সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার জয়ের হ্যাটট্রিক, মিজোরামকে ৯৩ রানে হারিয়ে শীর্ষে অভিষেকরা

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার জয়ের হ্যাটট্রিক, মিজোরামকে ৯৩ রানে হারিয়ে শীর্ষে অভিষেকরা

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত ছন্দ অব্যাহত বাংলার। পর পর তিনটি ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করল বাংলা। শুক্রবার মুম্বইয়ে মিজোরামকে ৯৩ রানে হারাল তারা। ব্যাট হাতে রান পেলেন অভিষেক পোড়েল ও করণ লাল। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করলেন ঋষভ চৌধুরি। এ দিনের জয়ের পাশাপাশি পয়েন্ট তালিকায়ও শীর্ষস্থান দখল করল বাংলা। অন্য দিকে, কর্নাটকের পরাজয় বাংলার শীর্ষে ওঠার পথ আরও সহজ করে দেয়।

শুক্রবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল মিজোরাম। কিন্তু সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলার দুই ওপেনার অভিষেক ও করণ। তাঁদের দাপটে বড় রানের ভিত তৈরি হয়ে যায়। ৩০ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন অভিষেক। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। অন্য দিকে, ৪১ বলে ৬৭ রান করেন করণ। তাঁর ব্যাট থেকে আসে ন’টি চার ও একটি ছক্কা। দু’জনকেই আউট করেন লালথিয়ানাওমা।

এর পর আর কোনও উইকেট হারায়নি বাংলা। শাকির হাবিব গাঁধী এবং ঋষভ চৌধুরি দ্রুত রান তুলে দলকে বড় স্কোরে পৌঁছে দেন। শাকির ২৯ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। ঋষভের সংগ্রহ ২০ বলে ৩৫ রান। নির্ধারিত ওভারে বাংলার স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৯৬।

১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মিজোরাম। প্রথম ওভারেই জেহু আন্ডারসনকে ফিরিয়ে দেন মহম্মদ শামি। পঞ্চম ওভারে সাহিল শর্মার উইকেট তুলে নেন মুকেশ কুমার। এর পর বল হাতে কার্যত একাই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ঋষভ।

পর পর মনেন্দ্র সিংহ ও জোসেফ লালথানখুমাকে আউট করে মিজোরামের ব্যাটিংয়ে বড় ধাক্কা দেন তিনি। মনেন্দ্র ২১ রান করেন। অন্য দিকে, কোনও রান না করেই ফেরেন জোসেফ। একমাত্র চিন্ময় সুতার কিছুটা লড়াই চালান। ৪৩ বলে ৬১ রানের ইনিংসে পাঁচটি চার ও চারটি ছক্কা মারেন তিনি। মনেন্দ্র ও চিন্ময় ছাড়া মিজোরামের আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। শেষ পর্যন্ত ১০৩ রানেই গুটিয়ে যায় মিজোরামের ইনিংস।

বাংলার হয়ে বল হাতে সবচেয়ে সফল ঋষভ। চার ওভারে ২১ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। করণ লাল ১৪ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন। এ ছাড়া মহম্মদ শামি, মুকেশ কুমার ও সায়ন ঘোষ একটি করে উইকেট পান।

ব্যাট ও বল—দুই বিভাগেই দাপট দেখিয়ে বড় জয় তুলে নিল বাংলা। পর পর তিন ম্যাচে জয়ের ফলে সৈয়দ মুস্তাক আলি ট্রফির পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.