শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজকে সামনে রেখে টি-টোয়েন্টি ও এক দিনের (ODI) স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। জল্পনা সত্যি করে ২০ ওভারের ফরম্যাটে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সলমন আলি আঘাকে। শুধু নেতৃত্বই নয়, টি-টোয়েন্টি দল থেকেই বাদ পড়েছেন সলমন। একই সঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াডে স্থান পাননি দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বিস্ফোরক ওপেনার সাহিবজাদা ফারহানের কাঁধে। সম্প্রতি এশিয়ান গেমসে তাঁর নেতৃত্বেই জাপানের মাটিতে রুপো জয় করেছিল পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন ফারহান। তাঁর সাম্প্রতিক ধারাবাহিক পারফরম্যান্সের ওপর আস্থা রেখেই নির্বাচকেরা তাঁকে দলের দায়িত্ব সঁপেছেন। যদিও এক দিনের দলে রাখা হয়নি ফারহানকে।
টি-টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলা হলেও বাবর আজম, শাহিন আফ্রিদি এবং সলমন আলি আঘাকে এক দিনের দলে রাখা হয়েছে। পিসিবি সূত্রে খবর, ক্ষুদ্রতম ফরম্যাটে এই তিন সিনিয়র ক্রিকেটারের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট নন নির্বাচকেরা। অন্যদিকে, টি-টোয়েন্টি দলে অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খানের নেতৃত্বের বিষয়ে আলোচনা হলেও ধারাবাহিকতার অভাব থাকায় তরুণ ফারহানকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল:
সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, মুহাম্মদ ইমরান রণধাওয়া, খাওয়াজা নাফায় (উইকেটরক্ষক), মাজ সাদাকত, নাসিম শাহ, রেজাউল্লাহ, সাইম আইয়ুব, মহম্মদ সলমন মির্জা, শাদাব খান এবং সুফিয়ান মুকিম।
পাকিস্তানের এক দিনের দল:
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সলমন আলি আঘা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মুহাম্মদ ঘাজি ঘোরি (উইকেটরক্ষক), হারিস রউফ, হাসান নওয়াজ, নাসিম শাহ, রেজাউল্লাহ, সাদ বেইগ (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাদাব খান এবং সুফিয়ান মুকিম।

