মতুয়া এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে ‘মিলন উৎসব’ শান্তনুর, অশোকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন এড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী

মতুয়া এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে ‘মিলন উৎসব’ শান্তনুর, অশোকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন এড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী

দলের অভ্যন্তরীণ বিবাদ মেটাতে এ বার সরাসরি ময়দানে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। মতুয়া অধ্যুষিত বনগাঁ এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দূর করে নেতা-কর্মীদের একজোট হওয়ার বার্তা দিতে রবিবার ‘মিলন উৎসব’-এর আয়োজন করেছিলেন তিনি। তবে শান্তনুর সেই কর্মসূচিকে ঘিরেই আরও এক বার প্রকাশ্যে চলে এল স্থানীয় বিজেপির অন্তর্দ্বন্দ্ব। কারণ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া। কর্মসূচি শেষে অশোকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তাৎপর্যপূর্ণ ভাবে উত্তর এড়িয়ে যান শান্তনু।

রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার বিধানসভা কেন্দ্র বনগাঁ উত্তরেই রবিবার এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বনগাঁর নীলদর্পণ প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে লাগানো ব্যানারে এক দিকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ছবি। অন্য দিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও শান্তনু ঠাকুরের ছবি। ব্যানারে লেখা ছিল, ‘ভারতীয় জনতা পার্টি, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা’। অশোকের নির্বাচনী ক্ষেত্রে শান্তনুর এই কর্মসূচিতে কতটা সাড়া মেলে, তা নিয়ে জেলা বিজেপির বিভিন্ন মহলে আগ্রহ ছিল। রবিবার প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় দেখে সন্তুষ্ট কেন্দ্রীয় মন্ত্রীও।

অনুষ্ঠানের মঞ্চ থেকে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন শান্তনু। তিনি বলেন, ‘‘এখন সিপিএম, তৃণমূল, কংগ্রেস বলে কিছু নেই। যা আছে, সবই বিজেপি। তাই সবার প্রতি একটাই বার্তা। সকলে মিলেমিশে চলার চেষ্টা করুন। যদি বিভাজন, সংঘাত, মারপিট, দাঙ্গাহাঙ্গামা হয়, আগামীতে আপনাদের ভুগতে হবে, এটা একদম পরিষ্কার বার্তা। সে আপনি যত বড়ই নেতা হন না কেন! মাটিতে পা রেখে চলতে হবে।’’

কোনও নেতার নাম না করলেও, ‘যত বড়ই নেতা হন না কেন’ মন্তব্যের মাধ্যমে শান্তনু কাকে নিশানা করেছেন, তা নিয়ে স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা বিজেপি কর্মীদের উপর দলেরই একাংশের অত্যাচার হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শান্তনুর কথায়, ‘‘দীর্ঘ ১৫ বছর ধরে তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমাদের কর্মীদের উপরে অত্যাচার করা লোকগুলোকে এখন যারা আশ্রয় দিচ্ছে, তাদের একজনকেও আমরা ছাড়ব না।’’

অনুষ্ঠান শেষে সাংবাদিক বৈঠকেও দলের অভ্যন্তরীণ সংঘাত নিয়ে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর অভিযোগ, বনগাঁয় বিজেপির কর্মীদের উপর হামলা চালাচ্ছেন বিজেপিরই অন্য কর্মীরা। তিনি বলেন, ‘‘যারা মার খাচ্ছে, তারা বিজেপি। যারা মারছে, তারাও বিজেপি। এটা বন্ধ করা উচিত। কিছু নেতা চাইছেন, বনগাঁয় শুধু তাঁদের রাজ চলবে। কিন্তু সেটা যদি ভারতীয় জনতা পার্টির বিপক্ষে যায়, তা হলে সে সব আমরা ঘাড় ধরে বন্ধ করে দেব।’’

এই সাংবাদিক বৈঠকেই অশোক কীর্তনিয়ার অনুপস্থিতি নিয়ে শান্তনুকে প্রশ্ন করা হয়। পর পর চার বার একই প্রশ্ন করা হলেও প্রথমে তা শুনতে না পাওয়ার ভঙ্গি করেন তিনি। পরে স্পষ্ট ভাষায় বলেন, ‘‘শুনতে পাচ্ছি না।’’ ফলে স্থানীয় বিধায়কের অনুপস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর নীরবতা রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

শুধু দলের নেতা-কর্মীদেরই নয়, স্থানীয় প্রশাসনকেও এ দিন কড়া বার্তা দিয়েছেন শান্তনু। বনগাঁর বর্তমান পরিস্থিতির জন্য পুলিশ-প্রশাসনকে দায়ী করে তিনি বলেন, ‘‘এই পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী। সম্পূর্ণ ভাবে প্রশাসন দায়ী। কারণ প্রশাসন দেখেও দেখছে না।’’ তাঁর অভিযোগ, কয়েক জন নেতার কথায় প্রশাসন ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতি অনুসরণ করছে।

এর আগেও স্থানীয় প্রশাসনকে সতর্ক করেছিলেন বলে দাবি করেন শান্তনু। তিনি বলেন, ‘‘আমি বলেছিলাম, প্রশাসনের বিরুদ্ধে পদক্ষেপ করব এবং তা আমি করব।’’ কালীপুজোর পরে ব্যবস্থা নেওয়ার যে হুঁশিয়ারি দিয়েছিলেন, তা কার্যকর করার কথাও জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া সঙ্ঘাধিপতির বক্তব্য, ‘‘প্রশাসন যা করছে, তা আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনের শিক্ষা আমি প্রশাসনকে দিয়ে ছাড়ব। কালীপুজোর পরে ব্যবস্থা নেব বলেছিলাম। সেটা আমি নেব। প্রশাসন জানতে পারবে।’’

সব মিলিয়ে, দলের অভ্যন্তরীণ বিভাজন দূর করার লক্ষ্য নিয়ে আয়োজিত ‘মিলন উৎসব’ থেকেই বনগাঁর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, স্থানীয় নেতৃত্বের সংঘাত এবং প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন সামনে এল। বিশেষ করে অশোক কীর্তনিয়ার অনুপস্থিতি এবং সেই বিষয়ে শান্তনুর প্রশ্ন এড়িয়ে যাওয়া রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.