অবশেষে সংসদের বহু প্রতীক্ষিত অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। মুলতুবি থাকা বাদল অধিবেশনের দ্বিতীয় পর্ব ফের শুরু হতে চলেছে আগামী ৩০ নভেম্বর। তবে এই অধিবেশনে লোকসভার আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত তিনটি বিল ফের পেশ করে পাশ করানোর চেষ্টা হবে কি না, তা নিয়ে কেন্দ্রের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ওই তিনটি বিলের অন্যতম উদ্দেশ্য লোকসভার আসনসংখ্যা বাড়িয়ে ৮৫০ করা এবং মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ কার্যকর করা।
বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু সমাজমাধ্যমে অধিবেশন ফের ডাকার কথা ঘোষণা করেন। তিনি জানান, অত্যাবশ্যকীয় সরকারি কাজ সম্পন্ন করার জন্য সরকার লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যানকে যথাক্রমে ৩০ নভেম্বর সোমবার লোকসভা এবং ২ ডিসেম্বর বুধবার রাজ্যসভার অধিবেশন পুনরায় আহ্বানের অনুরোধ জানিয়েছে। সরকারি কাজের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে দুই কক্ষের অধিবেশন ৩ ডিসেম্বর শেষ হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
রাজনৈতিক মহলের একাংশের ধারণা, বাদল অধিবেশনের দ্বিতীয় পর্ব ডাকার সিদ্ধান্তের পিছনে মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলগুলি পাশ করানোর পরিকল্পনা থাকতে পারে। সেই লক্ষ্যে ডিএমকে এবং এনসিপি-র শরদ পওয়ার গোষ্ঠীর মতো দলগুলির প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন পাওয়ার ব্যাপারে সরকারপক্ষ কোনও সমঝোতায় পৌঁছেছে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।
এই তিনটি বিলের মধ্যে সংবিধান সংশোধনী বিল পাশ করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ফলে ধ্বনিভোটে তা পাশ করানোর সুযোগ নেই। ভোটাভুটির মাধ্যমেই বিলের ভাগ্য নির্ধারিত হবে। বিরোধী শিবিরের একাংশের আশঙ্কা, ডিএমকে এবং এনসিপি-র শরদ পওয়ার গোষ্ঠীর সাংসদদের সমর্থন আদায় অথবা তাঁদের ভোটদান থেকে বিরত রাখা এবং ছোট দলগুলির সাংসদদের নিজেদের দিকে টেনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক মেলানোর চেষ্টা করেছে শাসক শিবির। সরকারের আকস্মিক ঘোষণার পর পাল্টা রণকৌশল তৈরিতে সক্রিয় হয়েছে বিরোধীরাও। শুক্রবার বিকেলে দিল্লিতে বৈঠকে বসছে কংগ্রেসের সংসদীয় স্ট্র্যাটেজি গ্রুপ।
নজরে তিনটি বিল
চলতি বছরের এপ্রিল মাসে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভার আসন বৃদ্ধি, পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে তিনটি বিল পেশ করেছিলেন।
প্রথমটি ছিল ১৩১তম সংবিধান সংশোধনী বিল, যার পোশাকি নাম ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের প্রস্তাব রয়েছে এই বিলে। এরই অন্তর্গত লোকসভার মোট আসনসংখ্যা বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনা।
দ্বিতীয়টি লোকসভার আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত বিল। তৃতীয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল, যার উদ্দেশ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আসনসংখ্যা বৃদ্ধি।
কিন্তু গত ১৭ এপ্রিল লোকসভায় প্রথম সংবিধান সংশোধনী বিলটি প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন পেতে ব্যর্থ হয়। ফলে পরবর্তী দুটি বিল নিয়ে আর ভোটাভুটির পথে হাঁটেনি কেন্দ্র। এরপর গত ১৩ অগস্ট সংসদের বাদল অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি ঘোষণা করা হয়েছিল।
সেই সময় থেকেই কংগ্রেস-সহ বিরোধী দলগুলির অভিযোগ, সাংসদ ভাঙিয়ে বিল পাশ করানোর রাজনৈতিক অঙ্ক কষার সুযোগ খোলা রাখতেই আনুষ্ঠানিক ভাবে বাদল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেনি সরকার। বৃহস্পতিবার কেন্দ্রের নতুন সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। তাঁর বক্তব্য, এই পদক্ষেপ সংসদীয় প্রতিষ্ঠানের প্রতি উপহাসের শামিল। সংসদের নিয়ম অনুযায়ী, এখন শীতকালীন অধিবেশন বসার সময়। কিন্তু সরকার তা এড়িয়ে যেতে চাইছে। বাদল অধিবেশনের দ্বিতীয় পর্ব হিসেবে ডাকা এই বৈঠককে কোনও ভাবেই নিয়মিত শীতকালীন অধিবেশনের বিকল্প বলা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।
মহিলা সংরক্ষণ নিয়ে মোদীর বার্তা
সংসদের অধিবেশন পুনরায় ডাকার ঘোষণা সামনে আসার আগেই বৃহস্পতিবার লোকসভায় মহিলা সংরক্ষণের প্রসঙ্গ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবিধান দিবস উপলক্ষে প্রকাশিত একটি নিবন্ধে তিনি অভিযোগ করেছেন, প্রধান বিরোধী দলের বিরোধিতার কারণেই লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করা সম্ভব হয়নি। যদিও কোনও দলের নাম সরাসরি উল্লেখ করেননি প্রধানমন্ত্রী, তাঁর নিশানায় যে কংগ্রেস, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
নিবন্ধে মোদী লিখেছেন, দেশের মহিলাদের উল্লেখযোগ্য অবদানকে স্বীকৃতি না দিলে সংবিধানের যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। বছরের গোড়ায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় তাঁর হৃদয় লজ্জায় ভরে গিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রীর অভিযোগ, আইনসভায় মহিলাদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে বিল আনা হলেও একটি বিরোধী দলের জন্য তা পাশ করানো সম্ভব হয়নি।
দেশের মহিলাদের আশ্বস্ত করে মোদী লিখেছেন, তাঁদের ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত করার কাজ থেকে কোনও শক্তিই সরকারকে বিরত করতে পারবে না। একই সঙ্গে কংগ্রেসকে নিশানা করে তাঁর কটাক্ষ, প্রধান বিরোধী দল বিরোধিতার তুলনায় অবরোধের রাজনীতিতেই বেশি বিশ্বাসী।
ওই নিবন্ধে নকশালবাদ প্রসঙ্গেও মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, দেশকে নকশালবাদ থেকে মুক্ত করার পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নকশালপন্থীরা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকার দরিদ্র মানুষের সংবিধানপ্রদত্ত অধিকার কেড়ে নিতেন বলেও অভিযোগ করেছেন তিনি। তবে নকশালবাদের অবসান ঘটলেও ‘দিমাগি নকশাল’রা এখনও দেশের উন্নয়নের অগ্রগতি আটকে দেওয়ার চেষ্টা করছেন বলে বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করেছেন মোদী।
সব মিলিয়ে, বাদল অধিবেশনের দ্বিতীয় পর্ব ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। মহিলা সংরক্ষণ এবং লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলগুলি ফের সংসদে আলোচনায় আসে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

