ভারত ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক মতপার্থক্য দূরে সরিয়ে সহযোগিতার ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও দুই দেশের মধ্যে আলোচনার পথে সবচেয়ে বড় বাধা পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত। এই অবস্থান স্পষ্ট করে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, পাকিস্তানের মদতে নিরীহ মানুষের প্রাণহানি অব্যাহত থাকলে ইসলামাবাদের সঙ্গে আলোচনায় বসা সম্ভব নয়।
বুধবার আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে এক আলাপচারিতায় অংশ নেন রাহুল। সেখানে পাকিস্তানের এক পড়ুয়া তাঁকে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। খুশ নামে ওই পড়ুয়ার প্রশ্ন ছিল, পারস্পরিক দোষারোপ বন্ধ করে দুই প্রতিবেশী দেশ নিজেদের স্বার্থে একসঙ্গে কাজ করতে পারে কি না।
জবাবে রাহুল বলেন, দুই দেশের মধ্যে আলোচনার সুযোগ অবশ্যই রয়েছে। তবে তার পথে একটি বড় সমস্যা রয়েছে। পাকিস্তান ভারতে সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং মদত জোগায়। তাঁর কথায়, এক দিকে নিরীহ মানুষের প্রাণ যাবে, অন্য দিকে পাকিস্তানের সঙ্গে আলোচনাও চলবে—এমন পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব নয়।
এ দিনের আলোচনায় ভারতের গণতন্ত্র নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন রাহুল। দেশের গণতন্ত্রকে ‘পবিত্র’ বলে উল্লেখ করে তিনি নির্বাচন বয়কটের সম্ভাবনা খারিজ করে দেন। তাঁর মতে, নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হলে সেই মুহূর্তেই দেশে গণতন্ত্রের অবসান ঘটবে।
রাহুল জানান, নির্বাচন ব্যবস্থায় যে অনিয়ম ঘটছে বলে তাঁদের অভিযোগ, তা জনসমক্ষে তুলে ধরাই কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলির প্রধান লক্ষ্য। তাঁর দাবি, দেশের নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে—এই বিষয়টি সাধারণ মানুষ যত দিন না উপলব্ধি করছেন, তত দিন বিরোধীরা চাপ ও প্রতিকূলতা সহ্য করেই নিজেদের লড়াই চালিয়ে যাবেন।

