পশ্চিমবঙ্গ গঠনের ঐতিহাসিক দলিল উধাও! প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গ গঠনের ঐতিহাসিক দলিল উধাও! প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

পাঁচ মাস পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাসের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ নথির। ১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বাংলার আইনসভায় পশ্চিমবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে ভারতের অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে যে ঐতিহাসিক আলোচনা হয়েছিল, তার প্রামাণ্য বিবরণ বিধানসভার গ্রন্থাগার থেকে কার্যত উধাও। এই ঘটনায় এ বার কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নথি সত্যিই নিখোঁজ প্রমাণিত হলে প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে তদন্তের দায়িত্ব দেওয়া হবে সিআইডি-কে।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগামী ৪ ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হলে তিনি নিজে গ্রন্থাগারে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন। তাঁর কথায়, ‘‘আমার কাছে কপি আছে। আমি রেকর্ডে জমা করিয়ে দেব। লাইব্রেরিতে আমরা পাইনি।’’ নথি সত্যিই হারিয়ে গিয়ে থাকলে তৎকালীন স্পিকার, বিধানসভার সচিব, সংশ্লিষ্ট আধিকারিক এবং গ্রন্থাগারিক— যাঁরা ওই নথির দায়িত্বে ছিলেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বাংলার আইনসভায় বাংলার ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। সেই অধিবেশনে পশ্চিমবঙ্গকে পৃথক প্রদেশ হিসেবে ভারতের অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে বিতর্ক হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-সহ তৎকালীন বিশিষ্ট নেতাদের বক্তব্য এবং প্রস্তাবের প্রামাণ্য বিবরণ ঐতিহাসিক গবেষণার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ, বিধানসভার গ্রন্থাগার থেকে সংশ্লিষ্ট বইটি ২০২৩ সালের গোড়ায় ইস্যু করা হয়েছিল। কিন্তু তার পর থেকে সেটি আর ফেরত আসেনি। বিধানসভার অনলাইন পোর্টালেও প্রয়োজনীয় নথির সন্ধান পাওয়া যায়নি।

এই নথির অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকেরাও। সম্প্রতি ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক কৃষ্ণ সরকার ১৯৪৭ সালের ২০ জুনের অধিবেশন সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে বিধানসভার গ্রন্থাগারে গিয়েছিলেন। মৌলানা আবুল কালাম আজ়াদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ়ে ‘দেশভাগ, হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ গঠন’ বিষয়ে বক্তৃতা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু প্রয়োজনীয় ঐতিহাসিক নথি না পাওয়ায় তাঁকে হতাশ হয়ে ফিরতে হয়।

এই বিতর্কের সঙ্গে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ দিবস পালনের রাজনৈতিক প্রেক্ষাপটও। ২০২৩ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির অধীনে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছিল। তবে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সিদ্ধান্তের বিরোধিতা করে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। রাজ্যে সরকার পরিবর্তনের পর বিজেপি সরকার আবার ২০ জুনকেই সরকারি ভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

এ দিকে, সোমবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ পরিবর্তন করে ‘পশ্চিমবঙ্গ’ করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এই সিদ্ধান্তকে আইনি স্বীকৃতি দিতে আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় প্রস্তাব এনে আলোচনা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সব মিলিয়ে, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন এবং রাজ্য গঠনের ইতিহাস সংক্রান্ত নথি উদ্ধারের বিষয়টি একই সময়ে রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব পেয়েছে। ঐতিহাসিক দলিলটি সত্যিই হারিয়ে গিয়েছে, নাকি অন্য কোথাও সংরক্ষিত রয়েছে, তা তদন্তের পরেই স্পষ্ট হবে। আপাতত নজর আগামী ৪ ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশনের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.