চোরবাগান কাণ্ডে আট ইন্টার্নকে শো কজ় করার ঘটনাকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে উঠল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর। শো কজ়ের নোটিস প্রত্যাহারের দাবিতে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে ঘেরাও করেন চিকিৎসক-পড়ুয়াদের একাংশ। এর মধ্যেই আন্দোলনরত চিকিৎসক-পড়ুয়াদের উপর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) ও ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন (এনএমও)-এর সমর্থকদের হামলার অভিযোগ ওঠে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মেডিক্যাল স্টুডেন্টস কাউন্সিলের নেতৃত্বে ইন্টার্নদের বিক্ষোভ চলাকালীন অধ্যক্ষের ঘরের সামনে আচমকাই কয়েক জন ঢুকে পড়েন। তাঁদের মধ্যে ছিলেন এবিভিপির রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য। বিক্ষোভের ভিডিয়ো তোলা নিয়ে প্রথমে বাদানুবাদ, পরে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। এর পর সেখানে প্রায় শ’খানেক মানুষ জড়ো হন। তাঁরা নিজেদের এবিভিপি সমর্থক বলে পরিচয় দেন। অধ্যক্ষের ঘরের বাইরের কোলাপসিবল গেটের তালা বাঁশ দিয়ে ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় করিডরের কাচও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে পুলিশের অনুরোধে এনএমও-র সমর্থকেরা অধ্যক্ষের কার্যালয়ের বাইরে থেকে সরে যান বলে জানা গিয়েছে।
বুধবার কলেজ স্ট্রিটে বামেদের সঙ্গে এবিভিপির সংঘর্ষের জেরে দিনভর উত্তেজনা ছিল। সেই সংঘাতের আঁচ এসে পড়ে মেডিক্যাল কলেজেও। অভিযোগ, কলেজ স্ট্রিট থেকে এবিভিপির সমর্থকদের একটি বড় অংশ মেডিক্যাল কলেজে পৌঁছে যান। তাঁদের কয়েক জন সরাসরি অধ্যক্ষের ঘরের সামনে গিয়ে ঘেরাও কর্মসূচির বিরোধিতা করেন। এর পরেই দু’পক্ষের মধ্যে বাদানুবাদ থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। সেখানে এবিভিপির সঙ্গে এনএমও-র সমর্থকেরাও জড়ো হন।
এবিভিপির রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য বলেন, ‘‘সকাল থেকে কলেজ স্ট্রিটে বামেরা নাটক করছিল। পরে মেডিক্যাল কলেজেও নাটক শুরু হয়। বামপন্থী পড়ুয়া-চিকিৎসকেরা অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছিলেন। আমরা বিষয়টি জানতে পেরে মেডিক্যাল কলেজে যাই। তখন আমাদের উপর হামলা চালানো হয়। আমাদের নেতৃত্বের নামে খারাপ কথা বলা হয়।’’ তাঁর দাবি, তাঁরা কোনও হামলা চালাননি।
অন্য দিকে, মেডিক্যাল স্টুডেন্টস কাউন্সিলের এক চিকিৎসক-পড়ুয়া অভিযোগ করেন, আচমকাই তাঁদের কর্মসূচিতে ঢুকে পড়েন এবিভিপি সমর্থকেরা। এক সিনিয়র চিকিৎসক-পড়ুয়াকে মারধরের চেষ্টা করা হয়। ভিডিয়ো করতে গেলে মোবাইল কেড়ে নেওয়া হয় এবং তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ।
এনএমও-র দক্ষিণবঙ্গের রাজ্য সভাপতি চিকিৎসক রুদ্রনীল নন্দী বলেন, ‘‘মেডিক্যাল কলেজে কোনও ভাঙচুরের ঘটনা ঘটেনি। ঘেরাওটা কোনও সুস্থ সংস্কৃতি নয়। আমরা এ সব সমর্থন করি না। পুলিশ আমাদের সরে যেতে বলে, আমরা সেই নির্দেশ মেনেছি। বাইরে থেকে কারা এসেছিলেন, তাঁদের কী পরিচয়, এটা আমার জানা নেই।’’
রাতের দিকে পুলিশি প্রহরায় মেডিক্যাল কলেজ চত্বর ছেড়ে বেরিয়ে যান অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস। তাঁর সঙ্গে ছিলেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘অভিযোগ দায়ের করা হবে। কারা এমন ঘটনা ঘটাল, সেটা নিয়ে পুলিশ তদন্ত করে দেখুক। অধ্যক্ষ পুলিশের কাছে অভিযোগ করবেন। যে ভাবে ইট ছোড়া হয়েছে, তাতে আতঙ্কিত হয়ে পড়েছিলাম আমরা।’’
ঘটনার সূত্রপাত সপ্তমীর দিন চোরবাগানের পুজোমণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায়। ওই ঘটনায় আহতদের কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় স্বভূমি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সিদ্ধান্তের সমালোচনা করে মেডিক্যাল কলেজ চত্বরে সাংবাদিক বৈঠক করেন জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের বক্তব্য ছিল, সরকারি চিকিৎসা পরিকাঠামোর মধ্যে মেডিক্যাল কলেজগুলির অবস্থান সর্বোচ্চ স্তরে। সেখান থেকে রোগীকে কী ভাবে অন্যত্র রেফার করা হয়? একই সঙ্গে রক্তক্ষরণ বন্ধ করার ওষুধ ট্রানিজ্যামিক না থাকার কথাও দাবি করেছিলেন তাঁরা।
জুনিয়র চিকিৎসকদের বক্তব্যের সত্যতা যাচাই করতে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই তদন্তের প্রেক্ষিতে বুধবার কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ আট জন ইন্টার্নকে শো কজ়ের নোটিস দেন। নোটিসে বলা হয়, ডিউটিতে থাকাকালীন সাংবাদিকদের বিবৃতি দেওয়া যায় না। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নিয়মেও সেই বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি, রক্তক্ষরণ বন্ধের ওষুধের অভাবের দাবিও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আট ইন্টার্নকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়।
এর পর বুধবার কলেজ কাউন্সিলের বৈঠকে শো কজ়ের নোটিসের কারণ জানতে চান জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা। তাঁদের দাবি, ওই দিন জরুরি বিভাগে ট্রানিজ্যামিক-সহ অন্যান্য ওষুধের অভাব ছিল বলে বৈঠকে স্বীকার করা হয়। সেই অনুযায়ী আট ইন্টার্নের শো কজ়ের নোটিস প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তাঁদের দাবি। কিন্তু পরে অধ্যক্ষ কলেজ কাউন্সিলের সিদ্ধান্ত থেকে সরে আসেন বলে অভিযোগ। এর পরেই অধ্যক্ষকে ঘেরাও শুরু হয়। বিভাগীয় প্রধানদেরও ঘেরাও করা হয়েছিল বলে জানা গিয়েছে।

