ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের ক্রমবর্ধমান নৌ-আধিপত্যে রাশ টানতে সক্রিয় হল অস্ট্রেলিয়া। কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ়ের সরকার। বুধবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় আলবানিজ় এবং সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী ম্যাথিউ ওয়ালে এই চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, সলোমন দ্বীপপুঞ্জের ভূখণ্ডে কোনও বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন করতে দেওয়া হবে না। কূটনৈতিক মহলের একাংশের মতে, এর ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের সামরিক উপস্থিতি বিস্তারের সম্ভাবনা অনেকটাই সীমিত হল।
ঘটনাচক্রে, এর ঠিক এক সপ্তাহ আগে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ২১তম ইস্ট এশিয়া সামিটের ফাঁকে চতুর্দেশীয় সামরিক অক্ষ ‘কোয়াড’-এর শীর্ষবৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ়। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্য বজায় রাখার প্রশ্নে এই চুক্তিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ।
প্রশান্ত মহাসাগরের বুকে প্রায় এক হাজার দ্বীপ নিয়ে গঠিত সলোমন দ্বীপপুঞ্জের জনসংখ্যা প্রায় আট লক্ষ। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিরক্ষা ও সামুদ্রিক যোগাযোগের ক্ষেত্রে এই দ্বীপরাষ্ট্রের গুরুত্ব যথেষ্ট। ২০২২ সালে চিনের সঙ্গে সলোমন দ্বীপপুঞ্জের একটি গোপন নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই পশ্চিমি দেশগুলির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। ওই চুক্তির সুযোগ নিয়ে চিনা যুদ্ধজাহাজ সলোমন দ্বীপপুঞ্জের বন্দরে যাতায়াত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন সামরিক পর্যবেক্ষকেরা। এমনকি, সেখানে চিন স্থায়ী সামরিক ঘাঁটিও গড়ে তুলতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল।
বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল, সলোমন দ্বীপপুঞ্জে চিনের সামরিক ঘাঁটি তৈরি হলে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা ও অস্ট্রেলিয়ার সামরিক যোগাযোগ এবং গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেই সম্ভাবনা মোকাবিলায় এ বার নতুন নিরাপত্তা চুক্তির মাধ্যমে সলোমন দ্বীপপুঞ্জের ভূখণ্ডে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের পথ বন্ধ করার উদ্যোগ নিল অস্ট্রেলিয়া।
আন্তর্জাতিক কূটনীতিতে চিনের প্রভাব মোকাবিলায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা দীর্ঘদিন ধরেই চালাচ্ছে অস্ট্রেলিয়া। আলবানিজ় সরকারের সাম্প্রতিক চুক্তিকে সেই কৌশলেরই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে কূটনৈতিক মহল।

