৫০ লক্ষ টাকা প্রতারণার মামলায় জামিন পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। মঙ্গলবার শালবনি থানার পুলিশ এই মামলায় সুমিত-সহ চার জনের বিরুদ্ধে প্রায় ৪০০ পাতার চার্জশিট জমা দেয়। তার পরের দিন, বুধবার মেদিনীপুরের সিজেএম আদালত থেকে জামিন পান তিনি। তবে একাধিক অন্য মামলায় জেল হেফাজতে থাকায় আপাতত জেল থেকে মুক্তি পাচ্ছেন না সুমিত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ সেপ্টেম্বর শালবনি থানায় দায়ের হওয়া জমি দুর্নীতি মামলার তদন্তে সুমিতকে গ্রেফতার করা হয়েছিল। পরে ২৪ সেপ্টেম্বর ৫০ লক্ষ টাকা প্রতারণার মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করে শালবনি থানার পুলিশ। এই মামলায় সুমিত ছাড়াও প্রশান্ত দাস, আশিক কাজি এবং সৌম্যজিৎ সেনের নাম রয়েছে চার্জশিটে। অভিযুক্তদের মধ্যে দু’জন এখনও পলাতক। আশিক কাজি আগেই জামিন পেয়েছেন। বুধবার সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব বলেন, চার্জশিট জমা পড়ার পর অভিযুক্ত জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেছেন।
তবে জামিন পেলেও আপাতত সুমিতের মুক্তির সম্ভাবনা নেই। মেদিনীপুর আদালতে চলা শালবনি জমি কেলেঙ্কারি মামলায় তিনি এখনও জেল হেফাজতে রয়েছেন। ওই মামলায় সিআইডি একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি, গড়বেতা থানায় দায়ের হওয়া একটি মামলায় গড়বেতা আদালতের নির্দেশেও তিনি জেল হেফাজতে রয়েছেন। ডায়মন্ড হারবার আদালতের দু’টি মামলাতেও তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে একটি মামলায় জামিন মিললেও অন্য মামলাগুলির কারণে আপাতত জেলেই থাকতে হচ্ছে তাঁকে।
কী অভিযোগ ছিল ব্যবসায়ীর?
শালবনি থানায় দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, বাঁকুড়ার বালি ব্যবসায়ী নাদিয়া চৌধুরীর কাছ থেকে ওভারলোড বালি পরিবহণের অনুমতি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫০ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। অভিযোগকারী জানিয়েছেন, বালি সরবরাহের ব্যবসার সূত্রে প্রশান্ত দাস নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রশান্ত তাঁকে জানান, আন্ডারলোডের পরিবর্তে ওভারলোড বালি পরিবহণ করতে পারলে বেশি উপার্জন সম্ভব। সেই ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে ৫০ লক্ষ টাকা দাবি করা হয়।
নাদিয়ার অভিযোগ, প্রথমে তিনি টাকা দিতে রাজি হননি। কিন্তু টাকা না দিলে তাঁর কোনও গাড়িই বালি পরিবহণ করতে পারবে না বলে তাঁকে ভয় দেখানো হয়। এর পর ২০২৪ সালের জুলাই মাসে প্রশান্ত তাঁকে এবং তাঁর চার ব্যবসায়িক অংশীদারকে কলকাতার একটি হোটেলে নিয়ে যান। সেখানে সুমিত রায়, সৌম্যজিৎ সেন এবং আশিক কাজির সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ওই বৈঠকে মাসে ৫০ লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে ইচ্ছেমতো ওভারলোড বালি পরিবহণের সুযোগ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতিতে ২০২৪ সালের ১৪ অগস্ট পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার অন্তর্গত একটি হোটেলে ৩০ লক্ষ টাকা আশিক ও প্রশান্তের হাতে তুলে দেন নাদিয়া।
পরবর্তী সময়ে বাকি ২০ লক্ষ টাকা কলকাতায় দিতে বলা হয় বলে অভিযোগ। সেই অনুযায়ী, ২০২৪ সালের ২৯ অগস্ট কলকাতার একটি অফিসে গিয়ে সৌম্যজিতের হাতে নগদ ১৯ লক্ষ ৬২ হাজার টাকা দেন নাদিয়া। বাকি টাকার মধ্যে ৩০ হাজার টাকা একই দিনে প্রশান্তের ফোন-পে নম্বরে এবং পরদিন আরও ৮ হাজার টাকা পাঠানো হয় বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে।
প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় থানায় অভিযোগ
নাদিয়ার অভিযোগ, টাকা নেওয়ার পর ওভারলোড বালি পরিবহণের অনুমতি কবে থেকে মিলবে, তা পরে জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক মাস কেটে গেলেও কোনও ব্যবস্থা করা হয়নি। পরে প্রশান্ত ও আশিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি বলে দাবি অভিযোগকারীর।
এর পরেই প্রশান্ত দাস, আশিক কাজি, সুমিত রায় এবং সৌম্যজিৎ সেনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ৫০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ আনেন নাদিয়া। টাকা ফেরত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে শালবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই মামলাতেই চার্জশিট জমা পড়ার পর বুধবার জামিন পেলেন সুমিত রায়।

