আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কয়েক দিন আগে এই মামলাতেই সিজিও কমপ্লেক্সে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ নভেম্বর।
আরজি করে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার পরেই হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতে সন্দীপকে গ্রেফতার করে সিবিআই। পরবর্তী সময়ে আর্থিক দুর্নীতির মামলার তদন্তভার নেয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, আরজি কর হাসপাতালের অ্যাকাউন্ট থেকে ঠিকাদারদের অ্যাকাউন্টে জমা হওয়া বিপুল পরিমাণ অর্থ পরিকল্পিত ভাবে সরিয়ে ফেলা হয়েছে। ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে তাঁদের ঘনিষ্ঠ সহযোগীদের নামে চেক লেখা হত। সেই চেকের মাধ্যমে টাকা তুলে নেওয়া অথবা অন্য সহযোগী সংস্থার অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হত। পরে সেই অর্থও তুলে নেওয়া হয়। ইডির দাবি, এ ভাবেই দুর্নীতির টাকা আত্মসাৎ করে অপরাধ আড়াল করার চেষ্টা হয়েছে। এই প্রক্রিয়ায় সন্দীপের যোগ রয়েছে বলে অভিযোগ তদন্তকারীদের।
তদন্তের সূত্রে গত ৪ নভেম্বর সন্দীপকে তলব করেছিল ইডি। তবে সে দিন তিনি হাজিরা দেননি। তদন্তকারীদের চিঠি দিয়ে ১৫ দিন সময় চেয়েছিলেন তিনি। কিন্তু সেই আবেদন মঞ্জুর করেনি ইডি। এর পর কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় বার নোটিস পাঠিয়ে তাঁকে তলব করা হয়। গত ১০ নভেম্বর, মঙ্গলবার ইডির দফতরে হাজিরা দেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। সেখানে কয়েক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
এই মামলায় ইতিমধ্যেই একটি চার্জশিট জমা দিয়েছে ইডি। তাতেও সন্দীপের নাম রয়েছে। ইডির এক কর্তার বক্তব্য, চার্জশিট জমা পড়লেও দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা সম্পূর্ণ অর্থ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তা ছাড়া, তদন্তে নতুন তথ্য সামনে এলে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে পারে সংস্থা।
সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর থেকে প্রায় দু’বছর জেলবন্দি ছিলেন সন্দীপ। কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন জানালেও তা খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের পর্যবেক্ষণ ছিল, তাঁর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে, যা সরাসরি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। সন্দীপ প্রভাবশালী হওয়ায় জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কাও প্রকাশ করেছিল হাই কোর্ট।
হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ১৮ অগস্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সন্দীপ। সেই আবেদনের ভিত্তিতে ১৬ অক্টোবর তাঁকে জামিন দেয় শীর্ষ আদালত। জেলে থাকাকালীন ইডি এই মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখায়নি বা নিজেদের হেফাজতে নেয়নি। ফলে তাঁর জেলমুক্তিতে বাধা ছিল না। এ বার সেই মামলাতেই সন্দীপকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাল ইডি।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মৃতদেহ পাচার থেকে শুরু করে ‘থ্রেট কালচার’ বা হুমকি-সংস্কৃতির অভিযোগেও তাঁর নাম জড়িয়েছে। মন্ত্রীর কথায়, হাসপাতাল চত্বরে তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগের মধ্যে মাত্র দু’-একটি ঘটনায় ইডি তাঁকে হেফাজতে নিতে চাইছে, যা তাঁর মতে দুঃখজনক। সব অভিযোগের সামগ্রিক তদন্ত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
শারদ্বত আরও বলেন, অভিযুক্ত সন্দীপকে তিনি এখনও চিকিৎসক বলে মনে করেন না। তাঁর মতে, কোনও চিকিৎসকের এতটা নীচে নামা উচিত নয়। ইডি যদি মনে করে হেফাজতে নিয়ে তদন্ত করা প্রয়োজন, তা হলে তাদের সেই পদক্ষেপ করা উচিত। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, এ ধরনের অভিযুক্তের জেলের বাইরে থাকা বিপজ্জনক।

