বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ স্পিকার রথীন্দ্র বসুর ৩ জুনের সিদ্ধান্ত বাতিল করে জানিয়ে দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকে। একই সঙ্গে বিরোধী দলের মুখ্যসচেতক হিসেবে আখরুজ্জামানকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তও খারিজ করেছে আদালত। ফলে আপাতত রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতার পদ শূন্য থাকছে। রায় ঘোষণার সময় স্পিকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও করেছে আদালত।
গত ৩ জুন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু ঋতব্রতকে বিরোধী দলনেতা এবং আখরুজ্জামানকে বিরোধী দলের মুখ্যসচেতক হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। প্রথমে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। পরে মামলাটি একক বেঞ্চে পাঠানো হয়। শুক্রবার সেই মামলাতেই রায় দেন বিচারপতি কৃষ্ণ রাও। শোভনদেবের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, ঋতব্রতের হয়ে উপস্থিত ছিলেন আইনজীবী জয়দীপ কর।
রায় ঘোষণার সময় স্পিকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন বিচারপতি রাও। তাঁর পর্যবেক্ষণ, বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে স্পিকার নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি। একটি পক্ষকে বার বার বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হলেও অন্য পক্ষকে সেই সুযোগ দেওয়া হয়নি। বিচারপতির কথায়, ‘‘স্পিকার যখন ৫৮ জন বিধায়ককে বক্তব্য জানানোর সুযোগ দিয়েছিলেন, তখন শোভনদেব চট্টোপাধ্যায় এবং তৃণমূলের অন্য প্রতিনিধিদেরও সেই সুযোগ দেওয়া উচিত ছিল।’’
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে বিচারপতি জানান, স্পিকার ওই আবেদনের বিষয়ে কোনও সিদ্ধান্ত জানাননি। অথচ, গত ৩ জুন ৫৮ জন বিধায়কের আবেদন জমা পড়ার দিনই বিরোধী দলনেতা ও মুখ্যসচেতক নির্বাচন চূড়ান্ত করে দেওয়া হয়। আদালতের মতে, এত দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ফলে গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ১ জুন দলের অন্দরে বিদ্রোহ ঘোষণার অভিযোগে ঋতব্রত এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করেছিল তৃণমূল। সেই ঘটনার প্রসঙ্গ টেনে বিচারপতি বলেন, এই বিষয়টি জানা থাকা সত্ত্বেও মাত্র দু’দিনের মাথায়, ৩ জুন ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আদালতের মতে, এই সিদ্ধান্তও প্রশ্নের ঊর্ধ্বে নয়।
বিচারপতি রাওয়ের আরও পর্যবেক্ষণ, রাজনৈতিক দল এবং পরিষদীয় দলকে এক করে দেখা যায় না। সুপ্রিম কোর্টের সুভাষ দেশাই মামলার নির্দেশের উল্লেখ করে তিনি বলেন, কোনও রাজনৈতিক দলের নেতা বা মুখ্যসচেতককে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দলের অনুমোদন এবং গঠনতন্ত্র বিবেচনা করা প্রয়োজন।
বিচারপতির বক্তব্য, ‘‘৫৮ জন বিধায়ক আলাদা করে আবেদন করলেই তাঁদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যায় না। রাজনৈতিক দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন ছিল।’’
তাঁর আরও পর্যবেক্ষণ, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয় থাকলে শুধু ৫৮ জন বিধায়কের বক্তব্য শুনলেই চলত না। তৃণমূলের ৮০ জন বিধায়ককে ডেকে তাঁদের অবস্থান যাচাই করা উচিত ছিল। বিধানসভার কোরাম বা ১০ শতাংশ সদস্যের উপস্থিতির নিয়ম দেখিয়ে কোনও একটি গোষ্ঠীকে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দেওয়ার যুক্তিও গ্রহণ করেনি আদালত। বিচারপতির মতে, শুধু বিধায়কের সংখ্যা নয়, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পরিচয় ও গঠনতন্ত্রও বিবেচনায় রাখা জরুরি।
এই সমস্ত প্রক্রিয়া অনুসরণ না করেই স্পিকার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মনে করেছে আদালত। সেই কারণেই ৩ জুনের সিদ্ধান্ত খারিজ করে আগামী ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও।
রায় নিয়ে কী বললেন শোভনদেব ও ঋতব্রত?
হাই কোর্টের রায়কে স্বাগত জানিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘যা হয়েছে, তা হওয়া উচিত হয়নি। মমতার বাড়িতেই তো বিরোধী দলনেতা বাছাই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানে তো ওঁরাও (ঋতব্রত শিবিরের বিধায়কেরা) ছিলেন। এটা তো স্পষ্ট যে, যা হয়েছে, তা রাজ্যের শাসকদলের অঙ্গুলিহেলনে হয়েছে। এই বিষয়ে যা বলার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতবাবু বলে দিয়েছেন। আমার আর কিছু বলার নেই।’’
অন্য দিকে, আদালতের নির্দেশে অস্বাভাবিক কিছু দেখছেন না ঋতব্রত। তাঁর বক্তব্য, ‘‘স্পিকার আমাদের যখনই ডাকবেন, আমরা যাব। আমরা আমাদের সমর্থনে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে তাঁর সামনে হাজির হব।’’
এই পরিস্থিতিতে কালীঘাট শিবিরকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বর্তমানে তৃণমূলের দু’টি পৃথক গোষ্ঠী রয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘এখন তো দুটো তৃণমূল। আমি যতটুকু জানি গণতান্ত্রিক তৃণমূলে (ঋতব্রতদের তৃণমূল) বিধায়ক সংখ্যা বেশি। যাদের পক্ষে বিধায়কসংখ্যা বেশি, তাদের কাউকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত স্পিকারের। যা হয়েছে, সেটা পিসি-ভাইপোর বিরুদ্ধেই গিয়েছে।’’
কীভাবে শুরু হয়েছিল আইনি লড়াই?
এ বারের বিধানসভা নির্বাচনে ৮০টি আসনে জয় পেয়েছিল তৃণমূল। সেই হিসেবে রাজ্যের প্রধান বিরোধী দল হওয়ার দাবিদার তারাই। দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম চূড়ান্ত করেছিলেন। সেই সিদ্ধান্তের কথা জানিয়ে গত ৯ মে বিধানসভার স্পিকারকে চিঠি পাঠিয়েছিল তৃণমূল। কিন্তু অভিযোগ, সেই চিঠির ভিত্তিতে কোনও পদক্ষেপ করেননি স্পিকার। অন্য দিকে, ঋতব্রতদের গোষ্ঠীর ৫৮ জন বিধায়কের আবেদনের দিনই বিরোধী দলনেতা ও মুখ্যসচেতক নির্বাচন চূড়ান্ত করে দেওয়া হয়। এর পরেই আইনি লড়াই শুরু হয়।
মামলার শুনানিতে স্পিকারের হয়ে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য ঘটনাক্রম ব্যাখ্যা করেছিলেন। রাজ্যের বক্তব্য ছিল, ১৫ মে স্পিকার দায়িত্ব গ্রহণ করেন। তার আগে স্পিকার নিযুক্ত না হওয়ায় এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না। স্পিকারকে পাশ কাটিয়ে বিরোধী দলনেতা নির্বাচন করা যায় না বলেও আদালতে জানানো হয়।
রাজ্যের তরফে আরও বলা হয়েছিল, ১৯ থেকে ২৪ মে কলকাতার বাইরে ছিলেন স্পিকার। ১৯ মে তৃণমূলের তরফে ৬ মে স্বাক্ষরিত একটি রেজ়োলিউশন পাঠানো হয়েছিল। পরে বিরোধী পক্ষের অভিযোগ তাঁর কাছে পৌঁছয়। এর পর এফআইআর দায়ের হয়। তবে রাজ্যের এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি আদালত।
উল্লেখ্য, এই মামলার শুনানি চলাকালীন গত ১৬ নভেম্বর স্পিকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি রাও। বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সংবিধান এবং চিঠি পাওয়ার পর বৈঠকে গৃহীত সিদ্ধান্তের রেজ়োলিউশন চাওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন ওঠে। সেই সময় বিচারপতির বক্তব্যগুলি ছিল পর্যবেক্ষণ, চূড়ান্ত রায় নয়। তবে শুক্রবারের রায়ে সেই পর্যবেক্ষণের একাধিক প্রতিফলন দেখা গিয়েছে বলে মনে করছেন আইন ও রাজনৈতিক মহলের একাংশ।
ফলে হাই কোর্টের এই নির্দেশের পর বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে নতুন করে রাজনৈতিক ও সাংবিধানিক টানাপড়েন শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে স্পিকার কী সিদ্ধান্ত নেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

