ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেলেও এখনও নিয়মিত একাদশে জায়গা মিলছে না ১৫ বছর বয়সি তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর। তবে ম্যাচের একাদশে অনিয়মিত হলেও সাজঘরে শ্রেয়স আয়ার ও অভিষেক শর্মার মতো দলের সিনিয়র ক্রিকেটারদের মন ইতিমধ্যেই জয় করে নিয়েছে এই উদীয়মান ক্রিকেট প্রতিভা।
এশিয়ান গেমসে সোনা জয়ের পর সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈভবের প্রশংসায় পঞ্চমুখ হন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক শ্রেয়স আয়ার। বৈভবের সঙ্গে সাজঘরের অভিজ্ঞতা ও কথোপকথন প্রসঙ্গে শ্রেয়স বলেন, “বৈভবের ক্রিকেটীয় প্রতিভার কথা এখন সবাই জানে। ও কী করতে পারে তার প্রমাণ বহুবার মিলেছে। মাঠের বাইরে ও অত্যন্ত শান্ত স্বভাবের, তবে মাঠে নেমে ওর ব্যাটিং মানসিকতা সম্পূর্ণ বিধ্বংসী।”
নিয়মিত একাদশে সুযোগ না পাওয়ার বিষয়ে অধিনায়ক স্পষ্ট জানান, “বৈভবের সময় অবশ্যই আসবে। আমাদের এখন যে ওপেনিং জুটি খেলছে, তারা বিশ্বকাপজয়ী এবং প্রথম একাদশে তাদের জায়গা প্রাপ্য। বৈভবের বয়স মাত্র ১৫ বছর। সময় এলে ও নিশ্চিতভাবেই ভারতীয় ক্রিকেটে নিজের আধিপত্য বিস্তার করবে।”
দলের অপর নিয়মিত সদস্য ২৬ বছর বয়সি ব্যাটার অভিষেক শর্মাও তরুণ এই সতীর্থকে নিয়ে সমান উচ্ছ্বসিত। অভিষেক বলেন, “১৫ বছর বয়সেই ও গত দুই-তিন বছর ধরে শীর্ষমানের ক্রিকেট খেলছে। সাধারণ আর পাঁচটা ১৫ বছরের কিশোরের সঙ্গে বৈভবকে মেলানো যাবে না। অনুশীলনে কোথায়, কখন এবং কতটা শ্রম দিতে হবে— তা ও খুব ভালোভাবেই জানে।”
সিনিয়ররা জানান, বয়সে অনেকটাই ছোট হওয়ার কারণে বৈভব শুরুতেই দলীয় পরিবেশে কিছুটা গুটিয়ে থাকত। তবে ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা ‘বড় দাদা’ হিসেবে ওকে সবসময় স্বচ্ছন্দ ও আত্মবিশ্বাসী রাখার চেষ্টা করছেন। আপাতত বৈভবকে কোনো বাড়তি চাপ না দিয়ে নিজেদের মতো করে খেলায় মনোনিবেশ করার ও আন্তর্জাতিক ক্রিকেটের পরিবেশ উপভোগ করার পরামর্শ দিচ্ছেন ভারতীয় দলের সিনিয়ররা।

