কোচবিহারে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার দমকল আধিকারিক, ধৃত ডিভিশনাল ফায়ার অফিসারও

কোচবিহারে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার দমকল আধিকারিক, ধৃত ডিভিশনাল ফায়ার অফিসারও

ফায়ার লাইসেন্স দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে কোচবিহারে গ্রেফতার হলেন দমকল বিভাগের এক আধিকারিক। শুক্রবার ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন কোচবিহার ডিভিশনাল ফায়ার অফিসের অ্যাসিস্ট্যান্ট ফায়ার অপারেটর বিজন মণ্ডল। এই ঘটনায় দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ডিভিশনাল ফায়ার অফিসার স্বপনকুমার দাসকেও।

রাজ্য দুর্নীতি দমন শাখা সূত্রে খবর, কোচবিহারের একটি বার কাম রেস্তরাঁর ফায়ার লাইসেন্স দেওয়ার জন্য মালিকপক্ষের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন ডিভিশনাল ফায়ার অফিসার স্বপনকুমার দাস। অভিযোগ, পানশালা কর্তৃপক্ষের দাবি ছিল, তাঁদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ থাকা সত্ত্বেও লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করছিল দমকল বিভাগ। শেষ পর্যন্ত লাইসেন্সের বিনিময়ে ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ।

এই ঘটনায় পানশালার মালিকপক্ষ রাজ্য দুর্নীতি দমন শাখার কাছে অভিযোগ জানায়। তদন্তকারীদের পরামর্শ অনুযায়ী, মালিকপক্ষ কিস্তিতে ঘুষের টাকা দেওয়ার প্রস্তাব দেয়। তাতে রাজি হয়ে যান অভিযুক্ত আধিকারিকেরা। অভিযোগ, স্বপনকুমার দাসের হয়ে ঘুষের টাকা সংগ্রহ করছিলেন অ্যাসিস্ট্যান্ট ফায়ার অপারেটর বিজন মণ্ডল।

শুক্রবার ঘুষের প্রথম কিস্তি বাবদ ১৫ হাজার টাকা নিয়ে দমকল অফিসে যান মালিকপক্ষের প্রতিনিধি। সেই টাকা নেওয়ার সময়ই দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা বিজন মণ্ডলকে হাতেনাতে ধরে ফেলেন। তদন্তকারীদের দাবি, বিশেষ রাসায়নিক মাখানো টাকা নেওয়ার প্রমাণ মিলেছে। অভিযুক্ত হাত ধোয়ার পর তাঁর হাতে রং ফুটে ওঠে।

তদন্তে ঘুষ লেনদেনের ঘটনায় ডিভিশনাল ফায়ার অফিসার স্বপনকুমার দাসেরও যোগসূত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন শাখা। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকেও গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.