২০১৮ সালে সোনা জয়ের পর ২০২৬ সালেও শীর্ষস্থান দখলের সুযোগ ছিল নীরজ চোপড়ার সামনে। তবে সেই লক্ষ্য পূরণ হল না। শুক্রবার রাতে জ্যাভলিন থ্রো ইভেন্টে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হল ভারতের এই তারকা অ্যাথলিটকে। সোনা জিতেছেন শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে।
ফাইনালে নীরজ ৮৫.৮৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। অন্যদিকে, রুমেশ পাথিরাগে ৮৯.৭৫ মিটার থ্রো করে সোনা নিশ্চিত করেন। প্রতিযোগিতা শেষে নীরজ জানান, পদক জয়ের আগেই তিনি নিজের কাছে এক ধরনের জয় পেয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন পর বড় মঞ্চে ফিরে এত ভালো পারফরম্যান্স করতে পারবেন, তা তিনি নিজেও আশা করেননি।
প্রতিযোগিতা-পরবর্তী প্রতিক্রিয়ায় নীরজ বলেন, “প্রত্যাবর্তন ঠিকঠাকই হচ্ছে। তবে ঠান্ডায় আমি ভালো খেলতে পারি না। আমি তো ভারতীয়, তাই এতটা ঠান্ডার অভ্যাস নেই। এত দিন পর পোডিয়ামে ফিরতে পেরে ভালো লাগছে। যে পরিশ্রম করছি, তার ফল ধীরে ধীরে পাচ্ছি।”
প্রায় এক বছর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নীরজ। সেই অভিজ্ঞতার প্রভাবই এই প্রতিযোগিতাতেও পড়েছে বলে স্বীকার করেছেন তিনি। তাঁর কথায়, আবার চোট পাওয়ার আশঙ্কাই তাঁকে পুরো শক্তি দিয়ে খেলতে বাধা দিয়েছে।
নীরজ বলেন, “আরও উন্নতি করব। পরের প্রতিযোগিতায় আরও ভালো থ্রো করার চেষ্টা করব। আসলে ১০০ শতাংশ ফিট থাকলে মনের মধ্যে সেই লড়াকু মানসিকতা থাকে যে, আমি সব কিছু পেরিয়ে যাব। কিন্তু চোট থাকলে অনেক কিছু ভাবতে হয়। মনের মধ্যে একটা ভয় কাজ করে। আজও আমি ভয়ে ভয়ে ছিলাম। জোরে দৌড়তে চাইনি। শরীরের উপর নিয়ন্ত্রণ রাখতে চেয়েছিলাম। তবে থ্রো খুব ভালো ছিল।”
রুপো জিতলেও নিজের পারফরম্যান্সে ইতিবাচক দিকই দেখছেন নীরজ। তাঁর বিশ্বাস, ধীরে ধীরে ছন্দে ফিরছেন তিনি এবং আগামী প্রতিযোগিতাগুলিতে আরও উন্নত পারফরম্যান্স উপহার দিতে পারবেন।

