কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব খতিয়ে দেখছে রাজ্য সরকার গঠিত নামকরণ কমিটি। প্রস্তাবের তালিকায় রয়েছে লেনিন সরণি, বিশ্ব বাংলা সরণি এবং স্ট্র্যান্ড রোডের মতো পরিচিত রাস্তা। শুধু রাস্তা নয়, কলকাতা মেট্রোর কয়েকটি স্টেশনের নাম পরিবর্তনের বিষয়েও উদ্যোগী হয়েছে কমিটি। এ জন্য মেট্রো কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকার রাস্তার নামকরণ ও নাম পরিবর্তনের জন্য দু’মাস আগে কমিটি গঠন করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের নেতৃত্বাধীন ওই কমিটি শুক্রবার কলকাতা পুরসভায় বৈঠকে বসে। সেখানে কলকাতা ও সংলগ্ন এলাকার একাধিক রাস্তার নাম পরিবর্তন এবং নতুন নামকরণ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিশ্ব বাংলা সরণি, লেনিন সরণি এবং স্ট্র্যান্ড রোডের নাম বদলের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে বেশ কয়েকটি প্রস্তাব জমা পড়েছে কমিটির কাছে। বিশ্ব বাংলা সরণির নাম পরিবর্তন করে ‘সত্যেন বোস সরণি’ রাখার প্রস্তাব এসেছে। অন্য দিকে, স্ট্র্যান্ড রোডের নাম বদলে ‘সম্রাট শশাঙ্ক সরণি’ করার আলোচনা অনেকটাই এগিয়েছে।
লেনিন সরণির নাম পরিবর্তন প্রসঙ্গে বৈঠকের পর কমিটির অন্যতম সদস্য তথাগত রায় বলেন, “লেনিনের সৃষ্ট যে রাষ্ট্র, সেটাই তো নেই। অতএব কাউকে কোনও দুঃখ দেওয়ার কোনও প্রশ্ন নেই।” পাশাপাশি হো চি মিন সরণির নাম পরিবর্তন নিয়েও চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি।
কমিটির প্রধান কার্তিক মহারাজ জানিয়েছেন, আরও ২৪টি রাস্তার নাম পরিবর্তন বা নামকরণের প্রস্তাব জমা পড়েছে। তাঁর কথায়, “আরও ২৪টি (রাস্তার) নাম নিয়ে প্রস্তাব এসেছে। সেগুলি আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এ বার কলকাতা মেট্রোর কয়েকটি স্টেশনের নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করছে কমিটি। তাদের মতে, কিছু স্টেশনের নাম নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। সেই সমস্যা দূর করতে সংশ্লিষ্ট এলাকার নাম অনুসারে স্টেশনগুলির নামকরণের পক্ষে সওয়াল করছে কমিটি। এ বিষয়ে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।
তবে স্টেশনের নামকরণের ক্ষেত্রে নিজেদের কোনও ভূমিকা নেই বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, কোনও স্টেশনের নাম কী হবে, সেই প্রস্তাব রাজ্য সরকারের তরফে পাঠানো হয়। পরে রেল বোর্ড রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। শুক্রবারের বৈঠক প্রসঙ্গে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক পূর্ণচন্দ্র দাস বলেন, “আমাদের কাছে এখনও এই বিষয়ে কোনও খবর নেই।”
শুক্রবারের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার পুরকমিশনার স্মিতা পাণ্ডেও। তিনিও নামকরণ কমিটির সদস্য। আগামী ৯ ডিসেম্বর ফের বৈঠকে বসবে রাজ্য সরকারের গঠিত এই কমিটি। সেখানে রাস্তা ও মেট্রো স্টেশনের নামকরণ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আরও বিস্তারিত আলোচনা হওয়ার কথা।

