ট্রেনের কামরা কিংবা স্টেশন চত্বরে মোবাইলে উচ্চস্বরে গান শোনা, ভিডিয়ো দেখা বা জোরে কথা বলার অভ্যাসে এ বার লাগাম টানতে উদ্যোগী হল পূর্ব রেল। সহযাত্রীর কাছ থেকে অভিযোগ জমা পড়লে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে। নিয়ম লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ১,০০০ টাকা জরিমানা অথবা ছ’মাস পর্যন্ত কারাদণ্ড, এমনকি দুই শাস্তিই হতে পারে। সম্প্রতি এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে পূর্ব রেল। রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু যাত্রী। তাঁদের দাবি, একই ধরনের নিয়ম মেট্রো এবং বাসের মতো অন্যান্য গণপরিবহণেও চালু করা হোক।
দীর্ঘদিন ধরেই ট্রেনের ভিতরে মোবাইলে উচ্চস্বরে গান বাজানো, ভিডিয়ো দেখা কিংবা জোরে কথা বলার কারণে সহযাত্রীদের অসুবিধার অভিযোগ জমা পড়ছিল পূর্ব রেলের কাছে। সেই অভিযোগের ভিত্তিতেই এ বার পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। নির্দেশিকায় জানানো হয়েছে, ট্রেন বা স্টেশন চত্বরে কোনও যাত্রী উচ্চস্বরে মোবাইলে গান শুনলে, ভিডিয়ো দেখলে কিংবা জোরে কথা বললে এবং সেই আচরণ নিয়ে অভিযোগ জমা পড়লে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। মোবাইলের রিংটোন উচ্চস্বরে বাজানোর ক্ষেত্রেও সতর্ক করা হয়েছে যাত্রীদের।
যাত্রীদের সচেতন করতে একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছে পূর্ব রেল। ট্রেনের কামরায় নোটিস বা স্টিকার লাগিয়ে সতর্কবার্তা প্রচার করতে হবে। পাশাপাশি, স্টেশনগুলিতে মাইকের মাধ্যমে বার বার ঘোষণা করতে হবে। হিন্দি, ইংরেজি এবং আঞ্চলিক ভাষায় এই ঘোষণা করার কথা বলা হয়েছে নির্দেশিকায়।
ঘোষণায় যাত্রীদের উদ্দেশে বলা হবে, ট্রেন বা স্টেশন চত্বরে ভ্রমণের সময় উচ্চস্বরে গান বাজানো, ভিডিয়ো দেখা কিংবা জোরে কথা বলা থেকে বিরত থাকতে হবে। মোবাইলের রিংটোনের আওয়াজ কমিয়ে রাখতে হবে। প্রয়োজনে ফোন সাইলেন্ট মোডে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, এই ধরনের আচরণ উপদ্রবের পর্যায়ে পৌঁছোলে রেল আইনের ১৪৫ ধারা অনুযায়ী শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। সহযাত্রীর অভিযোগ পাওয়ার পর টিকিট পরীক্ষক বা তাঁর ঊর্ধ্বতন আধিকারিকেরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। এ বিষয়ে পূর্ব রেলের সদর দফতর থেকে সমস্ত স্টেশনে চিঠি পাঠানো হয়েছে। হাওড়া, শিয়ালদহ, আসানসোল এবং মালদহ—পূর্ব রেলের চারটি ডিভিশনের অধীন সমস্ত স্টেশনে যাত্রীদের সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মাসেই একই ধরনের পদক্ষেপের কথা জানিয়েছিল দক্ষিণ রেল। এ বার পূর্ব রেলও তাদের নির্দেশিকায় ২০১২ সালের ২৩ জুলাই জারি করা একটি নির্দেশিকার প্রসঙ্গ উল্লেখ করেছে। সেই নির্দেশিকাতেও মোবাইলে উচ্চস্বরে কথা বলা এবং রিংটোনের আওয়াজ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। রেল কর্তৃপক্ষের বক্তব্য, এ ধরনের আচরণে সহযাত্রীদের অসুবিধা হয়। বিশেষত শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এই সমস্যা আরও বেশি অনুভূত হতে পারে।
তবে শুধু লোকাল বা দূরপাল্লার ট্রেনেই নয়, কলকাতা মেট্রো-সহ অন্যান্য গণপরিবহণেও একই সমস্যার মুখোমুখি হতে হয় যাত্রীদের। কসবার বাসিন্দা সুমন দাস কর্মসূত্রে নিয়মিত চাঁদনি চক যাতায়াত করেন। তাঁর অভিযোগ, ভিড় মেট্রোয় প্রায়ই কেউ কেউ মোবাইলে উচ্চস্বরে রিল্স দেখেন। একাধিক বার নিষেধ করেও কোনও লাভ হয়নি। তাই এখন আর কাউকে কিছু বলেন না তিনি। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন বাঁশদ্রোণীর বাসিন্দা অরুণিমা পাল। তাঁর মতে, ট্রেনের মতো মেট্রোতেও যদি এমন নিয়ম চালু করা হয়, তা হলে যাত্রীদের সুবিধা হবে।
যদিও এ বিষয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এখনও পর্যন্ত এমন কোনও পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্য পরিবহণ দফতরও আপাতত বাস-সহ অন্যান্য গণপরিবহণে একই ধরনের বিধিনিষেধ চালুর কথা ভাবছে না। ফলে পূর্ব রেলের এই উদ্যোগের পরও মেট্রো ও বাসে যাত্রীদের এমন অভিজ্ঞতা থেকে মুক্তি মিলবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

