জামিনের পরেই ‘পার্টি’, সঙ্গীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র? রতনের এনকাউন্টার ঘিরে একাধিক প্রশ্ন

জামিনের পরেই ‘পার্টি’, সঙ্গীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র? রতনের এনকাউন্টার ঘিরে একাধিক প্রশ্ন

বোলপুর সংশোধনাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর রতন শেখের জন্য বাইরে অপেক্ষা করছিলেন তাঁর কয়েক জন সঙ্গী। জেল থেকে বেরিয়েই তাঁদের সঙ্গে নিয়ে বোলপুরের লায়েকবাজারের ডেরায় চলে যান তিনি। পুলিশের দাবি, সেখানে ‘পার্টি’ করার পর এক সঙ্গীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র পান রতন। সেই অস্ত্র দিয়েই সন্ধ্যায় শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরে নানুরের একটি ইটভাটায় অস্ত্র উদ্ধারের সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় রতনের। তবে জামিন পাওয়ার দিনেই কী ভাবে তাঁর হাতে আগ্নেয়াস্ত্র এল, কোন মামলায় তাঁকে গ্রেফতার করতে পুলিশ গিয়েছিল এবং অস্ত্র উদ্ধারের সময় তাঁর হাতে হাতকড়া ছিল কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। সোমবার সাংবাদিক বৈঠকে বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ ঘটনার বিস্তারিত বিবরণ দিলেও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি।

পুলিশ সূত্রের দাবি, রতনের সঙ্গী নূর হোসেন শেখের কাছ থেকেই আগ্নেয়াস্ত্রটি পেয়েছিলেন তিনি। যদিও সোমবারের সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার ‘পার্টি’র প্রসঙ্গ উল্লেখ করলেও অস্ত্রটি কোথা থেকে এসেছিল, সে বিষয়ে কিছু জানাননি।

সোমবার সাংবাদিক বৈঠকে গত ১৩ নভেম্বর, শুক্রবারের ঘটনা থেকে শুরু করে রবিবার রতনের মৃত্যুর ঘটনাক্রম বিস্তারিত ভাবে তুলে ধরেন পুলিশ সুপার। তাঁর বক্তব্য অনুযায়ী, শুক্রবার লায়েকবাজারে রতনকে ধরতে গিয়ে পুলিশের উপর গুলি চালানোর ঘটনার পর থেকেই অভিযুক্ত রতন এবং তাঁর সঙ্গী রমেশ লোহারকে ধরতে তল্লাশি শুরু হয়। বিভিন্ন জায়গায় ছোট ছোট পুলিশি দল তৈরি করে অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত রবিবার বর্ধমান শহরের কাছে রতনের সন্ধান পায় পুলিশ। সেখান থেকে তাঁকে আইনি প্রক্রিয়া মেনে গ্রেফতার করা হয়।

জেরায় রতন শুক্রবারের গুলিচালনার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন বলে দাবি পুলিশের। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নানুরের একটি ইটভাটায় লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র উদ্ধারের সিদ্ধান্ত হয়। সেই অস্ত্র উদ্ধার করতে রতনকে নিয়ে সেখানে যায় পুলিশ। পুলিশ সুপারের দাবি, অস্ত্র বের করার অছিলায় নিচু হয়ে একটি ঝোপ থেকে আগ্নেয়াস্ত্র বার করেন রতন। তার পর পুলিশকর্মীদের লক্ষ্য করে একাধিক গুলি চালান। পরিস্থিতি সামাল দিতে এবং আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ রতনকে দ্রুত নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপারের দাবি, অস্ত্র উদ্ধারের নির্দিষ্ট নিয়ম মেনে ভিডিয়োগ্রাফি শুরু করার ঠিক আগেই এই ঘটনা ঘটে। তাঁর বক্তব্য, রতন গুলি চালানোর পর পুলিশের সামনে আর কোনও বিকল্প ছিল না।

তবে শুক্রবার রতনকে গ্রেফতার করতে পুলিশ ঠিক কোন মামলার ভিত্তিতে লায়েকবাজারে গিয়েছিল, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি। সাংবাদিক বৈঠকে বার বার এই বিষয়ে জানতে চাওয়া হলেও পুলিশ সুপার নির্দিষ্ট কোনও মামলার কথা জানাননি। তিনি শুধু বলেন, ‘‘আমরা সূত্র মারফৎ খবর পাই, রতন-সহ দু’জন কুখ্যাত দুষ্কৃতী ফের অপরাধ করার উদ্দেশ্যে লায়েকবাজারের কাছে ঘোরাঘুরি করছে। তাই এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরের নেতৃত্বে তিন পুলিশকর্মীর দল তড়িঘড়ি দুষ্কৃতীদের পাকড়াও করতে যান।’’

জেলা পুলিশের একাংশের দাবি, পুরনো একটি মামলায় রতনকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। কিন্তু সেই দাবি নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, সম্প্রতি বর্ধমানের হাসপাতালে গুলিবিদ্ধ পুলিশকর্মীকে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পুজোর সময়ে কী ভাবে রতন একসঙ্গে ৩৬টি মামলায় জামিন পেলেন, তা খতিয়ে দেখা হবে। এ ক্ষেত্রে সরকারি আইনজীবীর ভূমিকা নিয়েও তদন্তের কথা বলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের পর প্রশ্ন উঠছে, রতনের বিরুদ্ধে এমন কোনও মামলা কি আদৌ ছিল, যার ভিত্তিতে শুক্রবার তাঁকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ?

পুলিশের অভিযান ঘিরে আরও একটি প্রশ্ন উঠেছে। রতনের মতো কুখ্যাত অপরাধীকে ধরতে গেলে প্রথম দিন পুলিশকর্মীরা কেন নিরস্ত্র অবস্থায় গিয়েছিলেন? এ বিষয়ে পুলিশ সুপারের বক্তব্য, রতনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, তা প্রথমে বোঝা যায়নি। কারণ, অস্ত্রটি লুকিয়ে রাখা হয়েছিল। যে তিন পুলিশকর্মী তাঁকে ধরতে গিয়েছিলেন, তাঁদের কারও কাছেই আগ্নেয়াস্ত্র ছিল না বলেও জানিয়েছেন তিনি।

এ দিকে, রতনের মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে বিদিত রাজ জানিয়েছেন, জাতীয় মানবাধিকার কমিশন এবং সুপ্রিম কোর্টের নির্ধারিত নির্দেশিকা মেনেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়েছে এবং সেই প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও হয়েছে। ইতিমধ্যেই নিরপেক্ষ তদন্তকারী সংস্থা হিসেবে সিআইডি এনকাউন্টারের তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য গিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞেরাও।

পুলিশ সুপারের দাবি ছিল, রতনের ছোড়া একটি গুলি পুলিশের গাড়িতে লাগে। সোমবার ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহের সময় সেই গুলিটি পুলিশের গাড়ি থেকেই উদ্ধার করেছেন।

এই ঘটনায় রতনের দুই সঙ্গী রমেশ লোহার এবং নূর হোসেন শেখকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রমেশের বিরুদ্ধে অন্তত ১৭ থেকে ১৮টি মামলা রয়েছে। রতন ও তাঁর সঙ্গীরা সম্প্রতি অস্ত্র, বোমা ও ডাকাতির কারবার ছেড়ে মাদক ব্যবসায় যুক্ত হচ্ছিলেন বলেও দাবি পুলিশের।

তবে রতনের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ থাকলেও, অস্ত্র উদ্ধারের সময় তাঁর হাতে হাতকড়া পরানো হয়েছিল কি না, সেই প্রশ্নেরও উত্তর দেননি পুলিশ সুপার। নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রতনকে নিয়ে যাওয়ার পর তাঁর হাতে হাতকড়া দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় সূত্রের একাংশ।

প্রাক্তন পুলিশকর্মীদের একাংশও এই ঘটনায় কয়েকটি বিষয় নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের প্রশ্ন, দু’দিন আগে লুকিয়ে রাখা একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে গিয়ে কী ভাবে এত দ্রুত সেটি হাতে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে পারলেন রতন? অস্ত্রটি উদ্ধারের সময় নিরাপত্তার যথাযথ ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

সব মিলিয়ে রতনের এনকাউন্টার ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছে। যদিও পুলিশ সুপারের আশ্বাস, পুরো প্রক্রিয়াই নিয়ম মেনে এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। সিআইডি ও ফরেনসিক তদন্তের পর এই প্রশ্নগুলির উত্তর কতটা স্পষ্ট হয়, এখন সে দিকেই নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.