ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য জোড়া খবর। আইপিএল ফাইনালে পাওয়া বিরাট কোহলির চোটের যা বর্তমান পরিস্থিতি, তাতে তাঁর মাঠে ফিরতে অনুমানের চেয়েও বেশি সময় লাগবে। ফলে আসন্ন আফগানিস্তান সিরিজের পাশাপাশি আগামী ১৪ জুলাই থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সিরিজেও তাঁর খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে স্বস্তির খবর অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে, তাঁর চোটের মেঘ কেটে গিয়েছে।
৬ সপ্তাহের জন্য ছিটকে গেলেন বিরাট কোহলি
‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, আইপিএল ফাইনাল চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) একটি সূত্র মারফত জানা গিয়েছে, বিরাটের গ্রেড-১ বা ২ হ্যামস্ট্রিং টিয়ার (মাংসপেশি ছিঁড়ে যাওয়া) হয়েছে।
বি বোর্ডের ওই সূত্র জানান:
“কোহলির হ্যামস্ট্রিং ছিঁড়েছে। তবে আশার কথা এই চোটের জন্য কোনো অস্ত্রোপচার (Surgery) করাতে হবে না। কিন্তু চোট সম্পূর্ণ সারতে অন্তত ছয় সপ্তাহ সময় লাগবে। এরপর তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাবের প্রক্রিয়া শেষ করতে হবে।”
ইতিমধ্যেই কোহলি প্রখ্যাত শল্য চিকিৎসক দীনশ পারদিওয়ালার সঙ্গে পরামর্শ করেছেন এবং তাঁর এমআরআই (MRI) স্ক্যান রিপোর্ট খতিয়ে দেখা হয়েছে। এই দীর্ঘ সুস্থতার মেয়াদের কারণে জুলাইয়ের মাঝামাঝি শুরু হতে চলা ইংল্যান্ড সফরেও তাঁর সার্ভিস পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
৮ জুন বেঙ্গালুরুতে ফিটনেস পরীক্ষা রোহিতের
অন্যদিকে, আইপিএল চলাকালীন চোট পেলেও পরে মাঠে ফিরে ম্যাচ খেলেছিলেন রোহিত শর্মা। আফগানিস্তান সিরিজের আগে তাঁর ফিটনেস পুরোপুরি খতিয়ে দেখতে চলেছে বোর্ড। আগামী ৮ জুন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) যোগ দেবেন ভারত অধিনায়ক।
সেখানে তিন দিন কাটাবেন রোহিত। বেশ কয়েকটি অনুশীলন সেশনে অংশ নেওয়ার পাশাপাশি কৃত্রিম আলোর (ফ্লাডলাইট) নীচে নেটে ব্যাটিং অনুশীলনও করবেন তিনি। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে, আগামী ১১ জুন ধরমশালায় ভারতীয় দলের শিবিরে যোগ দেবেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে প্রস্তুতির জন্য দু’দিন সময় পাবেন তিনি।

