সেন্সর বোর্ডের নতুন সদস্য হলেন প্রসেনজিৎ ও রূপালি, তালিকায় পঙ্কজ-প্রীতিরাও

সেন্সর বোর্ডের নতুন সদস্য হলেন প্রসেনজিৎ ও রূপালি, তালিকায় পঙ্কজ-প্রীতিরাও

কেন্দ্রীয় ‘সেন্সর বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন’ বা সিবিএফসি (CBFC)-র নতুন সদস্য হিসাবে মনোনীত হলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রকাশিত ১৮ সদস্যের নতুন কমিটিতে তাঁর নাম রয়েছে। দীর্ঘ ২০১৭ সালের পর চলতি বছরে পুনর্গঠিত হলো এই সেন্সর বোর্ড।

কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে শেষবার ১২ জন সদস্যকে নিয়ে সিবিএফসি গঠিত হয়েছিল। সময়ের সঙ্গে বহু সদস্যের মেয়াদ শেষ হওয়ায় পুনর্গঠন প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই বিচারাধীন ছিল। নতুন প্যানেলে একাধিক নতুন মুখ অন্তর্ভুক্ত হলেও বোর্ডের কাজের নিয়মকানুন এবং দায়িত্ব অপরিবর্তিত থাকছে।

তারকায় খচিত নতুন প্যানেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও এই ১৮ সদস্যের তালিকায় বাংলার আরও এক পরিচিত মুখ, হিন্দি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় স্থান পেয়েছেন। বোর্ডের অন্যান্য বিশিষ্ট সদস্যদের মধ্যে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, প্রীতি জ়িন্টা, সুনীল শেট্টী, মনোজ জোশী, পল্লবী জোশী, সুপ্রিয়া ইয়রালগড্ডা, নিশিগন্ধা ওয়াড এবং প্রখ্যাত পরিচালক প্রিয়দর্শন।

এছাড়াও এই কমিটিতে যুক্ত হয়েছেন সাংসদ তথা গায়ক হংসরাজ হংস, সুরকার রিকি কেজ, প্রযোজক-পরিচালক নীল মাধব পণ্ডা, নাট্যপরিচালক বামন কেন্দ্রে এবং লেখক রমেশ পতঙ্গে। এখন থেকে বড়পর্দায় কী ধরনের দৃশ্য বা বিষয়বস্তু প্রদর্শিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকবে এই ১৮ জনের ওপর।

দায়িত্ব নিয়ে কী বললেন প্রসেনজিৎ? খবরটি প্রকাশ্যে আসার পর ‘আনন্দবাজার ডট কম’-এর সঙ্গে কথা বলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “একটি চিত্রনাট্য শুনতে শুনতে খবরটি পেলাম। ৪০ বছরের বেশি সময় ধরে বাংলা ছবিতে কাজ করছি। তাই এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এমন সম্মাননীয় স্থানে থেকে পুরো বাংলা ইন্ডাস্ট্রির জন্য দায়িত্ব পালন করার সাধ্যমতো চেষ্টা করব।”

ওটিটি নজরদারি নিয়ে নতুন জল্পনা চলচ্চিত্র সার্টিফিকেশনের পাশাপাশি ওটিটি (OTT) প্ল্যাটফর্মের বিষয়বস্তু নজরদারি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত ওটিটি-র বিষয়বস্তুতে তথাকথিত ‘সাংস্কৃতিক দূষণ’ রোধের প্রয়োজনীয়তার কথা এর আগেই তুলে ধরেছিলেন। সেই প্রেক্ষাপটে সম্প্রতি একটি বিশেষ প্যানেল গঠিত হয়েছে, যেখানে শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত কয়েক জন প্রাক্তন উপাচার্য এবং সঙ্ঘের প্রচারকরা রয়েছেন। ওটিটি সংক্রান্ত একটি প্রস্তাব তৈরি করে তা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে পাঠানোর পরিকল্পনা রয়েছে ওই প্যানেলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.