সরকারের কাজকর্ম নিয়ে মন্ত্রীদের প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রে এ বার লাগাম টানল রাজ্য সরকার। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের মন্তব্যের তিন দিনের মধ্যেই এ বিষয়ে পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন থেকে রাজ্য সরকার বা প্রশাসনের সামগ্রিক কাজকর্ম নিয়ে সংবাদমাধ্যমে বক্তব্য রাখার দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হল তিন মন্ত্রীর হাতে। অন্য মন্ত্রীরা কেবল নিজেদের দফতর সংক্রান্ত বিষয়েই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তাপস রায় এবং দীপক বর্মন। অন্যদিকে, হিন্দি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে উমেশ রাইকে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, মন্ত্রীরা নিজেদের দফতরের প্রয়োজনীয় তথ্য অবশ্যই সাংবাদিকদের জানাতে পারবেন। তবে সরকারের সামগ্রিক কাজকর্ম কিংবা প্রশাসনিক অবস্থান নিয়ে বক্তব্য রাখবেন নির্দিষ্ট ওই তিন জনই।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে কার্যত রাজ্য সরকারের তিন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন তাপস, দীপক ও উমেশ। তিন জনকে বেছে নেওয়ার ক্ষেত্রে ভৌগোলিক এবং রাজনৈতিক ভারসাম্যের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে মনে করা হচ্ছে। শিল্পমন্ত্রী তাপস রায় দক্ষিণবঙ্গের প্রতিনিধি। অন্যদিকে, স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব করছেন। আর হিন্দিভাষী মানুষের কাছে সরকারের বক্তব্য পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে উমেশ রাইকে।
হিন্দিভাষী জনসমাজের মধ্যে প্রভাবের নিরিখে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে কলকাতা পর্যন্ত পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের পরিচিতি উমেশের তুলনায় বেশি। উমেশের রাজনৈতিক জনভিত্তি মূলত হাওড়া এবং গঙ্গার পশ্চিম তীরবর্তী এলাকায়। তবে কলকাতা তথা গঙ্গার পূর্ব তীর থেকে তাপস রায়কে বেছে নেওয়ার কারণে হিন্দিভাষী মুখপাত্র নির্বাচনের ক্ষেত্রে হাওড়াকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। পাশাপাশি, মুখপাত্রদের তালিকায় বিজেপির আদি ও নব্য— দুই শিবিরের প্রতিনিধিত্ব রাখার চেষ্টাও লক্ষ করা যাচ্ছে। তাপস রায় নব্য বিজেপি নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে, দীপক বর্মন আদি বিজেপির পাশাপাশি পুরনো স্বয়ংসেবক হিসেবেও পরিচিত।
উল্লেখ্য, মন্ত্রীদের সংবাদমাধ্যমে অতিরিক্ত মন্তব্য করা নিয়ে গত শুক্রবার প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিজেপির ‘সেবাদূত’ কর্মসূচির প্রস্তুতি নিয়ে শুক্রবার রাজ্যের জেলা নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই শমীক অভিযোগ করেন, রাজ্যের একাধিক মন্ত্রী সংবাদমাধ্যমের সামনে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলছেন। তাঁর বক্তব্য ছিল, সরকারের অবস্থান বা বক্তব্য জানানোর দায়িত্ব নির্দিষ্ট কয়েক জনের হাতে দেওয়া প্রয়োজন, যাতে প্রত্যেকে সব বিষয়ে মন্তব্য না করেন। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বনসলও উপস্থিত ছিলেন। শমীক জানিয়েছিলেন, বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন।
এর পর শুক্রবার রাতেই বসেছিল রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক। বিজেপি সূত্রের দাবি, সেই বৈঠকে আলোচনার ফাঁকে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং সুনীল বনসলের মধ্যে বিষয়টি নিয়ে কথা হয়। সরকারের বক্তব্য প্রকাশের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়ার বিষয়েও তখনই আলোচনা হয়েছিল বলে দলীয় সূত্রে খবর।
শমীকের অসন্তোষ প্রকাশের তিন দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এর ফলে সরকারের সামগ্রিক অবস্থান তুলে ধরার ক্ষেত্রে নির্দিষ্ট কয়েক জনের বক্তব্যই গুরুত্ব পাবে। পাশাপাশি, মন্ত্রীদের পৃথক পৃথক মন্তব্যের কারণে সরকারের অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরির সম্ভাবনাও কমবে বলে মনে করা হচ্ছে।

