টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মহম্মদ শামি, ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়ে অবসরের ঘোষণা

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মহম্মদ শামি, ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়ে অবসরের ঘোষণা

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। শুক্রবার রাতে সমাজমাধ্যমে একটি আবেগঘন বার্তার মাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা করেন তিনি। দীর্ঘ ক্রিকেটজীবনের নানা স্মৃতি, চোটের সঙ্গে লড়াই এবং প্রত্যাবর্তনের অভিজ্ঞতার কথা তুলে ধরে সাদা জার্সির অধ্যায় শেষ করার কথা জানিয়েছেন ভারতীয় দলের এই জোরে বোলার।

শুক্রবার রাতে ইনস্টাগ্রামে শামি লেখেন, তিনি সাদা জার্সিকে বিদায় জানাচ্ছেন। তবে টেস্ট ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলি চিরকাল তাঁর সঙ্গে থাকবে। প্রথম বার ভারতের টেস্ট জার্সি গায়ে চাপানোর সময় দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখেছিলেন তিনি। পরবর্তী সময়ে প্রতিটি উইকেট, লড়াই, চোট এবং প্রত্যাবর্তন তাঁকে নতুন অভিজ্ঞতা ও শিক্ষা দিয়েছে বলেও জানিয়েছেন এই পেসার।

শামির কথায়, টেস্ট ক্রিকেট তাঁর কাছে নিছক একটি খেলার ফরম্যাট ছিল না, বরং জীবনের বিশেষ একটি অংশ হয়ে উঠেছিল। অগণিত সুন্দর স্মৃতি এবং ভারাক্রান্ত হৃদয়ে এই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে এই দীর্ঘ যাত্রায় পাশে থাকার জন্য সতীর্থ, কোচ, পরিবারের সদস্য এবং দেশের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমীকে ধন্যবাদ জানিয়েছেন। ভালো ও খারাপ—উভয় সময়েই যাঁরা তাঁর উপর আস্থা রেখেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-কেও বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন শামি। তাঁর উপর বিশ্বাস রাখা, ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার সুযোগ দেওয়া এবং তাঁর কেরিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দুই সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

অবসরের বার্তায় শামি আরও জানিয়েছেন, ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে তাঁর শেষ বলটি করা হয়ে গেলেও দেশের হয়ে খেলার গর্ব চিরকাল তাঁর হৃদয়ে থেকে যাবে। টেস্ট ক্রিকেটকে ধন্যবাদ জানিয়েই নিজের বার্তা শেষ করেছেন ভারতীয় পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.