মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৭ বছরের বৃদ্ধা। অভিযোগ, তাঁর রক্তচাপ বিপজ্জনক ভাবে বেড়ে যাওয়ার কথা জানানো সত্ত্বেও সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ করেননি কর্তব্যরত নার্সেরা। উল্টে রোগীর ছেলেকেই স্ট্রোকের প্রকারভেদ নিয়ে প্রশ্ন করেন তাঁরা। রোগীর পরিজনদের দাবি, দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় বৃদ্ধার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বর্তমানে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। ঘটনাটি ঘটেছে এসএসকেএম হাসপাতালের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন অ্যানেক্স রামরিক হাসপাতালে।
জানা গিয়েছে, গত সোমবার রাত ৮টা নাগাদ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা অঞ্জনা মান্নাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন তাঁর ছেলে উৎপল মান্না। স্নায়ুরোগ সংক্রান্ত চিকিৎসার জন্য তাঁকে অ্যানেক্স রামরিক হাসপাতালে ভর্তি করানো হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বৃদ্ধাকে নিউরো মেডিসিন বিভাগের হাইপার অ্যাকিউট স্ট্রোক ইউনিট (এইচএসিইউ)-তে রাখা হয়েছিল।
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ ‘ভিজ়িটিং আওয়ারে’ মাকে দেখতে যান উৎপল। পেশায় মেডিক্যাল টেকনোলজিস্ট উৎপল বেডের পাশে থাকা রক্তচাপ মাপার যন্ত্রে নজর দিতেই দেখেন, অঞ্জনার রক্তচাপ ১৮৫/৯০। বিষয়টি বুঝতে পেরে তিনি ওয়ার্ডে কর্তব্যরত দুই নার্সকে মায়ের শারীরিক অবস্থার কথা জানান। কিন্তু তাঁর অভিযোগ, নার্সেরা বিষয়টিতে গুরুত্ব দেননি। বরং তাঁদের মধ্যে এক জন বলেন, ‘‘আমাকে বলছেন কেন? চিকিৎসকের সঙ্গে কথা বলুন!’’
উৎপলের দাবি, তিনি নিজেও মেডিক্যাল টেকনোলজিস্ট হিসেবে স্বাস্থ্যকর্মী—এ কথা জানানোর পর এক নার্স তাঁকেই স্ট্রোকের প্রকারভেদ সম্পর্কে প্রশ্ন করেন। অভিযোগ, ওই নার্স জানতে চান, ‘‘আপনি কি সব জানেন? বলুন তো স্ট্রোক ক’প্রকার?’’ উৎপলের বক্তব্য, মায়ের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বুঝতে পেরেই তিনি দ্রুত চিকিৎসার আর্জি জানিয়েছিলেন। কিন্তু তাতে সাড়া মেলেনি।
এর পর উৎপলের ভাই ওয়ার্ড থেকে নীচে নেমে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সেই সময় ওয়ার্ডে থাকা পরিবারের অন্য সদস্যেরা জানান, অল্প সময়ের মধ্যেই অঞ্জনার রক্তচাপ বেড়ে ২২০/৯৫ হয়ে গিয়েছে। রোগীর পরিজনদের আর্জিতে অ্যাসিস্ট্যান্ট সুপার হস্তক্ষেপ করেন। তাঁর উদ্যোগে অন্য এক জন নার্স বৃদ্ধাকে রক্তচাপ কমানোর ওষুধ দেন। তবে পরিবারের দাবি, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।
ঘটনার কথা জানাজানি হওয়ার পর ওয়ার্ডে আসেন কর্তব্যরত চিকিৎসকেরা। বৃদ্ধার শারীরিক পরীক্ষা করানোর পর তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রবিবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে। এসএসকেএম সূত্রে খবর, অঞ্জনার অবস্থা সঙ্কটজনক।
উৎপলের অভিযোগ, সময়মতো চিকিৎসা শুরু হলে তাঁদের কোনও অভিযোগ থাকত না। তাঁর কথায়, ‘‘সময়ে চিকিৎসা শুরু না হওয়ায় আমার মা এখন ভেন্টিলেশনে রয়েছেন।’’ তিনি আরও বলেন, রক্তচাপ বেড়ে যাওয়ার কথা জানানোর পরেও কেন নার্সেরা ব্যবস্থা নিলেন না, সেই প্রশ্নের উত্তর প্রয়োজন। তাঁর আশঙ্কা, ওই সময়ের মধ্যে মায়ের দ্বিতীয় বার স্ট্রোক হয়ে থাকতে পারে। তাই চিকিৎসা সংক্রান্ত নথি খতিয়ে দেখে ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
সরকারি স্বাস্থ্যক্ষেত্রে এসএসকেএমের কর্মসংস্কৃতিকে প্রায়ই উদাহরণ হিসেবে তুলে ধরেন স্বাস্থ্য ভবনের কর্তারা। সেই হাসপাতালের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে রোগীর পরিজনের সঙ্গে এমন আচরণ অনুচিত বলে মন্তব্য করেছেন উৎপল। তিনি এসএসকেএম কর্তৃপক্ষের পাশাপাশি স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তাদেরও ইমেল করে পুরো ঘটনা জানিয়েছেন।
এ বিষয়ে অ্যানেক্স রামরিকের নার্সিং সুপার সোনালি সামন্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আমি এসএসকেএমে কাজ করি। খুব ব্যস্ত রয়েছি, মিটিং চলছে।’’ পরে তাঁকে হোয়াট্সঅ্যাপেও ঘটনার বিস্তারিত জানানো হলেও কোনও উত্তর মেলেনি। নার্সেস ইউনিটির সম্পাদক ভাস্বতী চট্টোপাধ্যায় বলেন, অভিযোগ সম্পর্কে খোঁজখবর নিয়ে আগে জানতে হবে ঠিক কী ঘটেছিল। দু’পক্ষের বক্তব্য শোনার পরেই এ বিষয়ে মন্তব্য করবেন তিনি।
অন্য দিকে, স্বাস্থ্য ভবনের এক শীর্ষকর্তা জানিয়েছেন, রোগীর পরিজনদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য এসএসকেএম কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

