দারিদ্রের দিন বদলেছে, তবু পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে মাওবাদী আতঙ্কের ছায়া

দারিদ্রের দিন বদলেছে, তবু পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে মাওবাদী আতঙ্কের ছায়া

‘‘একবেলা খেতে পেতাম। কোনও কোনও দিন তা-ও জুটত না। কেন্দুফল খেয়ে, কুল খেয়ে পেট ভরাতাম।’’ পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম ধাদকার বাসিন্দা কালীপদ প্রামাণিকের কথায় উঠে এল একসময়ের অভাব-অনটনের ছবি। ওসি নীলমাধব দাসের বধ্যভূমি হিসেবে পরিচিত কাঁটাগোড়ার জঙ্গলে দাঁড়িয়ে তাঁর বক্তব্য, এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। অন্তত দু’বেলা খাবার ও ন্যূনতম পোশাকের অভাব আর আগের মতো নেই। সেই কারণেই দারিদ্রের সুযোগ নিয়ে কাউকে মাওবাদী স্কোয়াডে সামিল করা এখন কঠিন বলে মনে করেন তিনি। তবে পুরুলিয়ার রাজনৈতিক নেতৃত্ব বিষয়টি নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না।

তার কারণ, রাজ্যে সরকার পরিবর্তনের কয়েক সপ্তাহের মধ্যেই পুরুলিয়ায় মাওবাদী তৎপরতার ইঙ্গিত মিলেছে। জুনের গোড়ায় ঝালদা থানা এলাকায় লাল কালিতে লেখা পোস্টারে বিজেপির পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোকে হুমকি দেওয়া হয়। রাজ্য বিজেপির চার বারের সাধারণ সম্পাদক এবং কোর কমিটির সদস্য জ্যোতির্ময় দলের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের সঙ্গেও যুক্ত। তাঁর নিজের এলাকায় এ ধরনের হুমকি পোস্টার ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে জেলা বিজেপির অন্দরে।

যদিও সাংসদ নিজে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নন। তাঁর কথায়, ‘‘২০১৯ সালে আমি পুরুলিয়ার সাংসদ হই। যখন ভোটের প্রচার চলছে, তখন ভিড়ের মধ্যে অস্ত্র হাতে এক জন আমার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। হামলা করার আগেই ধরা পড়ে যান। তখন তো রাজ্যে আমাদের সরকারও ছিল না। তখন ভয় পাইনি, এখন কেন পাব?’’

একই রকম আশাবাদী পুলিশ সুপার কুমার সানি রাজও। জেলার ২৬টি থানার মধ্যে মাত্র ন’টিতে এখন বিশেষ সশস্ত্র বাহিনী মোতায়েন রাখতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ওই থানাগুলির সবক’টিই ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া। পুলিশ সুপারের কথায়, ‘‘এখনও তিন কোম্পানি সিআরপিএফ জেলায় রয়েছে। এক বছর পরে সেটারও আর প্রয়োজন পড়বে না বলে আমার আশা।’’

প্রায় ১৫ বছর আগে জামবনির বুড়িশোলের জঙ্গলে মাওবাদী নেতা কিষেণজির মৃত্যু পশ্চিমবঙ্গে মাওবাদী সংগঠনের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছিল। তার পর থেকেই জঙ্গলমহলে সংগঠনের প্রভাব ক্রমশ কমতে শুরু করে। গত এক দশকে একের পর এক মাওবাদী নেতা গ্রেফতার হয়েছেন, আত্মসমর্পণ করেছেন অথবা গুলির লড়াইয়ে নিহত হয়েছেন। চলতি বছরের গোড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশকে মাওবাদী হিংসামুক্ত বলে ঘোষণা করেছেন। সেই পরিস্থিতিতে জ্যোতির্ময়ের মতো গুরুত্বপূর্ণ নেতাকে হুমকি দিয়ে পোস্টার পড়ায় প্রশ্ন উঠলেও সাংসদের বক্তব্য, ‘‘মাওবাদীদের নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।’’

নজরদারিতে সিআইএফ, ভরসা স্থানীয় নেটওয়ার্ক

পুরুলিয়ায় মাওবাদী নেটওয়ার্কের পুনরুত্থান ঠেকাতে পুলিশের অন্যতম ভরসা রাজ্যের নিজস্ব কাউন্টার ইনসারজেন্সি ফোর্স (সিআইএফ)। বাহিনীর সদস্যেরা বয়সে তরুণ, শারীরিক ভাবে সক্ষম এবং পাহাড়-জঙ্গলের প্রতিকূল পরিবেশে কাজ করতে অভ্যস্ত। তার পাশাপাশি এলাকার ভূগোল সম্পর্কে তাঁদের পরিচিতি এবং স্থানীয় সূত্রের সঙ্গে যোগাযোগও পুলিশের কাছে গুরুত্বপূর্ণ।

পুলিশ সুপারের কথায়, ‘‘গোটা এলাকাটা ওঁরা হাতের তালুর মতো চেনেন। সোর্সও খুব ভাল।’’

জংলা ছাপের উর্দি, মাথায় টুপি, চোখে রোদচশমা এবং হাতে কালাশনিকভ নিয়ে ভারী মোটরবাইকে টহল দিচ্ছেন সিআইএফের চার বা আট সদস্যের দল। বাঁকুড়ার ঝিলিমিলি পেরিয়ে পুরুলিয়ায় ঢোকার মুখে কুইলাপাল চেকপোস্টে তাঁদের দেখা মেলে। অন্য দিকে, ঝাড়খণ্ডের গালুডির দিক থেকে সীমান্ত পেরিয়ে কয়েক কিলোমিটার এগোলেই কুঁচিয়া চেকপোস্টে দিনরাত চলছে নজরদারি। পুলিশ সুপারের বিশ্বাস, কয়েকটি গুরুত্বপূর্ণ থানা এলাকায় সিআইএফের উপস্থিতিই মাওবাদীদের নতুন করে সংগঠিত হওয়ার সম্ভাবনা ঠেকাতে যথেষ্ট।

তবে শুধু পুলিশি নজরদারিই নয়, মাওবাদী প্রভাব কমার পিছনে সামাজিক পরিবর্তনকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কুমার সানি রাজ। তাঁর মতে, তরুণ প্রজন্মকে এখন আর আগের মতো সহজে ভুল বুঝিয়ে প্রভাবিত করা যাচ্ছে না। ইন্টারনেটের মাধ্যমে পাহাড়-জঙ্গলের বাইরের পৃথিবী সম্পর্কে তাদের ধারণা তৈরি হচ্ছে।

যদিও বান্দোয়ানের বিস্তীর্ণ এলাকায় এখনও মোবাইল নেটওয়ার্কের সমস্যা রয়েছে। কোথাও এক-আধ কিলোমিটার এলাকায় জিয়ো-র নেটওয়ার্ক পাওয়া গেলেও, অন্য এলাকায় ভোডাফোনের সংযোগ পেতে ১০-১৫ কিলোমিটার দূরে যেতে হয়। ওয়াইফাই ছাড়া ব্লকের অধিকাংশ এলাকায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা পাওয়া কঠিন। তবু স্থানীয় তরুণেরা সকালে বা বিকেলে দল বেঁধে নেটওয়ার্ক পাওয়া যায় এমন জায়গায় জড়ো হন। কেউ সমাজমাধ্যম দেখেন, কেউ রিল্‌স, কেউ ইউটিউব। পুলিশ সুপারের মতে, এর ফলে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন রেখে একতরফা প্রচারের মাধ্যমে তরুণদের প্রভাবিত করা আর আগের মতো সহজ নয়।

সরকারি প্রকল্পে ভরসা, নিজস্ব আয়ে অনিশ্চয়তা

তবে ইন্টারনেটের মাধ্যমে বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ বাড়লেও তার ফলে স্থানীয় মানুষের কাছে আর্থিক বৈষম্য ও বঞ্চনার ছবিও স্পষ্ট হচ্ছে। অথচ দারিদ্র এবং বঞ্চনার অনুভূতিই একসময় মাওবাদী প্রভাব বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করেছিল। কালীপদের কথায়, এখন অন্তত দু’বেলা খাবার ও পোশাকের ব্যবস্থা হয়। কিন্তু আর্থিক স্বচ্ছলতার পথে যাত্রা এখনও শুরু হয়নি। অধিকাংশ পরিবারের ভরসা সরকারি অনুদান।

অন্ন সুরক্ষা যোজনায় মাসে মাথাপিছু আট কেজি চাল এবং তিন কেজি গম বিনামূল্যে দেওয়া হয়। পাশাপাশি রয়েছে অন্নপূর্ণা যোজনা। বহু পরিবারে একাধিক সদস্য এই সুবিধা পান। বয়স্কদের জন্য রয়েছে বার্ধক্যভাতাও। গত জুন থেকে চালু হয়েছে ‘ভিবি জিরামজি’ প্রকল্প। এই প্রকল্পে বছরে ১২৫ দিন কাজ দেওয়ার কথা। পঞ্চায়েতের নির্মাণ সহায়ক তন্ময় মণ্ডলের দাবি, ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় গড়ে ১৫ দিন করে কাজ দেওয়া হয়েছে। দৈনিক মজুরি ৩০০ টাকা।

সরকারি প্রকল্পের বাইরে ব্যক্তিগত উদ্যোগে আয়ের সুযোগ অবশ্য সীমিত। সাঁওতাল, ভূমিজ ও শবর সম্প্রদায়ের অধিকাংশ গ্রামে জীবিকার প্রধান অবলম্বন জঙ্গল থেকে বিভিন্ন সামগ্রী সংগ্রহ, সামান্য চাষাবাদ এবং পশুপালন। বছরে একবার ধান চাষ হয়। পাহাড়ের ঢালে ধাপে ধাপে কিছু জমিতে ফুলকপি, বেগুন, টমেটোর মতো সব্জিও ফলানো হয়।

একসময় বাবুই ঘাস বিক্রি এবং সেই ঘাস দিয়ে দড়ি তৈরি করে অনেকের উপার্জন হত। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই কাজেও ভাটা পড়েছে। পাহাড়ের পাদদেশে বাবুই ঘাসের জোগান কমে গিয়েছে। দুয়ারসিনির বাসিন্দা চন্দন সিংহ সর্দারের ব্যাখ্যা, বাঁশঝাড়ের মতো বাবুইয়ের ঝাড়ও বহু বছর পরে নষ্ট হতে শুরু করে। নতুন করে বাবুইয়ের চাষ করতে হলে গোড়ার মাটি খুঁড়ে নতুন মাটি ফেলতে হবে। সেই কাজ না হওয়ায় ঘাসের জোগান কমছে। বর্তমানে যে পরিমাণ বাবুই পাওয়া যায়, তার দাম কেজিপ্রতি ৩০ টাকার বেশি নয়। দড়ি তৈরি করে বিক্রি করলে পাইকারি দর কেজিতে ৬০ টাকা।

জঙ্গল থেকে শালপাতা ও কাঠ সংগ্রহ করেও কিছু আয় হয়। প্রায় প্রতিটি পরিবারই এই কাজের সঙ্গে যুক্ত। এক বোঝা শালপাতা বিক্রি হয় ২০ থেকে ৩০ টাকায়। কাঠ বিক্রির ক্ষেত্রে প্রচলিত মাপ ‘এক সাইকেল’। তার দাম ৩৫০ থেকে ৪০০ টাকা। তবে এই মাপের নির্দিষ্ট কোনও সংজ্ঞা নেই। কোথাও সাইকেলে যতটা কাঠ বহন করা যায়, সেটাই এক সাইকেল। আবার কোথাও সাইকেলের সিট ও হ্যান্ডেলের মাঝের ফাঁকা অংশে যতটা কাঠ রাখা যায়, তাকেই ওই মাপ ধরা হয়।

পশুপালনও বহু পরিবারের আয়ের অন্যতম উৎস। অনেক বাড়িতেই ছাগল ও গরু রয়েছে। গরুর মধ্যে গাই ও বলদ—দু’ধরনেরই দেখা মেলে। চাষের কাজে বলদ ব্যবহার করা হয়, গাই থেকে দুধও পাওয়া যায়। পাহাড়ের ঢালে চরে বেড়ানোয় পশু পালনের খরচ তুলনামূলক কম। তবে সন্ধ্যার আগে সব পশুকে জড়ো করে বাড়ি ফেরানোই বড় কাজ। ছাগল বড় হতে প্রায় ছ’মাস লাগে। ফলে বছরে দু’বার ছাগল বিক্রির সুযোগ থাকে। আকার অনুযায়ী এক একটি ছাগলের দাম গড়ে ১৪-১৫ হাজার টাকা। স্থানীয় বাজারে ছাগলের মাংসের দাম কেজিপ্রতি ৮০০ টাকা।

জীবিকার সন্ধানে ঝাড়খণ্ডমুখী শ্রমিক

পুরুলিয়ার এই অঞ্চলে স্থানীয় ভাবে রোজগারের সুযোগ সীমিত। তাই আয় বাড়াতে বহু মানুষকে পরিযায়ী শ্রমিকের জীবন বেছে নিতে হচ্ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে ৯টার মধ্যে দুয়ারসিনি মোড় পেরিয়ে একের পর এক পিকআপ ভ্যান ঝাড়খণ্ডের দিকে রওনা হয়। গাড়িগুলিতে যাত্রীদের ঠাসাঠাসি ভিড়। কেউ দরজায় ঝুলে থাকেন, কেউ ছাদে উঠে পড়েন। তাঁদের গন্তব্য গালুডি, সরাইকেলা-খরসওয়ান এবং জামশেদপুরের বিভিন্ন বেসরকারি সংস্থা ও নির্মাণ প্রকল্প।

রাত ৮টা থেকে ৯টার মধ্যে একই ভাবে শ্রমিকদের নিয়ে ফিরে আসে গাড়িগুলি। দুয়ারসিনি মোড় থেকে কোনও গাড়ি ডান দিকে ঘুরে লুকাপানি ও পচাপানির দিকে যায়। অন্য গাড়িগুলি সোজা চলে যায় ভালপাহাড় ও ডাঙ্গরজুড়ির দিকে।

গত কয়েক বছরে ঝাড়খণ্ডের একাধিক মাওবাদী প্রভাবিত এলাকার ছবিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সেখানে বিনিয়োগ হয়েছে, গড়ে উঠেছে কারখানা। সেই সব শিল্প ও নির্মাণ প্রকল্পে কাজ পাচ্ছেন পশ্চিমবঙ্গের শ্রমিকেরাও। অন্য দিকে, গত কয়েক দশকের উপেক্ষার অভিযোগ তুলে নতুন রাজ্য সরকারের দাবি, ক্ষমতায় এসেই তারা বিনিয়োগ টানার উদ্যোগ শুরু করেছে। গত পাঁচ মাসে পুরুলিয়ায় প্রায় সাড়ে ছ’হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে বলে দাবি করা হচ্ছে। আগামী পাঁচ বছরে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

তবে এই বিনিয়োগের সিংহভাগ এখনও রঘুনাথপুর, সাঁতুড়ি ও পারা এলাকায় কেন্দ্রীভূত। এই অঞ্চলগুলি পার্শ্ববর্তী দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলের কাছাকাছি। অন্য দিকে, মানবাজার ও বান্দোয়ানের মতো প্রত্যন্ত অঞ্চলগুলি ওই এলাকা থেকে শতাধিক কিলোমিটার দূরে। ফলে বিনিয়োগ গোটা জেলায় ছড়িয়ে না পড়লে পুরুলিয়ার দক্ষিণ-পশ্চিম প্রান্তের মানুষের অর্থনৈতিক নির্ভরতা ঝাড়খণ্ডের উপরেই থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবু জেলায় বিনিয়োগ আসতে শুরু করায় আশার আলো দেখছেন অনেকে। তাঁদের বিশ্বাস, অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে অতীতের চরম দারিদ্রের দিন আর ফিরবে না। সেই সঙ্গে মাওবাদী প্রভাব বিস্তারের সম্ভাবনাও কমবে। তবে পুরুলিয়ার বর্তমান উদ্বেগের কেন্দ্রবিন্দু যে শুধু মাওবাদী তৎপরতা নয়, তার ইঙ্গিতও মিলছে। সেই প্রসঙ্গ উঠে আসবে পরবর্তী কিস্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.