জাতীয় দলের জার্সিকে বিদায় জানিয়েছেন কিছু দিন আগেই। ফুটবলজীবনের বাইরেও এ বার ব্যবসায় মনোযোগ বাড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্প্রতি সিনেমা প্রযোজনার কাজে হাত দেওয়ার পর এ বার হোটেল ব্যবসা আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার। প্যারিসে বিপুল অর্থ বিনিয়োগ করে একটি বিলাসবহুল হোটেল তৈরি করছে তাঁর সংস্থা।
পেস্তানা গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে হোটেল ব্যবসা পরিচালনা করেন রোনাল্ডো। ২০১৬ সালে নিজের শহর মাদেইরায় প্রথম হোটেল চালু করেছিলেন তিনি। এর পর লিসবন, মাদ্রিদ, নিউ ইয়র্ক এবং মারাক্কেশে হোটেল খুলেছেন। প্যারিসের হোটেলটি হতে চলেছে এই উদ্যোগের ষষ্ঠ সংযোজন।
পেস্তানা গ্রুপের সঙ্গে রোনাল্ডোর অংশীদারিত্ব ৫০-৫০। হোটেল ব্যবসার দৈনন্দিন পরিচালনার দায়িত্ব অবশ্য রোনাল্ডোকে নিজে সামলাতে হয় না। তার জন্য রয়েছে পৃথক সংস্থা। তবে তাঁর প্রতিটি হোটেলেই ফুটবলজীবনের সঙ্গে সম্পর্কিত নানা উপাদান রাখা হয়। প্যারিসের নতুন হোটেলেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর হোটেলটির উদ্বোধন হওয়ার কথা। চারতারা এই হোটেলে থাকবে মোট ২১০টি ঘর। পাশাপাশি অতিথিদের জন্য থাকছে রুফটপ, বার এবং সুইমিং পুলের ব্যবস্থা। পর্যটকদের কাছে প্যারিস অত্যন্ত জনপ্রিয় শহর হওয়ায় রোনাল্ডোর নতুন হোটেলেও বিপুল সংখ্যক অতিথির সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে।

