বিয়েবাড়ি বা যেকোনো অনুষ্ঠানে সময়মতো পৌঁছনো নিয়ে বিভিন্ন দম্পতির মধ্যে প্রায়ই ছোটখাটো টানাপড়েন দেখা যায়। তবে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন এই সমস্যার এক অভিনব ও মজার সমাধান খুঁজে বের করেছেন। সম্প্রতি জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র মঞ্চে স্ত্রী জয়া বচ্চনকে সময়মতো তৈরি করানোর নিজস্ব কৌশলের কথা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের একটি পর্বে এক প্রতিযোগী অমিতাভের কাছে জানতে চান, কোথাও যাওয়ার সময় জয়া বচ্চন দেরি করলে তাঁকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় কি না। এই প্রশ্নের উত্তরে অমিতাভ জানান, জয়াকে সময়মতো প্রস্তুত করতে তাঁর কাছে একটি বিশেষ কৌশল রয়েছে। তিনি নাকি আসল সময়ের চেয়ে এক ঘণ্টা এগিয়ে সময় জানান। অমিতাভের ভাষায়, “যখনই কোথাও যাওয়ার থাকে, একটা সময় ঠিক করা হয়। আমি ওঁকে তার এক ঘণ্টা আগের সময়টা বলি। সেই মতো তিনি তৈরি হতে শুরু করেন।”
উদাহরণ দিয়ে অভিনেতা আরও বলেন, “ধরুন, বিয়েবাড়িতে যাওয়ার আসল সময় সন্ধ্যা ৬টা। আমি ওঁকে বলি, ৫টার মধ্যে বেরোতে হবে। ফলে তিনি সাড়ে তিনটে-চারটের মধ্যে তৈরি হওয়া শুরু করেন এবং শেষ পর্যন্ত আমরা ঠিক সময়েই পৌঁছে যাই।” অমিতাভের এই মজার স্বীকারোক্তি শোনার পর সেট উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে। সোশ্যাল মিডিয়ায় এই পর্বের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়তেই অনুরাগীরাও বেশ উপভোগ করেন। দীর্ঘ দাম্পত্য জীবনের ছোটখাটো এই কৌশলগুলোই যে অনেক সময় হাসির খোরাক জোগায়, অমিতাভের কথা তারই ইঙ্গিত দেয়।
এদিকে, সম্প্রতি ‘কেবিসি’ সঞ্চালনা নিয়ে নিজের মানসিক অস্বস্তির কথাও শেয়ার করেছিলেন অমিতাভ। শোয়ে অংশ নেওয়া প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনের গভীর ও দুঃখের গল্প শুনে অনেক সময়ই আবেগ সামলানো কঠিন হয়ে পড়ে বলে জানান তিনি। এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে বর্ষীয়ান এই অভিনেতা নিজের ব্লগে অবসরের ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন। তিনি লিখেছিলেন, “কিছু প্রতিযোগী এমন গভীর ব্যক্তিগত গল্প নিয়ে আসেন যে তাঁদের জন্য আমাদের অনুভূতিগুলো সামলে অনুষ্ঠান চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।” তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি অমিতাভ বচ্চন।

