জল্পনার অবসান। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর আসন্ন নির্বাচনে ভোটাধিকার ফিরে পেল পশ্চিমবঙ্গ। বুধবার প্রকাশিত ফেডারেশনের ভোটার তালিকায় বাংলার দুই প্রতিনিধির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এ রাজ্যের হয়ে ভোট দিতে পারবেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) সচিব অনির্বাণ দত্ত এবং সুব্রত দত্ত।
উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের নির্বাচন সম্পন্ন করতে না পারায় আইএফএ-র ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠেছিল। অভিযোগ ছিল, নির্বাচনের সময়সীমা পেরিয়ে গেলেও বর্তমান কমিটি দায়িত্বে রয়েছে। সেই কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে বাংলার প্রতিনিধিত্ব করার অধিকার আইএফএ-র নেই বলে দাবি উঠেছিল।
এই পরিস্থিতিতে এআইএফএফ নির্বাচনে পশ্চিমবঙ্গের ভোটাধিকার পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত সেই জটিলতা কাটল। ফেডারেশনের নির্বাচনী আধিকারিক রাজীব শর্মা তাঁর ১২ পাতার রায়ে আইএফএ-কে ভোট দেওয়ার অনুমতি দিয়েছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের দুই প্রতিনিধি অনির্বাণ দত্ত ও সুব্রত দত্ত ভোট দিতে পারবেন।
বুধবার প্রকাশিত ভোটার তালিকায় তাঁদের নাম থাকায় স্বস্তি ফিরেছে বাংলার ফুটবল মহলে। দীর্ঘ টানাপড়েনের পর এআইএফএফ নির্বাচনে রাজ্যের প্রতিনিধিত্ব নিশ্চিত হল।

