আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে আইনি চিঠি পাঠাতে পারেন মেসি, নাম ও ছবি বাণিজ্যিক ব্যবহারে আপত্তি

আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে আইনি চিঠি পাঠাতে পারেন মেসি, নাম ও ছবি বাণিজ্যিক ব্যবহারে আপত্তি

দীর্ঘ দুই দশক ধরে আর্জেন্টিনা ফুটবলের অন্যতম প্রধান মুখ লিয়োনেল মেসি। তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে আর্জেন্টিনার ফুটবলকে বাণিজ্যিক ভাবে পরিচিত ও লাভজনক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সে দেশের ফুটবল সংস্থা। তবে এ বার সেই সম্পর্কেই ছেদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নিজের নাম, ছবি ও ভাবমূর্তি বাণিজ্যিক কাজে ব্যবহার বন্ধ করতে আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে আইনি চিঠি পাঠাতে পারেন মেসি।

আর্জেন্টিনার সংবাদপত্র ‘ক্লারিন’-এর প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই নিজের আইনজীবীদের এ বিষয়ে একটি আইনি চিঠি তৈরির নির্দেশ দিয়েছেন মেসি। ওই চিঠিতে স্পষ্ট করে জানানো হতে পারে, তাঁর নাম, ছবি, ভাবমূর্তি কিংবা কোনও দৃশ্যশ্রাব্য উপাদান ব্যবহার করে বাণিজ্যিক ভাবে অর্থ উপার্জন করতে পারবে না আর্জেন্টিনা ফুটবল সংস্থা। অর্থাৎ, মেসির ছবি বা পরিচিতি ব্যবহার করে কোনও ম্যাচ কিংবা প্রচারমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আয় করার সুযোগ আর দিতে চান না তিনি।

গত ২০ বছর ধরে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে যুক্ত মেসি। ২০২২ সালে তাঁর নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ফুটবলমহলে আর্জেন্টিনার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে আর্জেন্টিনা ফুটবলকে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয় সে দেশের ফুটবল সংস্থা। চিন, মধ্যপ্রাচ্য এবং আমেরিকার মতো বড় বাজারে এই প্রচারের বিশেষ গুরুত্ব রয়েছে। মেসির বিশ্বজোড়া জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই বাণিজ্যিক ক্ষেত্রে লাভের মুখ দেখার চেষ্টা করেছে সংস্থা।

তবে সম্প্রতি ফুটবল থেকে অবসর নেওয়ার পর নিজের নাম ও ছবির স্বত্ব সুরক্ষিত রাখার বিষয়ে উদ্যোগী হয়েছেন মেসি। তাঁর নিজস্ব সংস্থাও রয়েছে। ফলে আইনি চিঠি পাঠানোর পরেও আর্জেন্টিনা ফুটবল সংস্থা যদি তাঁর নাম বা ছবি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে, তা হলে আইনি পদক্ষেপের মুখে পড়তে হতে পারে।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মেসি কিংবা আর্জেন্টিনা ফুটবল সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও মন্তব্য করা হয়নি। ফলে আইনি চিঠি পাঠানোর বিষয়টি নিয়ে আপাতত জল্পনা অব্যাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.