অতি তীব্র ঘূর্ণিঝড়ের চোখরাঙানি অন্ধ্র উপকূলে, বৃহস্পতিবার আছড়ে পড়ার আশঙ্কা! বুধবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

অতি তীব্র ঘূর্ণিঝড়ের চোখরাঙানি অন্ধ্র উপকূলে, বৃহস্পতিবার আছড়ে পড়ার আশঙ্কা! বুধবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সাধারণ ভাবে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উল্লেখ্য, প্রায় দু’সপ্তাহ আগেই ঘূর্ণিঝড় অর্ণব অতি তীব্র রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছিল। সেই ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে। তার রেশ কাটতে না কাটতেই ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের রবিবার দুপুর ১টার বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। বুলেটিনে জানানো হয়েছে, তার আগের তিন ঘণ্টায় ঘণ্টায় ১০ কিলোমিটার গতিবেগে উত্তর দিকে এগিয়েছে নিম্নচাপটি। সমুদ্রের উপর ঝড়ের গতিবেগ বর্তমানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। মাঝেমধ্যে দমকা হাওয়ার গতিবেগ পৌঁছচ্ছে ঘণ্টায় ৭০ কিলোমিটারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার বিকেলের মধ্যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তখন তার নাম হবে ‘আকভান’। নামটি প্রস্তাব করেছে ইরান। শব্দটির অর্থ ‘দৈত্য’ বা ‘দুষ্ট আত্মা’। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার।

এর পর মঙ্গলবার বিকেলের মধ্যে শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটির। সেই সময় ঝড়ের দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১১৫ কিলোমিটার হতে পারে। বৃহস্পতিবার ভোরে অতি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে আছড়ে পড়তে পারে সেটি। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ দেখে অন্ধ্রপ্রদেশ উপকূলেই ফের ল্যান্ডফলের আশঙ্কা করছেন আবহবিদেরা।

রবিবার দুপুর ১টার বুলেটিন অনুযায়ী, নিম্নচাপটির অবস্থান শ্রীলঙ্কার ত্রিনকোমালি থেকে ৬৯০ কিলোমিটার পূর্বে। ওড়িশার গোপালপুর থেকে ১১৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৮৪০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে রয়েছে সেটি।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব দক্ষিণবঙ্গে পড়ার সম্ভাবনা না থাকলেও এর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার থেকে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি শুরু হতে পারে।

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার গোটা দক্ষিণবঙ্গেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া শুক্রবার ও শনিবার হাওড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি।

উত্তরবঙ্গে আপাতত স্বস্তি

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গে পড়ার আশঙ্কা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রবিবার ও সোমবার দার্জিলিং এবং কালিম্পঙের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তার পর উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। আপাতত উত্তরবঙ্গের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনাও দেখছে না আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.