‘ডব্লিউসিএল’ থেকে নাম প্রত্যাহার পাকিস্তানের, পিসিবি প্রধান নকভির দুই শর্ত প্রত্যাখ্যান ভারতের

‘ডব্লিউসিএল’ থেকে নাম প্রত্যাহার পাকিস্তানের, পিসিবি প্রধান নকভির দুই শর্ত প্রত্যাখ্যান ভারতের

‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (WCL) প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে গঠিত দল ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভির দেওয়া দুটি শর্ত ভারত প্রত্যাখ্যান করায়, তিনি দলকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনাপত্তি শংসাপত্র (NOC) দেননি।

পিসিবি সূত্রে জানা গেছে, পিসিবি চেয়ারম্যান প্রাথমিক অনিচ্ছা সত্ত্বেও পাকিস্তানকে অংশগ্রহণের অনুমতি দেওয়ার ক্ষেত্রে দুটি শর্ত আরোপ করেছিলেন: ১. প্রতিযোগিতায় ভারতীয় ক্রিকেটারদের অবশ্যই পাকিস্তানি ক্রিকেটারদের সাথে করমর্দন (Handshake) করতে হবে। ২. বিগত সংস্করণের ঘটনার জন্য ভারতীয় দলকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে।

ভারত সরকারের অবস্থান ও দলের নীতি অনুযায়ী ভারতীয় পক্ষ এই দাবি মানতে অস্বীকার করে। এরপর পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের মালিক কামিল খান পিসিবি চেয়ারম্যানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও নকভি নিজের অবস্থানে অনড় থাকেন। বোর্ডের অনাপত্তি শংসাপত্র না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানালেও আক্ষেপ প্রকাশ করে জানায়, এর ফলে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এক বড় আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ থেকে বঞ্চিত হলেন।

ঘটনার প্রেক্ষাপট: উল্লেখ্য, গত বছর পাহেলগাঁও সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে যুবরাজ সিংহের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স’ পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে অস্বীকার করেছিল। পরবর্তীতে সেমিফাইনাল পর্বেও পাকিস্তানের মুখোমুখি না হওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। ফলস্বরূপ পাকিস্তান সরাসরি ফাইনালে উঠলেও দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়ে রানার্স-আপ হয়।

পাহেলগাঁও হামলার ঘটনার পর থেকে আন্তর্জাতিক ও প্রদর্শনী ক্রিকেটে দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের ম্যাচ শেষে করমর্দন না করার নীতি দেখা গেছে। নকভি সেই অবস্থান পরিবর্তন ও গতবারের ঘটনার জন্য লিখিত ক্ষমার দাবি জানালেও ভারত তা প্রত্যাখান করায় শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ল পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.