বাংলাদেশে ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ঘর ভাঙার অভিযোগ, কেটে ফেলা হল বটগাছও, ক্ষোভ সংস্কৃতিকর্মীদের

বাংলাদেশে ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ঘর ভাঙার অভিযোগ, কেটে ফেলা হল বটগাছও, ক্ষোভ সংস্কৃতিকর্মীদের

বাংলাদেশের রাজশাহীতে প্রয়াত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার একটি ঘর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বাড়ির দেওয়াল ঘেঁষে থাকা একটি বটগাছও কেটে ফেলা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহী শহরের ঘোড়ামারা মহল্লার মিঞাপাড়ায় গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করেছে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’। এই ঘটনায় বুধবার ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও ‘ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি’র সদস্যেরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংরক্ষণের দাবি জানানো হলেও পরিকল্পিত ভাবে ঐতিহাসিক বাড়িটি নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার যে ঘরটি ভাঙা হয়েছে, সেখানে আগে পরিচালকের ৯৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছিল। ওই ঘরের দেওয়ালে আঁকা ছিল ঋত্বিকের প্রতিকৃতি এবং তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলির নাম। চলতি বছরের ৪ নভেম্বরও সেই ঘরেই পরিচালকের ১০১তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছিল।

স্থানীয় সংস্কৃতিকর্মী হাসিবুল হাসনাতের দাবি, ২০২৪ সালের পর থেকে তিন-চার বার বাড়িটি ভাঙার চেষ্টা হয়েছে। তিনি বলেন, ‘‘প্রথমে বড় যন্ত্রপাতি দিয়ে বাড়ির বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। এর পরে শ্রমিক ও মিস্ত্রি দিয়ে ধীরে ধীরে অবশিষ্ট অংশ ভাঙার চেষ্টা চলছে। আমরা চাই, জায়গাটি সংরক্ষণ করা হোক।’’

‘ঋত্বিক ১০১তম বর্ষপূর্তি উদ্‌যাপন কমিটি’র সদস্য-সচিব আতিকুর রহমানের অভিযোগ, শ্রমিকেরা জায়গাটি পরিষ্কার করার কথা বললেও সেখানে আসলে ভাঙার কাজ চলছিল। পরে তাঁদের সেই কাজ বন্ধ করতে বলা হয়। তাঁর দাবি, রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঐতিহাসিক স্থাপনাটি ধ্বংস করে জমিটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের কাছে বাড়িটি সংরক্ষণের আবেদন জানিয়েছেন তিনি।

সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ভাঙা নিয়েও বিতর্ক

বাংলাদেশে ঐতিহাসিক বাড়ি সংরক্ষণ নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগে গত বছরের জুলাই মাসে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ির একাংশ ভেঙে ফেলা হয়েছিল। পরে তীব্র বিতর্কের জেরে বাড়িটি ভাঙার কাজ স্থগিত রাখা হয়।

উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পরিবারের ওই প্রাচীন বাড়িটি ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় রোডে অবস্থিত। সেখানে ময়মনসিংহ শিশু অ্যাকাডেমি চলত। ২০০৭ সালের পর থেকে বাড়িটি আর ব্যবহার করা হয়নি। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে সেটি ভেঙে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করেছিল শিশু অ্যাকাডেমি কর্তৃপক্ষ। সেই পরিকল্পনা ঘিরেই তৈরি হয়েছিল বিতর্ক।

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটে ভাঙার অভিযোগে নতুন করে বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রশ্ন সামনে এল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.