আগামী বছর এক দিনের বিশ্বকাপ এবং তার পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি আগেই জানা গিয়েছিল। এ বার ২০৩৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একাধিক বড় প্রতিযোগিতার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হল। এর মধ্যে রয়েছে এক দিনের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পাশাপাশি, ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের এক দিনের বিশ্বকাপ আয়োজনের দায়িত্বও সরকারি ভাবে নিশ্চিত করা হয়েছে। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি একক ভাবে আয়োজন করবে ভারত। ২০৩১ সালের এক দিনের বিশ্বকাপ হবে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে।
আইসিসি জানিয়েছে, পরবর্তী এক দিনের বিশ্বকাপ হবে আফ্রিকা মহাদেশে। দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে ও নামিবিয়া যৌথ ভাবে ওই প্রতিযোগিতার আয়োজন করবে। তার পর ২০৩১ সালে বিশ্বকাপ ফিরবে ভারতীয় উপমহাদেশে। ভারত ও বাংলাদেশ যৌথ ভাবে এই প্রতিযোগিতা আয়োজন করবে। ২০৩৫ সালের এক দিনের বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করা হলেও আয়োজক দেশের নাম এখনও জানানো হয়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও আগামী কয়েক বছরের সূচি প্রকাশ করেছে আইসিসি। ২০২৮ সালের প্রতিযোগিতা হবে অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ডে। ২০৩০ সালে যৌথ ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ২০৩২ এবং ২০৩৪ সালের প্রতিযোগিতার সময়সূচি জানানো হলেও আয়োজক দেশ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ২০৩৫ সাল পর্যন্ত দ্বিবার্ষিক সূচি মেনেই অনুষ্ঠিত হবে। আগামী তিনটি ফাইনালই আয়োজন করবে ইংল্যান্ড। ২০৩৩ ও ২০৩৫ সালের ফাইনালের আয়োজক দেশ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।
২০৩৫ সাল পর্যন্ত আইসিসির প্রতিযোগিতার সূচি
| বছর | প্রতিযোগিতা | সময় | আয়োজক |
|---|---|---|---|
| ২০২৮ | টি-টোয়েন্টি বিশ্বকাপ | ১২ অক্টোবর–১২ নভেম্বর | অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ড |
| ২০২৯ | বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল | ৮–১২ জুন | ইংল্যান্ড |
| ২০২৯ | চ্যাম্পিয়ন্স ট্রফি | ৯–২৮ অক্টোবর | ভারত |
| ২০৩০ | টি-টোয়েন্টি বিশ্বকাপ | ৪ জুলাই–৪ অগস্ট | ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড |
| ২০৩১ | বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল | ১২–১৬ জুন | ইংল্যান্ড |
| ২০৩১ | এক দিনের বিশ্বকাপ | ৯ অক্টোবর–২৩ নভেম্বর | ভারত ও বাংলাদেশ |
| ২০৩২ | টি-টোয়েন্টি বিশ্বকাপ | ১৪ অক্টোবর–১৪ নভেম্বর | আয়োজক দেশ পরে ঘোষণা |
| ২০৩৩ | বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল | ৯–১৩ জুন | আয়োজক দেশ পরে ঘোষণা |
| ২০৩৩ | চ্যাম্পিয়ন্স ট্রফি | ২–২৩ অক্টোবর | আয়োজক দেশ পরে ঘোষণা |
| ২০৩৪ | টি-টোয়েন্টি বিশ্বকাপ | ৬ জুলাই–৬ অগস্ট | আয়োজক দেশ পরে ঘোষণা |
| ২০৩৫ | বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল | ৭–১১ জুন | আয়োজক দেশ পরে ঘোষণা |
| ২০৩৫ | এক দিনের বিশ্বকাপ | ২ অক্টোবর–১৮ নভেম্বর | আয়োজক দেশ পরে ঘোষণা |
২০৩৫ সাল পর্যন্ত এই সূচি প্রকাশের ফলে আগামী ন’বছরে আন্তর্জাতিক ক্রিকেটের বড় প্রতিযোগিতাগুলির সম্ভাব্য সময় ও আয়োজনের পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেল। তবে কয়েকটি প্রতিযোগিতার আয়োজক দেশ এখনও চূড়ান্ত ভাবে জানায়নি আইসিসি।

