পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কর্মসংস্থানমূলক উদ্যোগ ‘পেস’ (পুলিশ অ্যাসিস্ট্যান্স ইন কেরিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট)-এর মঞ্চ থেকে রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মেদিনীপুরে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দিয়ে পূর্বতন সরকারের শিল্পনীতি ও কর্মসংস্থান নিয়ে সমালোচনা করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও স্পষ্ট করেন তিনি। মাদক কারবার, জুয়া, সাট্টা এবং অপরাধমূলক কার্যকলাপ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
শিল্পায়নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে ইতিমধ্যেই ৩৩টি শিল্পগোষ্ঠীকে জমি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন প্রকল্পের কাজও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শ্যাম স্টিল, অমিত মেটালিক্স, আমূলের প্ল্যান্ট এবং লাক্স কোজির মতো একাধিক সংস্থার প্রকল্পের ভূমিপুজো ও উদ্বোধন হয়েছে। জিন্দাল গোষ্ঠীর দ্বিতীয় ইউনিট নিয়েও আশাবাদী তিনি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সজ্জন জিন্দালের সঙ্গে কথা হয়েছে। জানুয়ারিতে তাঁরা দ্বিতীয় ইউনিটের সূচনা করতে চান। একটি পাবলিক হিয়ারিং বাকি আছে, জেলাশাসক তা দ্রুত দেখে নেবেন।’’
একই সঙ্গে বাংলায় বন্ধের রাজনীতির অবসানের বার্তা দিয়ে তিনি জানান, যে সংস্থা যত বেশি কর্মসংস্থান তৈরি করবে, সরকার তাদের তত বেশি সুযোগসুবিধা দেবে।
বেকারত্বের সমস্যা নিয়ে পূর্বতন সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রীর অভিযোগ, টাটাদের রাজ্যছাড়া করে বাংলার শিল্পক্ষেত্রের ক্ষতি করা হয়েছিল। এসএসসি-র মাধ্যমে নিয়োগ না করে চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে কাজ চালানো হয়েছে। তাঁর আরও দাবি, ৫১টি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যে বেকারের প্রকৃত সংখ্যা সম্পর্কেও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। আগের কর্মসংস্থান পোর্টালে সাড়ে আট লক্ষ আবেদনকারীর কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হলেও চাকরি পেয়েছিলেন মাত্র ৯ হাজার জন।
এই পরিস্থিতির পরিবর্তনে নতুন পোর্টাল চালু করার কথা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, ১,০৩১ জনকে চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ২০২৭ সাল থেকে প্রার্থীদের বয়সসীমায় অতিরিক্ত দু’বছরের ছাড় দেওয়ার ঘোষণা করেন শুভেন্দু। স্বনির্ভরতার লক্ষ্যে ‘বিশ্বকর্মা যোজনা’ ফিরিয়ে আনার কথাও জানান তিনি। আগামী দিনে কলেজ পড়ুয়াদের জন্য ‘ভগিনী নিবেদিতা’ প্রকল্প চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
শিল্প ও কর্মসংস্থানের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া অবস্থান নেন তিনি। মাদক কারবার, সাট্টা ও জুয়ার আসর অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন পুলিশকে। পুজো কমিটিগুলিকেও সতর্ক করে তাঁর বার্তা, পুজো করতে হবে অনাড়ম্বর ভাবে। কোনও পরিস্থিতিতেই পুজোর সঙ্গে জুয়া বা সাট্টার আসর বসানো যাবে না।
পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো কিংবা এলাকায় গুন্ডামি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘এর ফল খারাপ হবে।’’ শিশুদের উপর শারীরিক নির্যাতন বন্ধ করার আবেদন জানানোর পাশাপাশি খুন ও ধর্ষণের মতো অপরাধে অভিযুক্তদের এলাকা ছাড়ার কড়া বার্তা দেন তিনি। অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।
এ দিন কর্মসূচির পর জেলার পাঁচটি জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ উদ্বোধন করেন শুভেন্দু। কেরানিতলার একটি পুজো উদ্বোধন করতে গিয়ে অতীতের রাজনৈতিক হিংসার প্রসঙ্গও তোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখন থেকে আর নো ছোট আঙারিয়া, নো চমকাইতলা, নো কেশপুর, নো নন্দীগ্রাম, নো নেতাই। রক্তাক্ত দিনগুলি যাতে না-ফিরে আসে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকতে হবে। মোদী কোথাও যাবেন না। উনি মনের মধ্যে বাস করেন। উনি সবথেকে জনপ্রিয় নেতা।’’
শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং অপরাধ দমনে কঠোর প্রশাসনিক অবস্থানের বার্তা দিয়েই এ দিনের কর্মসূচি শেষ করেন মুখ্যমন্ত্রী।

