পঞ্চমী থেকেই চন্দননগরের জগদ্ধাত্রীপুজোকে কেন্দ্র করে বাড়তে শুরু করেছিল দর্শনার্থীদের ভিড়। ষষ্ঠীর সন্ধ্যায় সেই ভিড় কার্যত জনস্রোতের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে মানকুণ্ডু স্টেশন রোড এলাকার একাধিক পুজোমণ্ডপে সাময়িক ভাবে দর্শন বন্ধ রাখতে বাধ্য হয় পুলিশ। দুর্ঘটনা এড়াতে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজোতেও কিছু সময়ের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের দর্শনের অনুমতি দেওয়া হয়। প্রশাসনের বক্তব্য, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরবাগানের মতো দুর্ঘটনার পুনরাবৃত্তি রুখতেই এই পদক্ষেপ।
অতিরিক্ত ভিড়ের কারণে মানকুণ্ডু সার্কাস মাঠ সংলগ্ন এলাকার পুজোমণ্ডপেও সাময়িক ভাবে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। ওই পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্যোক্তাদের মতে, অযোধ্যানগরীর আদলে তৈরি বিশাল মণ্ডপ দেখতে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। ফলে সেখানে ভিড়ও বেড়েছে। মানকুণ্ডু স্টেশন রোডের অন্যান্য পুজোমণ্ডপেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে।
মানকুণ্ডু সার্কাস মাঠ পুজো কমিটির সম্পাদক জয়ন্ত সরকার বলেন, ‘‘আজ আরও অতিরিক্ত ফোর্স ব্যবহার করা হবে। গতকাল প্রচণ্ড ভিড়ের কারণে দর্শন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই সিদ্ধান্তে বারোয়ারিরও সম্মতি ছিল। আজও যদি একই পরিস্থিতি তৈরি হয়, তবে বাধ্য হয়েই মণ্ডপে দর্শন বন্ধ করতে হবে। ঠাকুর দেখতে এসে মানুষের কোনও ক্ষতি হোক, তা আমরা কখনওই চাই না।’’ কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক শুভজিৎ সাউয়ের দাবি, এ বার দর্শনার্থীদের ভিড় অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে।
সম্প্রতি চন্দননগরের জগদ্ধাত্রীপুজো ‘রাজ্য উৎসব’-এর স্বীকৃতি পেয়েছে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে ভিড় আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। সেই পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুজো উপলক্ষে প্রায় তিন হাজার পুলিশকর্মী এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, চন্দননগর ও মানকুণ্ডু স্টেশন রোডের যে পুজোমণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় তুলনামূলক বেশি হয়, সেখানে অতিরিক্ত বাহিনী রাখা হচ্ছে।
শুধু মণ্ডপের ভিড় নিয়ন্ত্রণই নয়, যান চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ নজর দিচ্ছে পুলিশ। ইতিমধ্যেই চন্দননগরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় দুপুর ২টো থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত ‘নো-এন্ট্রি’ চালু করা হয়েছে। চুঁচুড়ার খাদিনা মোড় থেকে বৈদ্যবাটীর মঞ্জুশ্রী পর্যন্ত যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। উপযুক্ত পাস ছাড়া ওই এলাকায় কোনও মোটরবাইক বা গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় চলছে পুলিশের তল্লাশি।
তল্লাশির সময় চন্দননগর ট্রাফিক পুলিশের আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কয়েক জন বাইক-আরোহী। পুলিশ আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দু’জনকে আটক করেছে চন্দননগর থানার পুলিশ। পাশাপাশি, আটক করা হয়েছে বেশ কয়েকটি বাইক ও গাড়িও।
সব মিলিয়ে, উৎসবের বাকি দিনগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা বজায় রাখা এবং বিপুল ভিড় নিয়ন্ত্রণ করাই এখন প্রশাসন ও পুজো উদ্যোক্তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

