মায়েরা কি কখনও মিথ্যা বলেন? কাউকে ঠকানোর উদ্দেশ্যে নয়, সন্তানের মুখে হাসি ফোটাতে বা তাকে ভালো রাখতে মাঝেমাঝে তাঁদেরও মিথ্যা বলতে হয়। বিশেষ করে নিজের শারীরিক অবস্থা বা খাওয়া-দাওয়া নিয়ে মায়েদের এই সাদা মিথ্যার মুখোমুখি হননি, এমন সন্তান খুঁজে পাওয়া ভার। সন্তান যখন জানতে চায়, ‘‘মা, তুমি কেমন আছো?’’ তখন শরীর খারাপ থাকলেও হাসিমুখে মা বলেন, ‘‘ভালো আছি!’’ কিংবা নিজে অভুক্ত থেকেও সন্তানকে ঠিকমতো খাওয়ানোর জন্য বলেন, ‘‘আমি খেয়ে নিয়েছি।’’
মায়ের এই ছোট্ট ছোট্ট মিথ্যাগুলি সন্তানকে অনেক অপ্রিয় পরিস্থিতি ও কষ্ট থেকে দূরে রাখে। জগতের সব মায়ের এই নিঃস্বার্থ আত্মত্যাগ ও ভালোবাসার প্রকাশ ঘটাতেই ২০২৬ সালের দুর্গাপুজোয় এক অনন্য ভাবনা নিয়ে এসেছে পূর্বাচল সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এ বছরের তাদের পুজোর থিমের নাম রাখা হয়েছে— ‘মায়েরা মিথ্যা বলে’। উদ্যোক্তাদের মতে, পরম সত্যের চেয়েও মায়েদের এই ছোট মিথ্যাগুলি অনেক বেশি আবেগঘন ও সত্য।
পরিবর্তনের এই বাংলায় মণ্ডপ ও প্রতিমাশিল্পে থাকছে এক বিশেষ যুগলবন্দী। সনাতনী মায়ের প্রতিরূপ গড়ে তুলছেন পদ্মশ্রী প্রাপ্ত শিল্পী সনাতন রুদ্র পাল। অন্যদিকে, সন্তানকে ভালো রাখতে মায়েদের বলা সেই ছোট ছোট মিথ্যার কোলাজ ও দৃশ্যপট ফুটিয়ে তুলছেন শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়। এই দুই শিল্পীর ভাবনায় তৈরি এবারের এই পুজো প্রতিটি মা, মেয়ে ও সন্তানকে ভাবনার অতলে পৌঁছে দেবে বলেই আশা করছে পুজো কমিটি।

