ডিসেম্বরের মুখে বাংলাদেশে অশান্তি অব্যাহত। বৃহস্পতিবার রাতেও রাজধানী ঢাকার দু’টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একটি ঘটনা ঘটেছে পল্লবীতে, অন্যটি বাড্ডা এলাকায়। পাশাপাশি ঢাকা ও কুষ্টিয়ায় বোমাবাজির খবরও পাওয়া গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের অন্তত ৩৩৮ জন নেতা-কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে।
আওয়ামী লীগের দীর্ঘদিনের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় কয়েক দিন আগেই উত্তেজনা ছড়িয়েছিল। সেখানে থানা এবং বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অস্ত্র নিয়ে মিছিলের খবরও সামনে এসেছে। পরিস্থিতি সামাল দিতে আগেই গোপালগঞ্জে রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এ বার বৃহস্পতিবার থেকে ওই জেলায় মোবাইল ব্যাঙ্কিং পরিষেবাতেও বিঘ্ন ঘটতে শুরু করেছে। ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, গোপালগঞ্জের অধিকাংশ গ্রাহকের মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।
কেন শুধুমাত্র গোপালগঞ্জে এই পরিষেবা ব্যাহত করা হয়েছে, সে বিষয়ে বাংলাদেশ সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ। ব্যাঙ্কিং সংস্থার আধিকারিকদের সূত্র উদ্ধৃত করে ‘প্রথম আলো’ জানিয়েছে, সরকারি নির্দেশেই মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে ঢাকা-সহ দেশের অন্যান্য জেলার তুলনায় গোপালগঞ্জে ‘অস্বাভাবিক মাত্রায়’ আর্থিক লেনদেন হয়েছে। সেই কারণেই সাময়িক ভাবে সেখানে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের একাধিক আধিকারিক ‘প্রথম আলো’কে জানিয়েছেন, বিভিন্ন জেলা থেকে গ্রেফতারি এড়াতে অনেকে গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন। তাঁদের কাছে মোবাইলের মাধ্যমে টাকা পাঠানোর বিষয়ে গোয়েন্দা তথ্যও পুলিশের হাতে রয়েছে। যদিও ওই আধিকারিকেরা সরাসরি আওয়ামী লীগের নাম উল্লেখ করেননি।
এ দিকে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেফতার করতে গোটা বাংলাদেশ জুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শেখ হাসিনার দলের অন্তত ৩৩৮ জন নেতা-কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে শুধু ঢাকা থেকেই ধরা পড়েছেন ৫০ জন। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাসিনার প্রাক্তন উপ-প্রেসসচিব কেএম শাখাওয়াত মুন, মাদারীপুরের প্রাক্তন জেলাশাসক ইলিয়াস হোসেন এবং দু’বছর আগে নিউ টাউনে খুন হওয়া আওয়ামী লীগ সাংসদ আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফিরদৌস ডরিন।
অন্য দিকে, বৃহস্পতিবার গভীর রাতেও ঢাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পল্লবীতে একটি চলন্ত বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও সেই সময়ে বাসে কোনও যাত্রী ছিলেন না। বাড্ডা এলাকায় আর একটি বাসের পিছনের অংশে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুন লাগার পরেই চালক দ্রুত বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন।
‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, ঢাকা ও কুষ্টিয়াতেও বোমাবাজির ঘটনা ঘটেছে। চট্টগ্রাম-সহ বাংলাদেশের ছ’টি জায়গায় পুলিশ কিয়স্কে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা ও গোপালগঞ্জ-সহ সাতটি জেলায় পুলিশের পাশাপাশি ১০৯ প্ল্যাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

