বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে স্টেশনের বাইরে ঘিরে ধরে মারধর এবং তোলা আদায়ের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল জিআরপি। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম গোবিন্দকুমার ঝা। তিনি বর্ধমান থানার লক্ষ্মীপুর মাঠ জোড়ামন্দির এলাকার বাসিন্দা।
জিআরপি সূত্রের খবর, গত ৭ জুলাই রাত আনুমানিক সওয়া ৯টা নাগাদ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক খন্দেকর আমিদুল ইসলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে আসা তাঁর এক আত্মীয়কে নেওয়ার জন্য বর্ধমান স্টেশনে যান। ১ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশের মুখে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েক জন অজ্ঞাত পরিচয় যুবক তাঁকে ঘিরে ফেলে এবং ১০ হাজার টাকা দাবি করে।
অধ্যাপক টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তেরা জানায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে হলে তাঁদের টাকা দিতে হবে। এই নিয়ে প্রতিবাদ জানালে দুষ্কৃতীরা অধ্যাপকের জামার কলার ধরে তাঁকে মারধর করে বলে অভিযোগ। হামলায় খন্দেকর আমিদুল ইসলামের মাথা ও বুকে আঘাত লাগে। টাকা না দিলে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার সময় কোনোক্রমে নিজেকে মুক্ত করে তিনি প্ল্যাটফর্মে কর্মরত জিআরপি কর্মীদের বিষয়টি জানান। পুলিশ আসছে দেখে অভিযুক্তেরা চম্পট দেয়। জখম অধ্যাপককে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়ার পর তিনি জিআরপিতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যায় গোবিন্দকুমার ঝাকে গ্রেফতার করে বর্ধমান জিআরপি। আক্রান্ত অধ্যাপক দাবি করেছেন, ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি যুক্ত ছিল। স্টেশনের সিসিটিভি (CCTV) ফুটেজ পর্যালোচনা করে বাকি অভিযুক্তদের দ্রুত শনাক্তকরণের আবেদন জানিয়েছেন তিনি। ঘটনার বাকি তদন্ত এবং অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে জিআরপি।

