গুণাবলির বিকাশ ঘটানোর চেষ্টা করা হয়।
অর্থাৎ শাখার মধ্যে মানুষের বিভিন্ন সক্ষমতাকে একটি অভিন্ন উদ্দেশ্যের দিকে পরিচালিত করার একটি ব্যবহারিক ব্যবস্থা রয়েছে।
বঙ্কিমচন্দ্রের অনুশীলনতত্ত্ব ব্যক্তির সামগ্রিক মনুষ্যত্বের বিকাশের দার্শনিক ব্যাখ্যা দেয়। শাখা সেই ধরনের সামগ্রিক বিকাশের কিছু উপাদানকে দৈনন্দিন অভ্যাসের মধ্যে নিয়ে আসে।
৪. ডঃ হেডগেওয়ার : বাংলার জাতীয়তাবাদী পরিবেশে গড়ে ওঠা এক সংগঠকের অভিজ্ঞতা
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডঃ কেশব বলিরাম হেডগেওয়ার (১৮৮৯–১৯৪০) মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করলেও তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতিবাহিত হয়েছিল বাংলায়।
চিকিৎসাশাস্ত্র অধ্যয়নের জন্য তিনি কলকাতায় এসেছিলেন। কিন্তু কলকাতায় আসার পিছনে কেবল চিকিৎসাশাস্ত্রের শিক্ষা অর্জনের উদ্দেশ্য ছিল না। তখন কলকাতা ছিল ব্রিটিশবিরোধী বিপ্লবী আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র।
বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তিনি গ্রহণ করেছিলেন। অনুশীলন সমিতির সঙ্গে তাঁর যোগাযোগ ও সংশ্লিষ্টতার কথা সঙ্ঘের বিভিন্ন জীবনীমূলক বিবরণে পাওয়া যায়। বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর স্মৃতিচারণেও হেডগেওয়ারের অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত থাকার উল্লেখ রয়েছে।
তাঁর ছাত্রজীবনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা বন্দেমাতরম্ উচ্চারণকে কেন্দ্র করে। নাগপুরের নীল সিটি হাইস্কুলে ব্রিটিশ সরকারের নির্দেশ অমান্য করে বন্দেমাতরম্ ধ্বনি দেওয়ার কারণে তাঁকে বিদ্যালয় থেকে বহিষ্কৃত হতে হয়েছিল বলে তাঁর জীবনীতে উল্লেখ রয়েছে।
এই ঘটনাগুলির তাৎপর্য কেবল তাঁর ব্যক্তিগত দেশপ্রেমের পরিচয় দেওয়া নয়। এগুলি থেকে বোঝা যায়, ছাত্রজীবন থেকেই তাঁর মধ্যে রাষ্ট্রের স্বাধীনতা এবং জাতীয় আত্মমর্যাদার প্রশ্নটি গভীরভাবে কাজ করেছিল।
কলকাতায় অবস্থানকালে তিনি বাংলার বিপ্লবী পরিবেশ, জাতীয়তাবাদী চিন্তাধারা এবং সংগঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন।
এখানে রাজনারায়ণ বসু ও বঙ্কিমচন্দ্রের চিন্তার প্রসঙ্গ আবারও প্রাসঙ্গিক হয়ে ওঠে। বাংলার জাতীয়তাবাদী আন্দোলন শুধু বিদেশি শাসনের বিরোধিতা করেনি; ভারতীয় সমাজের সাংস্কৃতিক আত্মবিশ্বাস, ঐতিহ্য, শারীরিক সক্ষমতা এবং জাতীয় চরিত্র পুনর্গঠনের কথাও বলেছিল।
বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’ এবং ‘বন্দেমাতরম্’ যেমন দেশকে মাতৃরূপে উপলব্ধি করার আবেগ সৃষ্টি করেছিল, তেমনই রাজনারায়ণ বসুর পরিকল্পনা জাতীয় চরিত্র নির্মাণের একটি ব্যবহারিক রূপরেখা দিয়েছিল।
হেডগেওয়ারের ব্যক্তিগত চিন্তায় এই বৃহত্তর জাতীয়তাবাদী পরিবেশের প্রভাব অনুসন্ধান করার যথেষ্ট ঐতিহাসিক অবকাশ রয়েছে। তবে রাজনারায়ণ বসুর নির্দিষ্ট প্রস্তাবনা বা বঙ্কিমচন্দ্রের ‘ধর্মতত্ত্ব’ থেকেই তিনি সরাসরি শাখা-পদ্ধতি গ্রহণ করেছিলেন—এমন প্রত্যক্ষ প্রমাণ ছাড়া দাবি করা উচিত নয়।

আরেকটি বিষয় উল্লেখযোগ্য।ছাত্রাবস্থায় ডঃ হেডগেওয়ার কলকাতায় থাকাকালীন দামোদর নদের বন্যায় কবলিত মানুষদের সেবায় রামকৃষ্ণ মিশনের উদ্যোগে কাজ করেছিলেন।
৫. বিপ্লবী আন্দোলনের অভিজ্ঞতা থেকে স্থায়ী সাংগঠনিক কাঠামোর সন্ধান

ডঃ হেডগেওয়ার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতা অর্জনের জন্য সশস্ত্র সংগ্রামের প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছিলেন। পরবর্তীকালে ভারতীয় জাতীয় কংগ্রেসের আন্দোলনেও অংশগ্রহণ করেন।

এই বহুমুখী অভিজ্ঞতা তাঁকে একটি মৌলিক প্রশ্নের মুখোমুখি করেছিল—
বিদেশি শাসকের বিরুদ্ধে লড়াই করার মতো দেশপ্রেমিক মানুষ তৈরি করা এবং স্বাধীনতা অর্জনের পর দেশকে পরিচালনা করার মতো চরিত্রবান সমাজ তৈরি করা—এই দুটি কি একই কাজ?
বিপ্লবী আন্দোলনে অসাধারণ সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের পরিচয় পাওয়া গেলেও সংগঠনের বিস্তার, দীর্ঘস্থায়ী নেতৃত্ব, পারস্পরিক বিশ্বাস এবং দেশব্যাপী সাংগঠনিক সমন্বয়ের সমস্যা ছিল।
গণআন্দোলনের ক্ষেত্রেও আবেগের পাশাপাশি দীর্ঘমেয়াদি সাংগঠনিক প্রস্তুতির প্রয়োজনীয়তা ছিল।
এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পথ ও পাথেয়’ প্রবন্ধের একটি বক্তব্য স্মরণ করা যায়। তিনি লিখেছিলেন—
“কিন্তু স্ফুলিঙ্গের সঙ্গে শিখার যে প্রভেদ উত্তেজনার সঙ্গে শক্তির সেই প্রভেদ।”
রবীন্দ্রনাথের এই বক্তব্যের তাৎপর্য হলো, সাময়িক উত্তেজনা ও স্থায়ী শক্তি এক জিনিস নয়। কোনো বৃহৎ কাজ সম্পন্ন করতে হলে তার জন্য দীর্ঘ প্রস্তুতি, আত্মসংযম, ধৈর্য এবং সুসংগঠিত কর্মপদ্ধতি প্রয়োজন।
তাঁর আরেকটি বক্তব্য—

“প্রদীপের আয়োজন অনেক; তাহার আধার গড়িতে হয়, সলিতা পাকাইতে হয়, তাহার তেল জোগাইতে হয়।”
এই বক্তব্যকে ডঃ হেডগেওয়ারের সাংগঠনিক চিন্তার সঙ্গে তুলনা করলে একটি দার্শনিক সমান্তরালতা দেখা যায়।
হেডগেওয়ার উপলব্ধি করেছিলেন, দেশপ্রেমের আবেগকে স্থায়ী সামাজিক শক্তিতে রূপান্তরিত করতে হলে প্রতিদিনের অনুশীলনের ব্যবস্থা প্রয়োজন। মানুষকে শুধু কোনো বিশেষ উপলক্ষে একত্রিত করলেই হবে না; তাকে প্রতিদিন একত্রে কাজ করার অভ্যাস তৈরি করতে হবে।
এই চিন্তা থেকেই ১৯২৫ সালের বিজয়াদশমীর দিনে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠা হয়।

এখানে একটি ঐতিহাসিক পার্থক্য মনে রাখা প্রয়োজন। সঙ্ঘের প্রতিষ্ঠা হয় ১৯২৫ সালে, কিন্তু নিয়মিত শাখার প্রাথমিক সাংগঠনিক রূপ ১৯২৬ সালে বিকশিত হয়। অর্থাৎ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে যে দৈনন্দিন কার্যপদ্ধতি পরিণত রূপ পেয়েছিল, তা নয়; অভিজ্ঞতার মধ্য দিয়ে তার কাঠামো গড়ে ওঠে।
৬. শাখা : এক ঘণ্টার মধ্যে সর্বাঙ্গীণ ব্যক্তি নির্মাণের পরিকল্পনা
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কার্যপদ্ধতির মূল একক হলো ‘শাখা’।
সাধারণত প্রতিদিন নির্দিষ্ট স্থানে এক ঘণ্টার জন্য স্বয়ংসেবকরা সমবেত হন। এই এক ঘণ্টার মধ্যে শারীরিক ও বৌদ্ধিক—দুই ধরনের কার্যক্রম পরিচালিত হয়। শেষে অনুষ্ঠিত হয় প্রার্থনা।
সঙ্ঘের নিজস্ব পরিচিতিতেও শাখাকে এক ঘণ্টার দৈনিক সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে। শারীরিক অনুশীলন, দেশাত্মবোধক সমবেত গান, আলোচনা এবং মাতৃভূমির উদ্দেশে প্রার্থনা এর অন্তর্ভুক্ত।
শাখার কার্যক্রমকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়।

ক. শারীরিক কার্যক্রম
সন্ধিযোগ ও উষ্ণাযোগ , বিভিন্ন ধরনের ব্যায়াম , যোগাসন , সূর্যনমস্কার , দণ্ডের অনুশীলন , সমতা ও সম্মিলিত পথসঞ্চালন,দলগত খেলা ও অন্যান্য শারীরিক অনুশীলন।
খ. বৌদ্ধিক কার্যক্রম—
সংস্কৃত শ্লোকপাঠ,সমবেত দেশাত্মবোধক গীত ,অমৃতবচন , বোধকথা, বড় কাহিনী, সংবাদ-সমীক্ষা ,
বিভিন্ন বিষয় নিয়ে বৌদ্ধিক চর্চা ইত্যাদি।
শেষে সঙ্ঘের প্রার্থনা।
একজন ব্যক্তি যখন প্রতিদিন নির্দিষ্ট সময়ে উপস্থিত হন, অন্যদের সঙ্গে একই নিয়মে শারীরিক অনুশীলন করেন, দলগত নির্দেশ অনুসরণ করেন, নিজের ইচ্ছাকে সম্মিলিত কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করেন এবং দিনের শেষে প্রার্থনায় অংশগ্রহণ করেন, তখন তাঁর মধ্যে কিছু নির্দিষ্ট মানসিক ও আচরণগত গুণের চর্চা হয়।
এই গুণগুলি একদিনে তৈরি হয় না। প্রতিদিনের পুনরাবৃত্তির মধ্য দিয়ে এগুলি অভ্যাসে পরিণত হয়।
এখানেই শাখার কার্যপদ্ধতির প্রকৃত তাৎপর্য।
৭. শাখার প্রতিটি কার্যক্রমের মধ্যে নিহিত ব্যক্তি নির্মাণের দর্শন

শাখার বিভিন্ন কার্যক্রমকে আলাদা আলাদা বিনোদন বা শরীরচর্চার বিষয় হিসেবে দেখলে তার সামগ্রিক উদ্দেশ্য বোঝা সম্ভব নয়। প্রতিটি কার্যক্রমের সঙ্গে একটি নির্দিষ্ট মানসিক ও সামাজিক গুণের বিকাশের সম্পর্ক রয়েছে।
শাখার ১ ঘন্টা কার্যক্রমের মধ্যে দলগত কাজের মৌলিক শিক্ষা নিহিত রয়েছে।ব্যক্তি নিজের স্বাতন্ত্র্য বজায় রেখেও বৃহত্তর উদ্দেশ্যের সঙ্গে একাত্ম হতে পারেন—এই অভ্যাস তৈরি হয়। শাখার বৌদ্ধিক কার্যক্রমে জাতীয় ইতিহাস, আত্মত্যাগ, মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অনুভূতি সমবেত সংগীত , সুভাষিত ও অমৃতবাণী পাঠের মাধ্যমে মানুষের মনে প্রতিষ্ঠিত হয়।
৮. বঙ্কিমচন্দ্রের অনুশীলনতত্ত্ব ও শাখা-পদ্ধতি : দর্শন থেকে ব্যবহারিক প্রয়োগ
রাজনারায়ণ বসু ও বঙ্কিমচন্দ্রের চিন্তার সঙ্গে শাখা-পদ্ধতির তুলনামূলক আলোচনা করা যাক।
এই তুলনার মধ্যে তিনটি স্তর রয়েছে।
প্রথমত, রাজনারায়ণ বসু জাতীয় চরিত্র নির্মাণের জন্য শারীরিক, বৌদ্ধিক ও সাংস্কৃতিক অনুশীলনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছিলেন।
দ্বিতীয়ত, বঙ্কিমচন্দ্র মানুষের বিভিন্ন বৃত্তির যথাযথ বিকাশ ও সামঞ্জস্যের মাধ্যমে পূর্ণ মনুষ্যত্ব অর্জনের দার্শনিক ভিত্তি নির্মাণ করেছিলেন।
ডঃ হেডগেওয়ার এই ধরনের ব্যক্তি নির্মাণের কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদানকে একটি দৈনন্দিন সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে এসেছিলেন।
বঙ্কিমচন্দ্রের অনুশীলনতত্ত্বে মানুষের বিভিন্ন বৃত্তির বিকাশ ও সামঞ্জস্যই মনুষ্যত্বের ভিত্তি। রাজনারায়ণ বসু সেই ধরনের সক্ষমতা ও আত্মমর্যাদাসম্পন্ন মানুষের মধ্যে জাতীয় চরিত্র গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখিয়েছিলেন। শাখা-পদ্ধতি এই দুই চিন্তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ বিভিন্ন উপাদানকে প্রতিদিনের অভ্যাসের মধ্যে নিয়ে আসে।বঙ্কিমচন্দ্রের আলোচনা মূলত ব্যক্তির সামগ্রিক মনুষ্যত্ব ও ধর্মবোধকে কেন্দ্র করে। রাজনারায়ণ বসুর আলোচনা জাতীয় চরিত্র নির্মাণকে কেন্দ্র করে। আর শাখার বিশেষত্ব হলো, ব্যক্তির অনুশীলনকে একটি সম্মিলিত সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে স্থাপন করা।
অর্থাৎ, ব্যক্তির উন্নতি এবং সমষ্টির উন্নতিকে পরস্পরের পরিপূরক হিসেবে দেখা।
৯. ব্যক্তিস্বার্থ থেকে সমষ্টির স্বার্থ : সামূহিক কার্যক্রমের মনস্তত্ত্ব
শাখার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এখানে ব্যক্তি একা কোনো কাজ করেন না। অধিকাংশ কার্যক্রমই সমবেতভাবে সম্পন্ন হয়।
এই সমবেত কার্যক্রমের মধ্য দিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ গুণের অনুশীলন হয়।
প্রথমত, একসঙ্গে কাজ করার অভ্যাস।
সমাজে প্রত্যেক ব্যক্তির নিজস্ব চিন্তা, অভ্যাস, দক্ষতা ও সামাজিক অবস্থান রয়েছে। কিন্তু কোনো বৃহত্তর কাজ সম্পন্ন করতে হলে এই পার্থক্যগুলিকে অতিক্রম করে একটি সাধারণ উদ্দেশ্যে কাজ করতে হয়।

শাখায় প্রতিদিনের সমবেত কার্যক্রম এই অভ্যাস তৈরির একটি ক্ষেত্র।

দ্বিতীয়ত, বিজিগিষু মনোভাব।

বিজিগিষু শব্দের অর্থ জয়লাভের আকাঙ্ক্ষাসম্পন্ন। তবে এখানে জয়লাভ বলতে কেবল অন্যকে পরাজিত করা বোঝায় না।
নিজের দুর্বলতা, আলস্য, ভয়, অনিয়ম ও অক্ষমতাকে অতিক্রম করার আকাঙ্ক্ষাও এর অন্তর্ভুক্ত। নিজের সক্ষমতাকে ক্রমাগত উন্নত করার মানসিকতা এর একটি গুরুত্বপূর্ণ দিক।
তৃতীয়ত, সময়ানুবর্তিতা।
প্রতিদিন নির্দিষ্ট সময়ে শাখায় উপস্থিত হওয়ার অভ্যাস ব্যক্তিকে সময়ের মূল্য বুঝতে শেখায়। ব্যক্তিগত সুবিধা-অসুবিধার ঊর্ধ্বে উঠে নির্দিষ্ট সময়ে একটি সম্মিলিত কাজে অংশগ্রহণের মানসিকতা তৈরি হয়।
চতুর্থত, নিয়মানুবর্তিতা।
কোনো সংগঠনের স্থায়িত্ব নির্ভর করে তার সদস্যদের মধ্যে নিয়ম মেনে চলার অভ্যাসের উপর। শাখার দৈনন্দিন কার্যক্রমের মধ্যে এই অভ্যাসের চর্চা হয়।
পঞ্চমত, আত্মত্যাগ।
সামূহিক কার্যক্রমের মধ্যে ব্যক্তি উপলব্ধি করতে পারেন যে, সব সময় নিজের ইচ্ছা বা সুবিধাকে অগ্রাধিকার দিলে সম্মিলিত কাজ সম্পন্ন হয় না।
কখনো নিজের সময়, কখনো শ্রম, কখনো ব্যক্তিগত সুবিধা ত্যাগ করে বৃহত্তর উদ্দেশ্যের জন্য কাজ করতে হয়।
একজন ব্যক্তি যদি নিয়মিত নিজের শরীর ও মনকে শৃঙ্খলিত করেন, অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করতে শেখেন, নিজের সময় ও শ্রম সমাজের কাজে দিতে প্রস্তুত হন, তাহলে তিনি সমাজের একজন অধিকতর দায়িত্বশীল সদস্য হয়ে উঠতে পারেন।
এইভাবে ব্যক্তি নির্মাণ থেকে সমাজ নির্মাণ এবং সমাজ নির্মাণ থেকে রাষ্ট্র নির্মাণের ধারণাটি সামনে আসে।
তবে এখানে রাষ্ট্র নির্মাণকে শুধু রাজনৈতিক ক্ষমতা অর্জনের অর্থে দেখলে চলবে না। রাষ্ট্রের সামাজিক ভিত্তি, নাগরিক চরিত্র, পারস্পরিক বিশ্বাস, কর্তব্যবোধ, সাংস্কৃতিক আত্মবিশ্বাস এবং জনকল্যাণে অংশগ্রহণ—সবই রাষ্ট্র নির্মাণের অংশ।
এই কারণেই শাখার কার্যপদ্ধতির মূল লক্ষ্য হিসেবে ব্যক্তির চরিত্র নির্মাণের কথা বলা হয়।

১০ একশো বছরের যাত্রা : একটি সাংগঠনিক পদ্ধতির স্থায়িত্ব ও বিস্তার
১৯২৫ সালের বিজয়াদশমীতে নাগপুরে যে সংগঠনের সূচনা হয়েছিল, ২০২৫ সালে তার প্রতিষ্ঠার একশো বছর পূর্ণ হয়েছে।
এই একশো বছরের ইতিহাসকে শুধু একটি সংগঠনের দীর্ঘায়ু হিসেবে দেখলে তার তাৎপর্য সম্পূর্ণ বোঝা যাবে না।
বরং দেখতে হবে, একটি সাধারণ দৈনন্দিন কার্যপদ্ধতির উপর নির্ভর করে কীভাবে একটি সংগঠন বিভিন্ন প্রজন্মের মধ্যে তার সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রেখেছে।
লক্ষ্য যদি হয় দেশপ্রেম, তাহলে পদ্ধতির মধ্যে থাকতে হবে জাতীয় ইতিহাস, সংস্কৃতি ও আদর্শের চর্চা।
লক্ষ্য যদি হয় আত্মত্যাগ, তাহলে পদ্ধতির মধ্যে থাকতে হবে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার অভ্যাস।
অর্থাৎ, যে গুণাবলি একজন মানুষের মধ্যে তৈরি করতে চাওয়া হচ্ছে, শাখার কার্যক্রমের মধ্যেই সেই গুণাবলির অনুশীলনের ব্যবস্থা রাখা হয়েছে।
এই সমন্বয়ই সঙ্ঘের কার্যপদ্ধতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।বঙ্কিমচন্দ্রের অনুশীলনতত্ত্ব ব্যক্তির সর্বাঙ্গীণ বিকাশের দার্শনিক ভিত্তি দিয়েছে, রাজনারায়ণ বসু সেই বিকশিত ব্যক্তির মধ্যে জাতীয় চরিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন। ডঃ হেডগেওয়ারের শাখা-পদ্ধতিতে এই দুই চিন্তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ আদর্শগুলিকে দৈনন্দিন সামূহিক অনুশীলনের মাধ্যমে বাস্তবায়িত করার একটি সাংগঠনিক প্রচেষ্টা দেখা যায়। এই দৃষ্টিতে শাখা কেবল একটি দৈনিক সমাবেশ নয়; ব্যক্তি নির্মাণের মধ্য দিয়ে সমাজ সংগঠন এবং সমাজ সংগঠনের মধ্য দিয়ে রাষ্ট্র নির্মাণের এক ধারাবাহিক প্রয়াস।
রাষ্ট্রের প্রকৃত শক্তি শুধু তার সেনাবাহিনী, অর্থনীতি, প্রযুক্তি কিংবা রাজনৈতিক নেতৃত্বে নয়; নিহিত থাকে চরিত্রবান নাগরিক, সাংস্কৃতিক আত্মবিশ্বাস, সামাজিক সমরসতা, পারস্পরিক বিশ্বাস এবং বৃহত্তর জাতীয় স্বার্থে আত্মনিয়োগের মানসিকতার মধ্যে। রাজনারায়ণ বসুর ১৮৬৬ সালের প্রস্তাবনা থেকে ডঃ হেডগেওয়ারের শাখা-পদ্ধতি এবং শতবর্ষের সাংগঠনিক যাত্রা—এই ধারার মধ্যে সেই রাষ্ট্রচিন্তারই একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধিক ও সাংগঠনিক সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।বাল্যকালে ‘বন্দেমাতরম্’ ধ্বনি দিয়ে স্কুল থেকে বিতাড়িত হওয়া থেকে শুরু করে, ডাক্তারী পড়ার সময় ‘অনুশীলন সমিতি’র বৈপ্লবিক কর্মকান্ডে যুক্ত থাকা এবং পরবর্তীকালে রাষ্ট্র নির্মাণের জন্য ‘শাখা পদ্ধতি’র মাধ্যমে ব্যক্তি নির্মাণ — ডঃ হেডগেওয়ারের সঙ্গে বাংলার যোগ অত্যন্ত নিবিড়, ডঃ হেডগেওয়ারের প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বাংলার মনিষীদের রাষ্ট্রচিন্তার বাস্তবিক যুগানুকূল প্রয়োগ।

পিন্টু সান্যাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.