আরও একটি ম্যাচ এবং আরও একটি রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়ে ফেললেন ভারতের বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা। এই অর্জনের মাধ্যমে তিনি পেছনে ফেলে দিলেন সূর্যকুমার যাদবকে।
চলতি ২০২৬ সালে এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ৬৯টি ছক্কা হাঁকিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির খেলোয়াড়দের মধ্যে এক ক্যালেন্ডার বর্ষে আর কোনো ব্যাটার এত বেশি ছক্কা মারতে পারেননি। হায়দরাবাদে ম্যাচ খেলতে নামার আগে সূর্যকুমার যাদবের সঙ্গেই যৌথভাবে শীর্ষে ছিলেন অভিষেক। ২০২২ সালে সূর্যকুমার ৬৮টি ছক্কা মেরেছিলেন। হায়দরাবাদের মাঠে সেই রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষস্থান দখল করলেন অভিষেক শর্মা। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ঈশান কিশন, যিনি চলতি বছরে ৫২টি ছক্কা হাঁকিয়েছেন।
উল্লেখ্য, এর আগের বছর অর্থাৎ ২০২৫ সালেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ৫৪টি ছক্কা মেরে শীর্ষে ছিলেন অভিষেক নিজেই। অর্থাৎ টানা দু’বছর এই ক্যাটাগরিতে সকলের ওপরে রইলেন তিনি। চলতি বছরে অভিষেকের সামনে আরও অন্তত ছয়টি ম্যাচ বাকি রয়েছে, ফলে তাঁর এই ছক্কার সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।
সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার সার্বিক রেকর্ডটি অস্ট্রিয়ার কর্ণবীর সিংহের দখলে। তিনি ২০২৫ সালে মোট ১২২টি ছক্কা মেরেছিলেন, তবে সেই ম্যাচগুলি ছিল আইসিসির সহযোগী সদস্য দেশগুলির বিরুদ্ধে। তা সত্ত্বেও, পূর্ণ সদস্য দেশগুলির ক্রিকেটারদের মধ্যে অভিষেকের ধারের কাছেও কেউ নেই।
এদিকে রেকর্ড গড়ার দিনে হায়দরাবাদে নিজের স্বাভাবিক ছন্দে ব্যাট করতে পারেননি অভিষেক। পাওয়ার প্লে-তে পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় তিনি মানিয়ে নিতে পারেননি। শেষ পর্যন্ত ২৪ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯ রান করে আউট হন এই ভারতীয় ওপেনার।

