পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুতে দিশাহারা মেয়ে অর্পিতা, বাবাই ছিলেন সরকারি চাকরির স্বপ্ন দেখার অনুপ্রেরণা

পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুতে দিশাহারা মেয়ে অর্পিতা, বাবাই ছিলেন সরকারি চাকরির স্বপ্ন দেখার অনুপ্রেরণা

বাবাই ছিলেন জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। পড়াশোনায় ভাল মেয়ে, তাই তাঁকে সরকারি চাকরির জন্য তৈরি করতে চেয়েছিলেন বাবা। প্রতিটি পদক্ষেপে উৎসাহ জুগিয়েছেন, বড় হওয়ার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু আচমকাই থেমে গেল সেই স্বপ্নের পথ। পানিহাটিতে বিজেপির অন্তর্দলীয় সংঘর্ষের অভিযোগকে কেন্দ্র করে মৃত্যু হয়েছে বিজেপিকর্মী অরূপ সাহার। বাবাকে হারিয়ে কার্যত দিশাহারা দ্বাদশ শ্রেণির ছাত্রী অর্পিতা সাহা। অন্য দিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে বিজেপি নেতৃত্ব।

ঘটনার সূত্রপাত শনিবার। পানিহাটি-১ মণ্ডলের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হন বিজেপির উত্তর ২৪ পরগনার পানিহাটি-১ মণ্ডলের সম্পাদক রুমা সাহা। অভিযোগ, তাঁকে গালিগালাজ করা হয়। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে আসেন বিজেপিকর্মী অরূপ। সেই সময় তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এর পর অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়ি ফিরে বমি শুরু হয়। পরিবারের দাবি, বমির সঙ্গে রক্তও বেরিয়েছিল। তড়িঘড়ি তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সামনে এসেছে। অরূপের স্ত্রী রুমা সাহার দাবি, দলের ‘নব্য বিজেপি’ অংশের লোকজনই এই অশান্তির জন্য দায়ী। তাঁর অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে আসা কয়েক জন হামলায় জড়িত ছিলেন। রাজদীপ দাস, রাজা তহশিলদার, সুরজিৎ বিশ্বাস ওরফে ননি-সহ প্রায় ৪০-৫০ জন যুবকের নাম উল্লেখ করেছেন তিনি। হামলার সময় নির্মল ঘোষের অনুগামীরাও উপস্থিত ছিলেন বলে অভিযোগ রুমার।

রুমার অভিযোগকে সমর্থন করেছেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। রবিবার অরূপের বাড়িতে গিয়ে শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। রুমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা জানানোর সময় আবেগপ্রবণ হয়ে পড়েন বিধায়ক। তাঁর কথায়, ‘‘এই ফ্যামিলির জন্য আমিই দায়ী। আমার মনে হচ্ছে, বিজেপি যদি না জিতত তা হলেই বোধহয় ভাল হত…।’’ তিনি আরও বলেন, ‘‘এদের বাবা চলে গেল। আমার মেয়েটা চলে গেল…।’’ অরূপের মৃত্যুর ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিধায়ক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেন তিনি।

বাবার মৃত্যুর পর থেকে সেই রাতের ঘটনা কিছুতেই ভুলতে পারছেন না অর্পিতা। তাঁর দাবি, বাবা কোনও রাজনৈতিক বিবাদে জড়াতেন না। এমনকি সাধারণত কারও সঙ্গে উচ্চস্বরে কথাও বলতেন না। অর্পিতার কথায়, ‘‘আমার বাবার তো ওখানে (ঘটনাস্থলে) যাওয়ার কথাই ছিল না। মা বলেছিল ঝামেলা হয়েছে। তাই বাবা গিয়েছিল মায়ের পাশে দাঁড়াতে। কিন্তু সেখানে গিয়ে যে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে, তা ভাবতেও পারিনি।’’

অর্পিতার দাবি, তাঁর বাবার কোনও শারীরিক অসুস্থতাও ছিল না। নিয়মিত কোনও ওষুধ খেতেন না অরূপ। তাঁর কথায়, ‘‘বাবা কোনও ওষুধ খেত না। জ্বর হলেও বলত, বিশ্রাম নিলেই সেরে যাবে।’’

বাবার মৃত্যুর পাশাপাশি আসন্ন আইএসসি পরীক্ষা নিয়েও উদ্বেগে অর্পিতা। পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যে বাবা প্রতিনিয়ত তাঁকে পড়াশোনায় মন দিতে বলতেন, সেই মানুষটিই আজ আর পাশে নেই। অর্পিতার কথায়, ‘‘বাবা ছিল আমার মোটিভেশন। আমাকে সব সময় বলত ভাল করে পড়াশোনা করতে হবে। অনেক বড় হতে হবে। পেতে হবে সরকারি চাকরি। পরীক্ষার তিন মাস আগে বাবা বলেছিল, ভাল করে পড়াশোনা কর, ভাল রেজাল্ট করতে হবে। এখন আর বাবা নেই। কী বলব!’’

অন্য দিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অরূপের মৃত্যুর কারণ হিসেবে হৃদ্‌রোগের উল্লেখ রয়েছে। ইতিমধ্যেই অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পরিবারের তরফেও পৃথক কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে।

এ দিকে, পানিহাটির ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠনের কথা ঘোষণা করেছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু জানান, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে এই কমিটি তৈরি করা হয়েছে। কমিটির নেতৃত্বে থাকবেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাহুল সিংহ। অন্য দুই সদস্য হলেন রাজ্য সম্পাদক নীলাদ্রি অধিকারী এবং সোনালি মুর্মু।

সায়ন্তন বলেন, ‘‘দল থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য বিজেপি সভাপতির (শমীক ভট্টাচার্য) নির্দেশে জানাচ্ছি, পানিহাটিতে যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। ঘটনাটি খতিয়ে দেখতে তিন জনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।’’

বিজেপির দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দলের অভ্যন্তরীণ বিবাদ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে এই ধরনের তথ্যানুসন্ধান কমিটি গঠনের ঘটনা প্রথম। তিন দিনের মধ্যে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কাছে রিপোর্ট জমা দেবে ওই কমিটি। ফলে পানিহাটির ঘটনায় পুলিশের তদন্তের পাশাপাশি দলের অভ্যন্তরীণ অনুসন্ধানের দিকেও নজর থাকছে রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.