ঝিটকার জঙ্গলে হাতির হানায় মৃত্যু যুবকের, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বিপত্তি

ঝিটকার জঙ্গলে হাতির হানায় মৃত্যু যুবকের, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বিপত্তি

বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। বুধবার পশ্চিম মেদিনীপুরের লালগড় ও শালবনি থানার মধ্যবর্তী ঝিটকার জঙ্গলে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম অসিত মাহাতো (৩৭)। অভিযোগ, একটি হাতি তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালবনির বাসিন্দা অসিত বুধবার বন্ধুদের সঙ্গে ঝিটকার জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন। বিকেলে জঙ্গল থেকে হাতির পাল বেরিয়ে আসার পর তাদের ছবি তুলতে যান তিনি। সেই সময় একটি হাতি তাঁকে তাড়া করে। পালানোর চেষ্টা করলেও হাতির নাগাল থেকে রেহাই পাননি অসিত। বল্লামপুর থেকে তিলাঘাঘড়ি যাওয়ার মোরাম রাস্তায় ঘটনাটি ঘটে।

বন দফতর সূত্রে খবর, বুধবার বিকেলে ২০-২৫ জনের একটি দল হাতি দেখতে ঝিটকার জঙ্গলে গিয়েছিল। ওই জঙ্গলে বর্তমানে আটটি হাতি রয়েছে। দলের সদস্য অসিত হাতিগুলির ছবি তুলছিলেন। আচমকাই একটি হাতির সামনে পড়ে যান তিনি। দৌড়ে পালানোর আগেই হাতিটি তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে। আতঙ্কে বাকি যুবকেরা সেখান থেকে পালিয়ে যান।

পরে হাতির দল ঘটনাস্থল থেকে সরে গেলে জখম অসিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য অসিতের দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাতি দেখতে যাওয়া এবং ছবি তোলার বিষয়টি প্রাথমিক তদন্তে জানতে পেরেছে বন দফতর। ঘটনার অন্য দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.