দেশ জুড়ে ৭২ কোটি টাকার সাইবার প্রতারণায় যুক্ত সাত মাথা গ্রেফতার, ‘হটস্পট’ বাঁকুড়া! উদ্ধার বিপুল সরঞ্জাম

দেশ জুড়ে ৭২ কোটি টাকার সাইবার প্রতারণায় যুক্ত সাত মাথা গ্রেফতার, ‘হটস্পট’ বাঁকুড়া! উদ্ধার বিপুল সরঞ্জাম

দেশজোড়া সাইবার অপরাধ চক্রের ৭২ কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত সাত অভিযুক্তকে গ্রেফতার করেছে বাঁকুড়া জেলা পুলিশ। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ব্যাঙ্কের পাসবই, মোবাইল, ট্যাব, ইউপিআই স্ক্যানার, স্ট্যাম্প এবং একাধিক পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি সাইবার অপরাধ পোর্টালের তদন্তকারীরা বাঁকুড়া জেলাকে সাইবার অপরাধের ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত করেছিলেন। দেশের বিভিন্ন প্রান্তের কোটি কোটি টাকার প্রতারণার অর্থ বাঁকুড়ার বিভিন্ন জায়গায় জমা হতো এবং সেখান থেকেই আর্থিক লেনদেন চলত বলে জানতে পারেন তদন্তকারীরা। এই বিষয়ে বাঁকুড়া জেলা পুলিশকে সতর্ক করার পরই তৎপর হয় প্রশাসন।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে এই অপরাধ চক্রের জাল বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধ এবং হিড়বাঁধ ব্লকে বিস্তৃত রয়েছে। এরপর অভিযান চালিয়ে রানিবাঁধ ব্লকের বিভিন্ন গ্রাম থেকে চার জন, হিড়বাঁধ ব্লক থেকে দু’জন এবং ওড়িশার বালেশ্বর থেকে এক জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের হেফাজত থেকে ৩৪টি পাসবই, ১৩টি এটিএম কার্ড, ৯টি চেকবুক, একাধিক পরিচয়পত্র, ৮টি মোবাইল, একটি ট্যাব, ৪২টি সিম কার্ড, ৩টি ইউপিআই স্ক্যানার এবং ১৫টি ফ্ল্যাশ স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। প্রতারণার অর্থ লেনদেনের জন্যই এই বিপুল আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তেরা এই পরিচয়পত্রগুলি ব্যবহার করে বিভিন্ন ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট খুলেছিলেন। বাঁকুড়ার পুলিশ সুপার পিভিজি সতীশ জানান, কেন্দ্রীয় তদন্তকারীদের কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর এই চক্রের খোঁজে তল্লাশি শুরু হয় এবং এখনও পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। সাইবার প্রতারণার কার্যপদ্ধতি বোঝার পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.