মহালয়ায় রাজ্যে মেগা দুর্গোৎসবের প্রস্তুতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মহালয়ায় রাজ্যে মেগা দুর্গোৎসবের প্রস্তুতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথম দুর্গোৎসব কেমন হতে চলেছে, তার প্রাথমিক আভাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহালয়ার দিন রাজ্যে একটি জমজমাট ও বড় আকারের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে তিনি ঘোষণা করেছেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা সফরে গিয়ে বালুরঘাট বিমানবন্দর পরিদর্শনের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান মুখ্যমন্ত্রী। মহালয়ায় রাজ্যে বড় করে অনুষ্ঠান হওয়ার খবর বুধবার প্রকাশ্যে আসার পরই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “মহালয়ায় বড় অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আমন্ত্রিত হবেন। কে আসছেন, কবে আসছেন— তাঁদের দিক থেকে কনফার্মেশন পেলে আমরা জানাব।”

নবান্ন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন কলকাতায় এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজিত হতে পারে। মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার প্রথম সারির সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই মেগা ইভেন্টকে সফল করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ alv এই অনুষ্ঠান সংক্রান্ত কাজের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়াও শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর গৌরবময় ইতিহাস এবং লোকসংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এই আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে ধুনুচি নাচ, ছৌ নাচ এবং ঐতিহ্যবাহী ঢাকের বাদ্যের পরিবেশনা রাখার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে রাজ্যে দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এই পালাবদলের আবহেই রাজ্য সরকারের উদ্যোগে মহালয়ার এই বৃহৎ শারদ-উৎসবের ঘোষণা করা হলো। অতীতেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বাংলার সংস্কৃতি ও দুর্গাপুজোর প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করতে দেখা গেছে। গত বছরের জুলাইয়ে দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘জয় মা কালী, জয় মা দুর্গা’ ধ্বনি দিয়েছিলেন। এমনকি ‘মন কী বাত’ অনুষ্ঠানে কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতির পেছনে ভারত সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেছিলেন তিনি। গত বছর অষ্টমীর দিনে দিল্লির চিত্তরঞ্জন পার্কের বাঙালি অধ্যুষিত দুর্গোৎসবেও সশরীরে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী।

মহালয়ার অনুষ্ঠানের ঘোষণার পাশাপাশি বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দাদের জন্য একযোগে তিনটি বড় প্রকল্পের উপহার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের ‘উড়ান’ প্রকল্পের আওতায় বালুরঘাট বিমানবন্দরে শীঘ্রই বিমান পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর আশ্বাস অনুযায়ী, আগামী এক বছরের মধ্যেই এই বিমানবন্দরে ১৯ আসনের বিমান ওঠানামা শুরু করবে। এখানেই থেমে না থেকে বালুরঘাট বিমানবন্দরকে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। এই বিমানবন্দরে ভবিষ্যতে ৭২ আসনের বিমান ওঠানামার ব্যবস্থা করার লক্ষ্যমাত্রা নিয়ে ১৫০ একর জমি অধিগ্রহণের বন্দোবস্ত করছে রাজ্য সরকার।

পাশাপাশি, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ও পঠনপাঠনের মানোন্নয়নেরও জোরালো আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে তিনটি বিষয় পড়ানো হলেও আরও সাতটি বিষয় চালুর আবেদন ঝুলে রয়েছে। জন্মাষ্টমীর আগেই যাতে উচ্চশিক্ষা দফতর থেকে ওই নতুন বিষয়গুলির অনুমোদন মিলে যায়, সেই ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এছাড়া, দক্ষিণ দিনাজপুর মেডিক্যাল কলেজ নির্মাণের কাজও দ্রুত গতিতে শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, কালীপুজোর আগেই এই নতুন মেডিক্যাল কলেজের ভূমিপুজো সম্পন্ন হবে এবং প্রাথমিক ভাবে রাজ্য বাজেট থেকে এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.