আইপিএলের আগে দল পুনর্গঠন: নটরাজনকে হায়দরাবাদে ফিরিয়ে দিল সৌরভের দিল্লি ক্যাপিটালস, বিনিময়ে দলে এল স্পিনার জিশান

আইপিএলের আগে দল পুনর্গঠন: নটরাজনকে হায়দরাবাদে ফিরিয়ে দিল সৌরভের দিল্লি ক্যাপিটালস, বিনিময়ে দলে এল স্পিনার জিশান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের প্রস্তুতি এবং দল গুছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এর মধ্যেই খেলোয়াড় লেনদেনের বাজারে বড় পদক্ষেপ করল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে দল বদল করলেন অভিজ্ঞ পেসার টি নটরাজন ও তরুণ স্পিনার জিশান আনসারি।

২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়েই খেলেছিলেন নটরাজন। ২০২৪ সালের মরসুমে ১৯টি উইকেট শিকার করার পর নিলামে তাঁকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল দিল্লি ক্যাপিটালস। তবে গত দুটি মরসুমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই বাঁহাতি পেসার। তাই শেষ পর্যন্ত ৫ কোটি টাকায় তাঁকে পুরনো দল হায়দরাবাদের কাছেই বিক্রি করে দিল দিল্লি।

নটরাজনের পরিবর্তে হায়দরাবাদ থেকে জিশান আনসারিকে নিজেদের দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। অতীতে দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজির হয়েই নজর কেড়েছিলেন ২৬ বছর বয়সি এই স্পিনার। হায়দরাবাদ তাঁকে ৪০ লক্ষ টাকায় কিনেছিল, সেই একই মূল্যে আগামী মরসুমে দিল্লির হয়ে খেলবেন জিশান।

দিল্লির প্রধান কোচ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়: গত মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ২০২৭ সালের আইপিএলে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগের দুই মরসুম, অর্থাৎ ২০২৫ এবং ২০২৬ সালে এই দায়িত্বে ছিলেন হেমঙ্গ বাদানি। জেএসডব্লিউ এবং জিএমআর-এর যৌথ মালিকানাধীন দিল্লি ক্যাপিটালসের তরফে একটি ভিডিও বার্তার মাধ্যমে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে প্রধান কোচ করার খবর জানানো হয়। প্রধান কোচের দায়িত্ব হাতে পেতেই দলের শক্তি বাড়াতে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছেন সৌরভ।

উল্লেখ্য, ২০১৯ সালে উপদেষ্টা হিসেবে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সৌরভের পথচলা শুরু হয়েছিল। দীর্ঘ সময় ধরে তিনি এই ফ্র্যাঞ্চাইজির পুরুষ ও মহিলা উভয় দলেরই ‘ডিরেক্টর অব ক্রিকেট’-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক ভূমিকা পালন করেছেন। এবার কোচ হিসেবে আইপিএলের বাইশ গজে নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.