আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে ঢোল-নাকাড়া বাজার মধ্য দিয়ে পর্দা উঠবে ইতিহাসের বৃহত্তম ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026)। আগামী ১১ জুন থেকে আমেরিকা, মেক্সিকো ও কানাডার যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে ফুটবল গ্রহের এই শ্রেষ্ঠত্বের যুদ্ধ। ইতিহাসে প্রথমবার ৪৮টি দেশ এই মহাযুদ্ধে বিশ্বজয়ের মুকুটের জন্য ঝাঁপাবে।
ভারতে এই মেগা টুর্নামেন্টের সম্প্রচার কারা করবে, তা নিয়ে গত কয়েক মাস ধরে ফুটবলপ্রেমীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রীড়ামোদীদের জন্য বড় সুখবর নিয়ে এল ‘জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস’ (ZEEL)। ভারতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের একচ্ছত্র সম্প্রচার সত্ত্ব (Broadcasting Rights) কিনে নিয়েছে তারা। এর হাত ধরে প্রায় এক দশক পর দেশের অন্যতম শীর্ষ এই বিনোদন সংস্থাটি স্পোর্টস ব্রডকাস্টিং বা ক্রীড়া সম্প্রচারের দুনিয়ায় রাজকীয় প্রত্যাবর্তন ঘটাল।
২০৩৪ সাল পর্যন্ত ফিফার ৩৯টি টুর্নামেন্ট জি-র ঝুলিতে
জি এন্টারটেইনমেন্টের সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA)-র এই চুক্তি কেবল ২০২৬ বিশ্বকাপেই সীমাবদ্ধ নয়। ২০৩৪ সাল পর্যন্ত ফিফার মোট ৩৯টি মেগা ইভেন্ট ভারতে সম্প্রচারের দীর্ঘমেয়াদি স্বত্ব পেয়েছে জি। এই তালিকায় রয়েছে:
- অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ (পুরুষ ও মহিলা): ২০২৬ থেকে ২০৩৪ সাল পর্যন্ত প্রতিটি আসর।
- অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ (পুরুষ ও মহিলা): ২০২৬ থেকে ২০৩৪ সালের মধ্যেকার সমস্ত টুর্নামেন্ট।
- ফুটসল বিশ্বকাপ (পুরুষ ও মহিলা): ২০২৮ থেকে ২০৩৩ সালের টুর্নামেন্টগুলি।
- ফিফা মহিলা বিশ্বকাপ: ২০২৭ সালের মূল আসর।
- ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ: ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত।
বিশ্বকাপসহ এই সমস্ত টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারের জন্য জি নেটওয়ার্কের তরফে বিশেষ ৪টি নতুন স্পোর্টস চ্যানেল চালু করা হয়েছে। চ্যানেলগুলি হলো— Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2 এবং Unite8 Sports 2 HD।
ডিজিটাল প্ল্যাটফর্মে কীভাবে দেখবেন? (অনলাইন স্ট্রিমিং)
যাঁরা স্মার্টফোন, ল্যাপটপ বা স্মার্ট টিভিতে ডিজিটাল মাধ্যমে খেলা দেখতে চান, তাঁরা Zee5 অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রতিটি ম্যাচ সরাসরি লাইভ স্ট্রিম করতে পারবেন। দর্শকদের সুবিধার জন্য ‘জি ফাইভ’ দু’টি আকর্ষণীয় সাবস্ক্রিপশন প্ল্যান বাজারে এনেছে:
- ৩ মাসের অল অ্যাকসেস + স্পোর্টস প্ল্যান: এই প্যাকেজের মূল্য ৭৯৯ টাকা (যা প্রতি মাসে ২৬৬ টাকা হিসেবে পড়ে)। তবে এই প্ল্যানটিতে খেলা দেখার সময় বিজ্ঞাপন (Ads) থাকবে।
- ১ বছরের প্রিমিয়াম অ্যানুয়াল প্ল্যান: এই বার্ষিক প্যাকেজটির মূল্য ১৬OT টাকা (যা প্রতি মাসে মাত্র ১৪২ টাকা হিসেবে পড়ে)। এই প্রিমিয়াম প্ল্যানে দর্শকরা পাবেন 4K আল্ট্রা এইচডি স্ট্রিমিং, ডলবি অ্যাটমস অডিও এবং একই সঙ্গে সর্বোচ্চ ৪টি ডিভাইসে লগ-ইন করে খেলা দেখার সুবিধা। এছাড়া জি ফাইভের সমস্ত প্রিমিয়াম বিনোদন কনটেন্টও এর সাথে বিনামূল্যে মিলবে।
টেলিভিশনে কীভাবে দেখবেন?
টেলিভিশনের পর্দায় প্রথাগত সম্প্রচার দেখতে পছন্দ করা দর্শকদের জন্য জি-র নতুন স্পোর্টস নেটওয়ার্ক ‘Unite8 Sports’ সম্পূর্ণ প্রস্তুত। এবারের বিশ্বকাপে দল সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গ্রুপ পর্বের একাধিক ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হবে। ফুটবলপ্রেমীরা যাতে একই সময়ে হওয়া সমান্তরাল ম্যাচগুলির কোনওটিই মিস না করেন, তার জন্য এই নেটওয়ার্কের ৪টি চ্যানেলেই (Unite8 Sports 1, 1 HD, 2, 2 HD) ম্যাচগুলি ভাগ করে একযোগে সম্প্রচার করা হবে। ডিটিএইচ (DTH) বা কেবল অপারেটরের মাধ্যমে দর্শকরা এই চ্যানেলগুলি নিজেদের টিভিতে যুক্ত করে নিতে পারবেন।

