চলতি কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলিটদের দুর্দান্ত পারফরম্যান্সের পরই জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ভারতীয় ক্রীড়াবিদেরা এখনও পর্যন্ত ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ অর্জন করেছেন। তাঁদের এই সাফল্যকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নীতি অনুযায়ী অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, প্যারা স্পোর্টস এবং যুব প্রতিযোগিতা সহ বিভিন্ন স্তরের পদকজীয়দের পুরস্কারমূল্য বাড়ানো হলো।
অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ পুরস্কার নতুন ঘোষণা অনুযায়ী, অলিম্পিক গেমসে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিটরা পাবেন ১ কোটি টাকা। এছাড়া রূপো ও ব্রোঞ্জজয়ীদের যথাক্রমে ৭৫ লক্ষ এবং ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।
চার বছর পর পর আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে সোনাজয়ীরা পাবেন ৮০ লক্ষ টাকা। অন্যদিকে, প্রতি বছর আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলে পুরস্কারমূল্য ধার্য করা হয়েছে ৫০ লক্ষ টাকা।
এশিয়ান ও কমনওয়েলথ গেমসের পুরস্কারের তালিকা এশিয়ান গেমসে পদকজয়ী ক্রীড়াবিদদের জন্য সোনা, রুপো এবং ব্রোঞ্জের ক্ষেত্রে যথাক্রমে ৫০ লক্ষ, ৩০ লক্ষ এবং ২৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। অপরদিকে, কমনওয়েলথ গেমসে সোনাজয়ীরা পাবেন ২৫ লক্ষ টাকা, রুপো ও ব্রোঞ্জজয়ীরা যথাক্রমে ১৫ লক্ষ এবং ১০ লক্ষ টাকা পাবেন।
যুব ক্রীড়া, দাবা ও জাতীয় স্তরের সাফল্য যুব অলিম্পিক্সে পদকজয়ীদের পারফরম্যান্স অনুযায়ী ১৫ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কৃত করা হবে। যুব এশিয়ান গেমস এবং বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসে পদকজয়ীদের সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
দাবার ক্ষেত্রে বড় ঘোষণার কথা বলা হয়েছে— দাবা গ্র্যান্ডমাস্টার (Grandmaster) উপাধি অর্জনে ১ কোটি টাকা এবং আন্তর্জাতিক মাস্টার (International Master) হলে ৭৫ লক্ষ টাকা দেওয়া হবে।
শুধু আন্তর্জাতিক ক্ষেত্রই নয়, জাতীয় প্রতিযোগিতাতেও পুরস্কৃত করা হবে অ্যাথলিটদের। জাতীয় স্তরের সিনিয়র বিভাগে সোনাজয়ী পাবেন ২৫ লক্ষ টাকা এবং জুনিয়র বিভাগের সোনাজয়ীরা পাবেন ১৫ লক্ষ টাকা। এর পাশাপাশি স্কুল এবং বিশ্ববিদ্যালয় গেমসের পদকজয়ীদের জন্যও পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে ক্রীড়া মন্ত্রক।

