টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। এর আগে টেস্টে সর্বাধিক অর্ধশতরানের তালিকায় সচিন তেন্ডুলকরকে টপকে যাওয়ার পর, এবার টেস্টের চতুর্থ ইনিংসে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার অনন্য নজির গড়লেন তিনি।
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ ইনিংসে অপরাজিত ৬২ রান করে এই মাইলফলক স্পর্শ করেন রুট। টেস্টের চতুর্থ ইনিংসে তাঁর মোট রান এখন দাঁড়িয়েছে ২০৫৯। তিনিই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ও একমাত্র ব্যাটার যিনি চতুর্থ ইনিংসে দুই হাজার রানের গণ্ডি পার করলেন।
এই তালিকায় রুটের ঠিক পরেই রয়েছে ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নাম, যাঁর চতুর্থ ইনিংসে সংগ্রহ ১৬২৫ রান। ১৬১১ রান নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। এছাড়া ১৫৮০ রান করে পঞ্চম স্থানে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দ্রপল।
শুধু চতুর্থ ইনিংসেই নয়, মাঠের পরিসংখ্যানেও অনন্য রেকর্ড গড়েছেন জো রুট। এজবাস্টন টেস্টে তিনি ১০০০ রানের গণ্ডি পার করেছেন। এই নিয়ে ইংল্যান্ডের মোট চারটি আলাদা মাঠে টেস্টে এক হাজার বা তার বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। লর্ডস, ম্যাঞ্চেস্টার এবং ওভালের পর এবার এজবাস্টনও যোগ হলো এই বিশেষ তালিকায়।
প্রসঙ্গত, ব্যাট হাতে একের পর এক রেকর্ড নিজের নামে করে চলেছেন এই ইংলিশ ব্যাটার। পাকিস্তানের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টেই নিজের কেরিয়ারের ৬৯তম টেস্ট অর্ধশতরানটি সম্পূর্ণ করেন রুট। এর আগে টেস্ট ক্রিকেটে ৬৮টি অর্ধশতরান নিয়ে এই রেকর্ডের শীর্ষে ছিলেন সচিন তেন্ডুলকর। সেই রেকর্ড ভেঙে বর্তমানে টেস্টে সর্বাধিক অর্ধশতরানের তালিকায় এককভাবে শীর্ষস্থান দখল করেছেন রুট। এই তালিকায় ৬৬টি হাফ-সেঞ্চুরি নিয়ে তিন নম্বরে রয়েছেন শিবনারায়ণ চন্দ্রপল। এছাড়া ৬৩টি করে অর্ধশতরান নিয়ে যৌথভাবে চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার ও ভারতের রাহুল দ্রাবিড় এবং ৬২টি হাফ-সেঞ্চুরি নিয়ে পঞ্চম স্থানে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।

