আগামী নয় বছরের সমস্ত বড় প্রতিযোগিতার সময়সূচি রবিবার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই সূচি প্রকাশ্যে আসতেই ক্রীড়াপ্রেমীদের একাংশের সামনে তৈরি হয়েছে নতুন সমস্যা। কারণ, ২০৩০ সালে একই সময়ে আয়োজিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসি ও ফিফার ঘোষিত সূচি অনুযায়ী, প্রায় আড়াই সপ্তাহ ধরে পাশাপাশি চলবে দুই প্রতিযোগিতা।
সাধারণত ফেব্রুয়ারি-মার্চ মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয়। যদিও ২০২১ ও ২০২২ সালে বছরের শেষ দিকে হয়েছিল এই প্রতিযোগিতা। ২০৩০ সালে ফের বছরের মাঝামাঝি সময়ে ফিরছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, ৪ জুলাই থেকে ৪ অগস্ট পর্যন্ত চলবে প্রতিযোগিতাটি।
অন্য দিকে, ফুটবল বিশ্বকাপ সাধারণত চার বছর অন্তর জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হয়। তবে ২০২২ সালে কাতারের প্রবল গরমের কারণে প্রতিযোগিতাটি ব্যতিক্রমী ভাবে অক্টোবর-নভেম্বরে আয়োজন করা হয়েছিল। ঘটনাচক্রে, সে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও হয়েছিল। তবে ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পর শুরু হয়েছিল ক্রিকেটের প্রতিযোগিতা। ২০৩০ সালে সেই সময়ের ব্যবধান আর থাকছে না।
ফিফা অনেক আগেই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করেছে। তাদের ঘোষণা অনুযায়ী, ৮ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত চলবে প্রতিযোগিতা। অন্য দিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৪ জুলাই। অর্থাৎ, ৪ থেকে ২১ জুলাই—টানা ১৭ দিন একই সঙ্গে চলবে দুই বিশ্বকাপ। ফলে ক্রিকেট ও ফুটবল, দুই খেলার অনুরাগীদেরই ম্যাচ দেখার সময় বেছে নিতে সমস্যায় পড়তে হতে পারে।
এর আগে কখনও একই সময়ে এই দুই বিশ্বকাপ আয়োজিত হয়নি। প্রতিবারই প্রতিযোগিতা দু’টির মধ্যে কিছুটা সময়ের ব্যবধান বজায় থেকেছে। উল্লেখ্য, ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপনের কথা মাথায় রেখে প্রথম তিনটি ম্যাচ আয়োজন করা হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। অন্য দিকে, ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

